শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দক্ষ বিদেশি কর্মীদের জন্য সুখবর, কানাডায় পিআরের নতুন সুযোগ

দক্ষ বিদেশি কর্মীদের জন্য সুখবর, কানাডায় পিআরের নতুন সুযোগ

কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশটির গ্রামীণ ও ছোট শহরকেন্দ্রিক অভিবাসন কর্মসূচি ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) পরীক্ষামূলক পর্যায় থেকে স্থায়ী কর্মসূচিতে পরিণত হচ্ছে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।এই কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ বিদেশি কর্মীকে স্থায়ীভাবে বসবাসের (পিআর) সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়েছে কানাডা সরকার। মূলত বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ এলাকায় দক্ষ কর্মী নিয়োগ এবং স্থানীয় শ্রমিকের ঘাটতি পূরণ করাই এ উদ্যোগের উদ্দেশ্য।কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, এই কর্মসূচির আওতায় নির্ধারিত এলাকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে। আর যোগ্য বিদেশি কর্মীরা এসব এলাকায় চাকরির প্রস্তাব পেলে কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ পাবেন। যেসব এলাকায় কাজের সুযোগ নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আগের পরীক্ষামূলক প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও রয়েছে। এসব এলাকায় অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে যোগ্য বিদেশি কর্মীরা কর্মসূচিটির আওতায় আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যেসব যোগ্যতা লাগবে এ কর্মসূচিতে আবেদন করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে। এ ছাড়া আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। ভাষাগত দক্ষতার শর্ত চাকরির ধরন অনুযায়ী আলাদা। যেমন— - টিইইআর ০ ও ১ পর্যায়ের ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য সিএলবি ৬। - টিইইআর ২ ও ৩ পর্যায়ের চাকরির জন্য সিএলবি ৫। - টিইইআর ৪ ও ৫ পর্যায়ের চাকরির জন্য সিএলবি ৪। বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে। যেভাবে আবেদন করবেন এ কর্মসূচিতে আবেদন করতে আগ্রহীদের প্রথমে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। আবেদনের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে— ১. নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে উপযুক্ত চাকরি খুঁজতে হবে। ২. সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে। ৩. নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কমিউনিটির কাছে সুপারিশের আবেদন করবেন। ৪. কমিউনিটির সুপারিশ বা অনুমোদন পাওয়ার পর আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে। তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। চাকরিটিও স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে। ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে পিআরের লক্ষ্য কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বড় শহরের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীদের বসতি গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এ উদ্যোগের উদ্দেশ্য। আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের ‘রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট’ কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০ জনের বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বর্তমান আরসিআইপি পরীক্ষামূলক কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদন পেয়েছেন। এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে। পুরোনো কর্মসূচির আবেদনকারীদের কী হবে? বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এ কর্মসূচির আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চলবে। যাদের কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে। কানাডার এ উদ্যোগে গ্রামীণ ও ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়বে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা ও অভিবাসনের শর্তগুলো যাচাই করে নেওয়া জরুরি।

কানাডার থান্ডার বে’তে ‘ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট’ অনুষ্ঠিত

কানাডার অন্টারিও প্রদেশের থান্ডার বে শহরে অনুষ্ঠিত হয়েছে ট্যাপেস্ট্রি ইন্টারন্যাশনাল উইমেনস নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত ‘ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট’। ‘অ্যান ইভনিং অব এক্সপ্রেশনস’ শীর্ষক এই আয়োজনে প্রায় ২০০ অতিথির উপস্থিতিতে উদ্‌যাপিত হয় বহুসাংস্কৃতিক ঐতিহ্য, সৃজনশীলতা, বন্ধুত্ব ও সম্প্রীতি। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল দক্ষিণ এশীয় ঐতিহ্যভিত্তিক বিশেষ ফ্যাশন শো ‘ওয়ান ফ্যাব্রিক, কাউন্টলেস এক্সপ্রেশনস’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য এবং বিভিন্ন দেশের খাবারের সমাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থান্ডার বের তৎকালীন মেয়র কেন বশকফ এবং পরবর্তী সময়ে নবনির্বাচিত মেয়র মরিন (মো) কোমুজ্জি। এ ছাড়া শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিসহ নানা সাংস্কৃতিক পরিমণ্ডলের অতিথিরা এই আয়োজনে অংশ নেন। সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ দক্ষিণ এশীয় সাংস্কৃতিক ফ্যাশন শো’টির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার, ‘আভরণ – ওয়্যারেবল আর্ট’-এর প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে কাজের অভিজ্ঞতাসম্পন্ন সাবেক পেশাদার মডেল তাসমিয়া এমদাদ। শাড়িকে কেবল একটি ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নয়, বরং নারীর পরিচয়, আবেগ, স্মৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল ভাবনা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার শাড়ির ঐতিহ্য, আঞ্চলিক বৈচিত্র্য এবং নিজস্ব সাজসজ্জা ধরণকে কেন্দ্র করে সাজানো হয় পুরো পরিবেশনা। সংগীত, ফ্যাশন ও গল্পের সমন্বয়ে দর্শকদের সামনে উঠে আসে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়। এই আয়োজনের মূল বার্তা ছিল-শাড়ি শুধু ছয় গজ কাপড় নয়; এর প্রতিটি ভাঁজে জড়িয়ে থাকে প্রজন্মের পর প্রজন্মের গল্প, স্মৃতি, ভালোবাসা ও ঐতিহ্য। কখনো মায়ের কাছ থেকে মেয়ের হাতে তুলে দেওয়া অমূল্য উপহার, কখনো দাদী-নানীর স্মৃতিবিজড়িত শাড়ি, আবার কখনো উৎসব কিংবা বিশেষ জীবনের মুহূর্তের সঙ্গী-শাড়ির সঙ্গে দক্ষিণ এশীয় নারীদের এই আবেগঘন সম্পর্কই ফুটিয়ে তোলা হয় মঞ্চে। পাশাপাশি দেখানো হয় সময়ের সঙ্গে শাড়ির বিবর্তন এবং আধুনিক ফ্যাশনে এর নতুন রূপ। ফ্যাশন শো’র সূচনা হয় জেনিফার আহমেদ নির্ঝরের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘তাঁতি’-এর সঙ্গে এই পরিবেশনায় উঠে আসে শাড়ি বুননের ঐতিহ্য এবং তাঁতশিল্পীদের নিপুণ কারুকাজের প্রতি শ্রদ্ধা। এরপর স্নিগ্ধা দাস ও রোদেলা মা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন প্রজন্ম থেকে প্রজন্মে শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, ভালোবাসা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা। মূল রানওয়ে পর্বে মডেলরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী শাড়ি ও সাজসজ্জার বৈচিত্র্য উপস্থাপন করেন। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতি, বস্ত্রশিল্প ও ঐতিহ্যের স্বতন্ত্র সৌন্দর্য। পরবর্তী পর্বে ছিল আধুনিক ও ফিউশন ফ্যাশনের বিশেষ উপস্থাপনা। সমসাময়িক পোশাকের সঙ্গে শাড়ির সৃজনশীল সমন্বয় দেখিয়ে তুলে ধরা হয় কীভাবে ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেও নতুন প্রজন্মের ফ্যাশনে শাড়ি হয়ে উঠতে পারে আধুনিক ও বহুমাত্রিক। ফ্যাশন শো’র সমাপনী আকর্ষণ হিসেবে রানওয়েতে উপস্থিত হন মিস আর্থ কানাডা ২০১৭ খেতাবজয়ী জ্যাকলিন মার্শ। শো-স্টপার হিসেবে তাঁর আকর্ষণীয় উপস্থিতি ফ্যাশন শো’র সমাপণী পর্বকে করে তোলে বিশেষভাবে স্মরণীয়।সকল মডেলের সম্মিলিত গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয় এই বর্ণিল আয়োজন। ফ্যাশন শো’র পরিচালক তাসমিয়া এমদাদের কাছে এই আয়োজন ছিল ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে সৃজনশীলভাবে তুলে ধরার একটি প্রয়াস। তিনি বলেন, আমার কাছে ফ্যাশন শুধু সুন্দর পোশাক নয়, এটি গল্প বলার একটি শিল্পমাধ্যম। শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আমাদের মা-নানী-দাদীদের স্মৃতি, ভালোবাসা ও শিকড়ের টান। আমি চেয়েছি সেই গল্পগুলো রানওয়েতে তুলে ধরতে এবং দেখাতে, কীভাবে একই ছয় গজ কাপড় বিভিন্ন সংস্কৃতি ও পরিচয়ের অসংখ্য অভিব্যক্তি হয়ে উঠতে পারে। থান্ডার বের মতো একটি বহুসাংস্কৃতিক শহরে সবার ভালোবাসা ও সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবায়িত হওয়া আমার জন্য সত্যিই বিশেষ অনুভূতি। ফ্যাশন শো’টি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্যাপেস্ট্রির নেতৃত্বে থাকা ড. রূপা রক্ষিত এবং ফ্যাশন শো সমন্বয়ক স্নিগ্ধা। পাশাপাশি মডেল, শিল্পী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা আয়োজনটিকে সফল করে তোলে। ট্যাপেস্ট্রি ইন্টারন্যাশনাল উইমেনস নেটওয়ার্ক থান্ডার বেভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্যের উদ্‌যাপন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি গড়ে তোলা। সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা নারীদের নিজেদের পরিচয়, অভিজ্ঞতা ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান ড. রূপা রক্ষিত বলেন, আমাদের ‘অ্যান ইভনিং অব এক্সপ্রেশনস’ ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য, বন্ধুত্ব ও সম্প্রীতির এক সুন্দর উদ্‌যাপন। বিভিন্ন পটভূমি থেকে আসা প্রায় ২০০ মানুষের অংশগ্রহণ আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে, পারস্পরিক সম্পর্ক ও একাত্মবোধ কতটা গুরুত্বপূর্ণ। বৈচিত্র্য আমাদের একত্র করে, কিন্তু মানবিকতাই আমাদের সত্যিকার অর্থে সংযুক্ত রাখে। থান্ডার বে’র দর্শক, বিশিষ্ট অতিথি ও স্থানীয় কমিউনিটির কাছ থেকে ফ্যাশন শোটি ব্যাপক প্রশংসা পায়। শুধু পোশাকের প্রদর্শনী নয়, ‘ওয়ান ফ্যাব্রিক, কাউন্টলেস এক্সপ্রেশনস’ হয়ে ওঠে দক্ষিণ এশীয় ঐতিহ্য, নারীর সৃজনশীলতা এবং প্রজন্মের সঙ্গে প্রজন্মের সম্পর্ককে উদ্‌যাপনের এক অনন্য মঞ্চ। ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট আবারও প্রমাণ করেছে, শিল্প, ফ্যাশন ও সংস্কৃতি ভৌগোলিক সীমানা পেরিয়ে ভিন্ন পটভূমির মানুষকে একসূত্রে গাঁথতে পারে। কানাডার বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক পরিচিতি ও সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে এমন আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

কানাডার থান্ডার বে’তে ‘ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট’ অনুষ্ঠিত

কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

কানাডার অভিবাসনব্যবস্থায় একাধিক পরিবর্তন ঘিরে অভিবাসনপ্রত্যাশী ও অস্থায়ী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থায়ীভাবে বসবাসের আবেদন, দক্ষ কর্মীদের নির্বাচন এবং শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হওয়ায় আবেদনকারীদের অনেককেই নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) গত ১৬ অক্টোবর ঘোষণা করেছে, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় দক্ষ কর্মীদের মূল্যায়নের নিয়মে পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট উচ্চ বেতনের পেশায় যোগ্য চাকরির প্রস্তাব এবং কানাডায় অর্জিত প্রাসঙ্গিক কর্ম-অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। যোগ্য চাকরির প্রস্তাবের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে শ্রমবাজারের প্রভাব মূল্যায়ন (এলএমআইএ) সনদ ছাড়াই পয়েন্ট পাওয়ার সুযোগও তৈরি হবে। তবে সব চাকরির প্রস্তাব এই সুবিধার আওতায় আসবে না। নতুন নিয়মে কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দিষ্ট পেশায় যোগ্য চাকরির প্রস্তাব থাকলে আবেদনকারীরা তাঁদের বেতন ও পেশাগত যোগ্যতার শর্ত অনুযায়ী অতিরিক্ত পয়েন্ট পেতে পারেন। একইভাবে, নির্দিষ্ট উচ্চ বেতনের পেশায় কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতাও মূল্যায়নে ভূমিকা রাখবে। তবে নতুন নিয়মে সুবিধা পাওয়া মানেই স্থায়ী বসবাসের অনুমতি নিশ্চিত হওয়া নয়। আবেদনকারীকে সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে। অন্যদিকে, শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন যাচাইয়ের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। গত ২৬ মার্চ বিল সি-১২ আইনে পরিণত হওয়ার পর নির্দিষ্ট পরিস্থিতিতে আশ্রয়ের আবেদন গ্রহণযোগ্য হওয়ার শর্ত আরও কঠোর হয়েছে। নতুন বিধান অনুযায়ী, ২০২০ সালের ২৪ জুনের পর কানাডায় প্রথম প্রবেশের এক বছরের বেশি সময় পর করা কিছু আশ্রয়ের আবেদন এবং কানাডা-যুক্তরাষ্ট্রের স্থলসীমান্তের নির্ধারিত প্রবেশপথের বাইরে দিয়ে প্রবেশের ১৪ দিনের বেশি সময় পর করা কিছু আবেদন শরণার্থী ও অভিবাসন বোর্ডে শুনানির জন্য পাঠানো হবে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে অপসারণ-পূর্ব ঝুঁকি মূল্যায়নের সুযোগ থাকতে পারে। এ ছাড়া, ৩ নভেম্বর থেকে শরণার্থী আবেদনের অনলাইন প্রক্রিয়াতেও পরিবর্তন কার্যকর হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না দিয়ে শুধু আবেদনপ্রক্রিয়া শুরু করে রেখেছেন, তাঁদের নতুন কিছু প্রশ্নের উত্তর দিতে এবং আগের তথ্য পর্যালোচনা করতে হবে। অভিবাসন আইন ও আবেদনপ্রক্রিয়ার পরিবর্তনের কারণে অনেকের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হলেও সব পরিবর্তন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। স্থায়ী বাসিন্দা, আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী বিদেশি কর্মী, দক্ষ অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী আবেদনকারীদের নিয়ম এবং যোগ্যতার শর্ত আলাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে কানাডা সরকারের সরকারি নির্দেশনা মেনে চলার উপরে গুরুত্বোরোপ করা হয়েছে।  যাদের আবেদন প্রক্রিয়াধীন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কীভাবে প্রযোজ্য হবে, তা বুঝতে সরকারি তথ্যের পাশাপাশি প্রয়োজনে অনুমোদিত অভিবাসন পরামর্শক বা আইনজীবীর সহায়তা নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিবাসন ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে সঠিক তথ্য জানা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং নির্ধারিত সময়সীমা মেনে চলাই আবেদনকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

কানাডার আলবার্টার ঐতিহাসিক গণভোট: সচ্ছলতা ও জাতীয় ঐক্যের বার্তায় ‘না’ ভোট দিলেন ভোটাররা

কানাডার পশ্চিমাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টায় বহুল আলোচিত গণভোটে এক ঐতিহাসিক রায় দিয়েছেন সেখানকার জনগণ। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে উত্তেজনার পারদ চড়িয়ে দেওয়া এই ভোটাভুটিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ক্যানাডার মূল ভূখণ্ডে থেকে যাওয়ার পক্ষের সমর্থকেরা। ফলাফলের পর স্পষ্ট হয়ে উঠেছে যে আলবার্টাবাসী চরম রাজনৈতিক বিভাজন ও স্বাধীনতার ঝুঁকিপূর্ণ পথের চেয়ে কানাডীয় ঐক্য ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। ইলেকশনস আলবার্টার (Elections Alberta) দেওয়া সর্বশেষ গণনার তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, প্রায় ১৩ লাখেরও বেশি জমা পড়া ব্যালটের মধ্যে প্রায় ৭৬ দশমিক ৪ শতাংশ ভোটার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাঁরা আলবার্টাকে কানাডা থেকে বিচ্ছিন্ন করতে বা পরবর্তী বাধ্যবাধকতামূলক স্বাধীনতা গণভোটের আইনি প্রক্রিয়া শুরু করতে চান না। অন্যদিকে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ মানুষ স্বাধীনতার স্বপক্ষে মতামত প্রকাশ করেছেন। ক্যালগারি ও এডমন্টনের মতো জনবহুল এবং বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ বড় বড় শহরগুলোতে ‘কানাডায় থাকার’ পক্ষে ব্যাপক গণজোয়ার দেখা গেছে। যদিও প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গ্র্যান্ড প্রেইরির (Grand Prairie) মতো কিছু গ্রামীণ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদের পক্ষে তুলনামূলক বেশি ভোট পড়েছিল, কিন্তু সার্বিক ফলাফলে তা প্রভাব ফেলতে পারেনি। উল্লেখ্য, স্বাধীনতা ছাড়াও মূল ভোটাভুটির সঙ্গে ইমিগ্রেশন ও সংবিধানে প্রাদেশিক ক্ষমতা জোরদার করা–সংক্রান্ত আরও ৯টি প্রশ্ন রাখা হয়েছিল। ইমিগ্রেশন ও প্রাদেশিক অধিকার–সংক্রান্ত অন্যান্য প্রশ্নগুলোতে ভোটাররা ‘হ্যাঁ’ বললেও, দেশকে টুকরা করার বিষয়ে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মতে, আলবার্টার নাগরিকেরা আবেগের চেয়ে বাস্তবধর্মী হিসাব-নিকাশকেই অগ্রাধিকার দিয়েছেন। যে প্রধান কারণগুলোর জন্য মানুষ বিচ্ছিন্নতাবাদকে না বলেছে: ১. অর্থনৈতিক ও মুদ্রাগত ঝুঁকি: একটি নতুন রাষ্ট্র গঠন করা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। নিজস্ব নতুন মুদ্রা তৈরি, ব্যাংক ও ট্রেড চুক্তি পুনর্গঠন এবং ফেডারেল সুযোগ-সুবিধা হারানোর যে আশঙ্কা ছিল, তা কোনো সাধারণ ব্যবসায়ী বা নাগরিক গ্রহণ করতে রাজি ছিলেন না। ২. আন্তর্জাতিক বাণিজ্য ও সীমান্ত জটিলতা: মার্কিন সীমান্তে শুল্ক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন আন্তর্জাতিক সীমানা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য মারাত্মক ধসে পড়ত। ৩. বিপুল খরচের ক্ষোভ: প্রায় ১৩০ মিলিয়ন (১৩ কোটি) ডলার ব্যয় করে এই ‘গণভোটের ওপর গণভোট’ আয়োজন নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ ছিল। জনস্বাস্থ্য ও মৌলিক নাগরিক পরিষেবা ছেড়ে এই অর্থে ভোটাভুটি করাকে মানুষ অর্থের অপচয় বলেই মনে করেছেন। ৪. ফার্স্ট নেশনস (আদিবাসী) সংহতি: প্রদেশের আদিবাসী গোষ্ঠী বা ফার্স্ট নেশনস লিডাররা ঐতিহাসিকভাবে কানাডা রাষ্ট্রের সঙ্গে তাদের চুক্তি (Treaties) বজায় রাখার পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছিলেন, যা বিপুলসংখ্যক ভোটকে ঐক্যের পক্ষে টেনে আনে। ভবিষ্যৎ প্রভাব গণভোটের এই ঐতিহাসিক ফল আলবার্টার ব্যবসায়িক ও বিনিয়োগ খাত থেকে অনিশ্চয়তার মেঘ কেটে দিয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছে কানাডার বাণিজ্যিক মহল। বহু বছর ধরে চলা অটোয়া (কেন্দ্রীয় সরকার) বনাম আলবার্টার দ্বন্দ্বের ইতিহাস পুরোপুরি শেষ না হলেও, এই রায় প্রমাণ করল—অভিযোগ-অনুযোগ সত্ত্বেও কানাডার জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখতেই আলবার্টাবাসী সবচেয়ে বেশি ভালোবাসেন।

কানাডার আলবার্টার ঐতিহাসিক গণভোট: সচ্ছলতা ও জাতীয় ঐক্যের বার্তায় ‘না’ ভোট দিলেন ভোটাররা

কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা

কৃষি ক্ষেত্রে গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সুসংহতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল দেখতে কক্সবাজারে ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিআইএমএমওয়াইটি) পরিদর্শন করেছে একটি উচ্চপর্যায়ের কানাডীয় প্রতিনিধিদল। কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই পরিদর্শনে অংশ নেয়। কক্সবাজারে সিআইএমএমওয়াইটি’র কার্যালয় পরিদর্শনকালে কানাডীয় প্রতিনিধিদল কীভাবে আধুনিক কৃষি গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবন বাংলাদেশি কৃষকদের ফসলের উৎপাদন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সরেজমিনে পরিদর্শন করে। আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কক্সবাজার পরিদর্শনের এই বিস্তারিত তথ্য ও সংবাদ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনসমূহের প্রসার এবং সম্প্রসারণ ঘটাতে একটি বিশেষ অংশীদারত্ব গড়ে তুলবে কানাডার কৃষি উদ্ভাবন তরান্বিতকারী সংস্থা 'বায়োএন্টারপ্রাইজ কানাডা' এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান 'সিআইএমএমওয়াইটি'। বিডি প্রতিদিন/এনএইচ

কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি কানাডার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও দেশটির সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলায় কানাডা প্রস্তুতি নিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব।  সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে কার্নি বলেন, এটি মূলত ঝুঁকি ব্যবস্থাপনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার বারবার মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। ২০২৫ সালে ট্রাম্প বলেছিলেন, কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা প্রায় নেই। রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা বলেছিলেন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসও বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার জনগণের সুরক্ষায় ট্রাম্প অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি করেছেন। তবে কানাডার সামরিক বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম। কানাডা ও যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য এবং উত্তর আমেরিকার আকাশ ও আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের (নোরাড) আওতায় দুই দেশ যৌথ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং নিয়মিত গোয়েন্দা তথ্যও বিনিময় করে। রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সে ৩৪ বছর দায়িত্ব পালন করা সাবেক লেফটেন্যান্ট-জেনারেল ক্রিস্টোফার কোটস বলেন, তাঁর পুরো সামরিক জীবনে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে কানাডার ওপর হামলার সম্ভাবনা বিবেচনা করতে হয়নি। তাঁর মতে, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার কারণে এমন যুদ্ধ অত্যন্ত জটিল ও প্রায় অকল্পনীয়। তবে কোটসের মতে, যুক্তরাষ্ট্র কখনো আক্রমণাত্মক পদক্ষেপ নিলে তা সরাসরি সামরিক হামলা দিয়ে শুরু নাও হতে পারে। সাইবার হামলা বা অন্য কোনো পদ্ধতিতে চাপ প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিহাসে অবশ্য যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক সবসময় এতটা ঘনিষ্ঠ ছিল না। ১৭৭৫ সালে আমেরিকান বাহিনী মন্ট্রিয়েল দখল করেছিল এবং কুইবেক সিটি দখলেরও চেষ্টা করেছিল। পরে ১৮১২ সালের যুদ্ধে তৎকালীন কানাডার বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনী হামলা চালায়। ওই যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী পাল্টা আক্রমণে ওয়াশিংটনে গিয়ে হোয়াইট হাউস পুড়িয়ে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পরও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে কানাডা সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। কানাডার সামরিক কর্মকর্তারা তখন পর্যটকের ছদ্মবেশে সীমান্তবর্তী মার্কিন শহরগুলো ঘুরে সেতু, মহাসড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সংগ্রহ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতেও কানাডা সামরিক প্রস্তুতির ঘাটতি পূরণের চেষ্টা করছে। একটি সামরিক মডেল অনুযায়ী, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে কানাডার গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলো এক সপ্তাহের মধ্যেই দখলে চলে যেতে পারে। এরপর কানাডীয় বাহিনীকে গেরিলা-ধাঁচের প্রতিরোধে যেতে হতে পারে এবং ব্রিটেন ও ফ্রান্সের মতো মিত্রদের সহায়তা চাইতে হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের জন্যও এমন যুদ্ধ সহজ হবে না। কানাডার সঙ্গে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা এবং দুই দেশের সেনাদের পারস্পরিক সম্পর্কের কারণে মার্কিন সামরিক বাহিনীর মধ্যেও এমন অভিযানের রাজনৈতিক ও নৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কানেকটিকাটের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের জাতীয় নিরাপত্তা বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাথিউ শ্মিটের মতে, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র কানাডার তেল ও খনিজসহ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বকে দ্রুত অচল করার দিকে নজর দিতে পারে। তবে তিনি মনে করেন, কানাডার সেনারা সংখ্যাগত ও সামরিক সক্ষমতায় পিছিয়ে থাকলেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। কানাডায় যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। চলতি বছরের জানুয়ারিতে লেজার পরিচালিত এক জরিপে ৩০ শতাংশের বেশি কানাডীয় জানিয়েছিলেন, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা করছেন। কানাডার জন্য এমন প্রস্তুতি তাই সরাসরি যুদ্ধের পূর্বাভাস নয়। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মধ্যে সম্ভাব্য ঝুঁকিগুলোকে সামরিক পরিকল্পনার আওতায় আনারই ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি কানাডার

‘ডলার-ফর-ডলার’ পাল্টা জবাব দিল কানাডা

আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে কানাডা মার্কিন পণ্যে ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডিয়ান ডলার বা প্রায় ২০ বিলিয়ন ডলার (১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার) মূল্যের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ৭ শতাধিক পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার কানাডার সরকার জানিয়েছে, কানাডাও নতুন মার্কিন শুল্কের সমপরিমাণ অর্থাৎ ‘ডলার-ফর-ডলার’ অর্থাৎ, যুক্তরাষ্ট্রের আরোপিত এক ডলার শুল্কের বিপরীতে সমানহারে শুল্ক আরোপ করবে। একই সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোকে সহায়তা দিতে নতুন আর্থিক সহায়তা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কানাডা সরকারের বিবৃতি অনুযায়ী, নতুন পাল্টা শুল্ক ৭০০ টিরও বেশি পণ্যের ওপর কার্যকর হবে। এর আওতায় থাকবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, পাল্প ও কাগজ, প্লাস্টিক এবং ইলেকট্রনিকস খাত। এসব পণ্যে শুল্কের হার হবে ১৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবে। এ ছাড়া কানাডা ছোট ও মাঝারি ব্যবসাগুলোকে নতুন শুল্কের কারণে তৈরি আর্থিক ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের বা ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলারের একটি তহবিল ঘোষণা করেছে। কানাডার নতুন পাল্টা শুল্কের ঘোষণা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর। ওই শুল্কের আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় পণ্য পড়েছে। এর মাত্র কয়েক দিন আগেই দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছিল। গত সোমবার ট্রাম্প কানাডার গাড়ির ওপরও নতুন শুল্ক ঘোষণা করেন। এর ফলে আগামী ১ জানুয়ারি থেকে বিদ্যমান শুল্ক দ্বিগুণ হয়ে ৫০ শতাংশ হবে। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প কানাডাকে নিয়ে একাধিক কটূক্তিও করেছেন। মঙ্গলবার তিনি বলেন, অন্টারিও প্রদেশের সীমানায় অবস্থিত উত্তর আমেরিকার বৃহৎ হ্রদগুলোর পূর্বতম হ্রদ লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘গভর্নর কার্নি’ বলেও উল্লেখ করেছেন। এর মাধ্যমে কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১ তম অঙ্গরাজ্য’ হিসেবে যুক্ত করার দীর্ঘদিনের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন তিনি। মঙ্গলবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন, গত এক দশক ধরে যুক্তরাষ্ট্র প্রতি বছর কানাডার কাছে ৬০ বিলিয়ন ডলার করে হারিয়েছে। তবে কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ৯ দশমিক ৯ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ৭ দশমিক ১ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। ট্রাম্পের দাবির বিষয়ে ব্যাখ্যা জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল আল জাজিরা। তবে হোয়াইট হাউস কোনো জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রভাব দেশটির ব্যবসা ও সাধারণ ভোক্তাদের ওপর পড়বে বলে ধারণা করা হচ্ছে। শনিবার আরোপ করা শুল্ক থেকে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ বাদ রাখা হয়েছিল। তবে এই খাতই ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বিরোধের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। কানাডা যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির সবচেয়ে বড় ক্রেতা। ফলে কানাডার চাহিদা কমে গেলে কানাডার বাজারের ওপর নির্ভরশীল মার্কিন গাড়ি নির্মাতারা চাপের মুখে পড়তে পারেন। অন্যদিকে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডা থেকে আমদানি করা ৫৫০ ধরনের ভোগ্যপণ্যের দাম মার্কিন পরিবারগুলোর জন্য বেড়ে যেতে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইস স্কেট, টয়লেট পেপার, কিছু অ্যালকোহলজাত পানীয় এবং রং। জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই শুল্কের প্রভাব মার্কিন নাগরিকদের ওপর উল্লেখযোগ্য হতে পারে। অর্থনীতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানটির হিসাবে, শুল্কের মোট বোঝার ৯৬ শতাংশ শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারক ও ভোক্তারাই বহন করেন। এদিকে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনার দাম মঙ্গলবার দিনের শুরুতে প্রায় ১ শতাংশ কমে যাওয়ার পর আবার ঊর্ধ্বমুখী হয়েছে। তবে দিন শেষে এর দাম প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ০৩ শতাংশ কমে ৪ হাজার ৬৯৬ ডলারে দাঁড়ায়। মার্কিন ডলারের অবস্থানও মোটামুটি স্থিতিশীল ছিল। মঙ্গলবার ডলার সূচক ০ দশমিক ০৪ শতাংশ কমে ৯৮ দশমিক ৯৬-এ নেমেছে। বিপরীতে কানাডিয়ান ডলার সূচক ০ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৭-এ উঠেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নাসডাক ০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ছিল প্রায় অপরিবর্তিত। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ০ দশমিক ২ শতাংশ। কানাডার টরন্টোতে এসঅ্যান্ডপি/টিএসএক্স কম্পোজিট সূচক বেড়েছে ০ দশমিক ৬ শতাংশ। কানাডার পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার অর্থনীতি গভীরভাবে পরস্পরের ওপর নির্ভরশীল হওয়ায় এই বাণিজ্যযুদ্ধের চাপ শুধু দুই দেশের ব্যবসা নয়, শেষ পর্যন্ত ভোক্তা, গাড়ি শিল্প, কৃষি ও বিভিন্ন শিল্পপণ্যের বাজারেও ছড়িয়ে পড়তে পারে।

‘ডলার-ফর-ডলার’ পাল্টা জবাব দিল কানাডা

যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে উত্তেজনা, বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি কানাডার

বাণিজ্য যুদ্ধ কানাডার সঙ্গে আরও বাড়াতে থাকলে, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন অন্টারিওর প্রাদেশিক প্রধান ডগ ফোর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সম্প্রতি ট্রাম্প কানাডার গাড়ি, ট্রাক, অটো যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেন। আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা। এছাড়া, গত শনিবার প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর পৃথক ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় ফোর্ড সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ডগ ফোর্ড বলেন, ‘সবকিছুই বিবেচনার মধ্যে আছে। যা করা দরকার, আমি তাই করব।’ তিনি আরও বলেন, অন্টারিও বিদ্যুতের দাম বাড়াতে পারে, এমনকি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। ফোর্ড জানান, তারা প্রায় ১৫ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করেন। তাই কানাডার উৎপাদন খাত ধ্বংসের চেষ্টা অব্যাহত রাখতে চাইলে ট্রাম্পের উচিত ব্যাটারি সঙ্গে রাখা। যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহকারী বিদেশি দেশগুলোর মধ্যে কানাডাই সবচেয়ে বড়। তবে পুরো দেশে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কানাডার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা তুলনামূলকভাবে কম।  মার্কিন ‘এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের’ তথ্য অনুযায়ী, গত বছর কানাডা থেকে প্রায় ২৪ দশমিক ৫ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আমদানি করা হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র কানাডায় প্রায় ১৬ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ রপ্তানি করেছে।  নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অন্টারিওর প্রাদেশিক প্রধানকে ব্যক্তিগত আক্রমণ করে ‘কানাডার নেতাদের লাইনে আসার’ জন্য সতর্ক করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, কেউ দয়া করে এই ‘ভাঁগগুলোকে লাইনে আসতে’ বলুন। তা না হলে কানাডার পরিণতি আরও ভয়াবহ হবে। পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আবারও ‘গভর্নর’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, যুক্তরাষ্ট্র অনেক বড়, ধনী ও শক্তিশালী। তাদেরকে ছাড়া কানাডা টিকে থাকতে পারবে না।

যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে উত্তেজনা, বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি কানাডার

কানাডা-যুক্তরাষ্ট্রে শুল্কযুদ্ধে সাময়িক বিরতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর বুধবার (১৯ আগস্ট) থেকে আরোপ হতে যাওয়া ৫০ শতাংশ নতুন শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার রাতে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করে এ ঘোষণা দেন তিনি।ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছেছে এবং নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে কানাডা সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি বা চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি।ট্রাম্প আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি আবার জীবিত হতে পারে। যদিও এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মঙ্গলবার বিকেলে কথা বলার পরই ট্রাম্প এই ঘোষণা দেন। চলতি সপ্তাহে দুই নেতার এটি ছিল দ্বিতীয়বারের মতো কথোপকথন। এর আগে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে তীব্র এবং অনেকটাই অস্বচ্ছ আলোচনা চলছিল।আলোচনার সঙ্গে পরিচিত দুটি শিল্প সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান গাড়ি আমদানি শুল্কই ছিল প্রধান বিরোধের বিষয়গুলোর একটি।নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় পড়ত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়া কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য হতো।সূত্র: রয়টার্স

কানাডা-যুক্তরাষ্ট্রে শুল্কযুদ্ধে সাময়িক বিরতি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream