ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার (২৭ নভেম্বর) কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল এলাকার শিক্ষা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বস্তুনিষ্ঠ ও সাহসী লেখনীর মাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস করা উচিত নয়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সাবেক সভাপতি সিকদার মো. কাজল, প্রেসক্লাবের উপদেষ্টা খান মো. ইউসুফুর রহমান, সহসভাপতি ফয়সাল আহম্মেদ মিঠু, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম রনিসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঠালিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মহাসিন খান।
মতামত