কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ বসানোর জন্য মাটি খননের সময় হঠাৎ গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন বেওয়াচ হোটেল এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও আশপাশের হোটেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ মাটির নিচ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুনের শিখা দেখা যায়। পাশাপাশি গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়াও বের হতে থাকায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মাটি থেকে গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছিল।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটেছে। তবে গ্যাসের প্রকৃতি ও উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আগুনের শিখা কাছাকাছি বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। সংস্থাটি জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, আগুন বের হওয়ার স্থানটির পাশের একটি ঘরে তাঁরা কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ মাটি থেকে আগুন বের হতে দেখে তাঁরা ভীত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
মাটি থেকে গ্যাস ও আগুন বের হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং হোটেলকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
মতামত