কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের স্থানীয় সাধারণ মানুষের ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফাস্ট এইড বক্সসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ফ্রেন্ডশিপ-ডিজএবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিআইডিপি) প্রকল্পের উদ্যোগে এসব ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সচিব মো. আইয়ুব আলী ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকমল হোসেনের হাতে এসব ফাস্ট এইড বক্স, গজ, টাওয়ালসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
সামগ্রীগুলো হস্তান্তর করেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার এবং ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপার ভাইজার রওশনারা খাতুন।
হস্তান্তরকালে চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, "গ্রামীণ ও চরাঞ্চলের মানুষের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সহায়তায় এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদে আসা সেবাগ্রহীতা ও স্থানীয়রা যেকোনো জরুরি মুহূর্তে এর সুবিধা পাবেন।"
প্রকল্পের টেকনিক্যাল সুপার ভাইজার রওশনারা খাতুন জানান, পিছিয়ে পড়া ও দূরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই ফ্রেন্ডশিপের এই ক্ষুদ্র কিন্তু সময়োপযোগী প্রয়াস।
এ সময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তি এবং ফ্রেন্ডশিপের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতামত