দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন । উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা, দশ রশিয়া ও গাইপাড়া এলাকার আনাচে কানাচে অবাধে চলছে মাদক সেবন ও ব্যবসা ।
এদিকে নদীর ওপার হওয়ায় প্রশাসনের পদক্ষেপও তেমন লক্ষ্য করা যায় না। ভারত থেকে নদী পথে অবাধেই ঢুকছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। চরের অসংখ্য মানুষ জড়িয়ে পড়েছে মাদক ব্যবসায় । সহজলভ্য হওয়ায় এর বিস্তার দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় এলাকার যুব সমাজ ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষার উদ্দেশ্যে মাদক নির্মূলে গঠিত হয়েছে কমিটি । জনসচেতনতা বৃদ্ধি, মাদকসেবী ও ব্যবসায়ীদের সামাজিক ভাবে বয়কট, মাদকের আস্তানা নির্মূল, সহজলভ্যতা দূরীকরণ ও সংশ্লিষ্ট প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে চর এলাকার যুব সমাজ। দশ রশিয়া বাজার এলাকায় এসব কর্মসূচি হাতে নিয়ে এক আলোচনা সভাও করেছেন তারা ।
তবে কর্মসূচি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোন্তাজ আলী ঝাটু মন্ডল বলেন, প্রথমত চরাঞ্চলে দুই একজন যুবক ছেলে মাদক সেবন করে বলে জানতাম । কিন্তু ধীরে ধীরে তা এতটাই বিস্তার লাভ করেছে যে, প্রতিটি আনাচে কানাচে মাদক সেবীদের দেখা যাচ্ছে । মাদকের কারনে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, বেড়ে চলেছে সামাজিক অবক্ষয় । মাদকের অর্থ জোগাতে না পেরে মা-বাবাকে নির্যাতনের দৃষ্টান্তও রয়েছে অনেক ।
মো: আজিজুর রহমান বলেন, শিবগঞ্জের এই এলাকাটি নদী বিধৌত ও বিচ্ছিন্ন হওয়ায় প্রশাসনের নজরদারি তেমন নেই বললেই চলে । মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের পরিকল্পিত অভিযান ছাড়া তা নির্মুল করা সম্ভব হবে না । কলেজছাত্র মো: আমিনুল ইসলাম বলেন, চর এলাকায় তেমন ভালো মানের প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার হার অনেক কম । তবুও আমরা যারা পড়ালিখা চালিয়ে যেতে চেষ্টা করছি, মাদকের ভয়াবহ আগ্রাসন আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে । কেননা প্রাইমারি স্কুলের ছাত্রদের হাতেও ধরিয়ে দেয়া হচ্ছে সহজলভ্য মাদক ।
এছাড়াও গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম মেম্বার, লাল মোহাম্মদ, মানজুর রহমান মাষ্টার, শাহজাহান আলী মাষ্টার, আব্দুর রাজ্জাক মন্ডল, তরিকুল ইসলাম ও এনসাদ আলী সহ অন্যান্য বক্তারাও একই বক্তব্য দিয়ে অত্র চর এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ ও বিজিবি সহ স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন । এসময় স্থানীয় সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সচেতনতা এবং সার্বিক সহযোগিতাও কামনা করেছেন তারা ।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মতিউর রহমান জানান, সীমান্ত এলাকা হওয়ায় মাদকের ছড়াছড়ি এ অঞ্চলে বেশি, অপরদিকে মাঝে পদ্মা নদী থাকায় যাতায়াতে বিঘ্ন ঘটে । তবুও আমরা সাধ্যমতো চেষ্টা করি এবং সুনির্দিষ্ট কোন তথ্য থাকলে আমরা জরুরী ব্যবস্থা গ্রহন করব ।
মতামত