যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে আসিফ নজরুল লেখেন, হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তির সামনে গিয়ে তাকে ‘সন্ত্রাসী’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে চিৎকার করার মাধ্যমে তার সম্মান নষ্ট করা যায় না। এ ধরনের আচরণকে তিনি হাস্যকর আত্মতৃপ্তি ও অসুস্থ মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে শ্রদ্ধার পাত্র এবং তার কাজ আন্তর্জাতিকভাবে অনুকরণীয় হয়ে উঠেছে। ভারতের সংসদের যৌথ অধিবেশনে কাকে সম্মান জানানো হয়েছিল, সে প্রসঙ্গও পোস্টে তুলে ধরেন তিনি।
আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা-রানি এবং বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা ড. ইউনূসের সান্নিধ্যে এসে মুগ্ধ হয়েছেন। নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, বিমানবন্দরে কয়েকজনের অপমানজনক মন্তব্যে ড. ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন হবে না। সূর্যের দিকে ইট ছুড়ে তার আলো আড়াল করা যায় না—এমন উপমা দিয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।
মতামত