মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে মৌলভীবাজারের নতুন সিভিল সার্জন হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী,ডা. মো. মামুনুর রহমানকে মৌলভীবাজারের ইনসিটু সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী,ঢাকায় ওএসডি করা হয়েছে। অন্যদিকে,ডা. মো. জাকির হোসেনকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দায়িত্ব পালনের পাশাপাশি মৌলভীবাজারের সিভিল সার্জন (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১ অক্টোবর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন তারা। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৌলভীবাজারের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় সিভিল সার্জনের বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিতি নিয়ে অভিযোগ তোলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। তিনি দাবি করেন,প্রধানমন্ত্রীর নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ সরকারি সভায় সংশ্লিষ্ট সিভিল সার্জন অনুপস্থিত থাকেন।
সভায় দেওয়া বক্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে। তবে সিভিল সার্জনকে ওএসডি করার সরকারি প্রজ্ঞাপনে এ অভিযোগ বা এর সঙ্গে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
২৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী,নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন পদে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হবে।
মতামত