অকারণে কেউ তাকে গালাগাল করলে তাতে তিনি বিচলিত হন না; বরং এর মাধ্যমে তার কিছু গুনাহ মাফ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগের আয়োজনে ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম সম্পর্কে সমাজে নানা ধরনের নেতিবাচক ধারণা ছড়ানো হয়। ইসলামী বিধান প্রতিষ্ঠিত হলে সবাইকে শাস্তি দেওয়া হবে—এমন ধারণাও প্রচার করা হয়। এসব ভুল ধারণা দূর করার প্রয়োজন রয়েছে।
গালাগালির প্রসঙ্গে তিনি বলেন, যে বিষয়ে তাকে আক্রমণ করা হচ্ছে, সেটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলে তিনি বিষয়টি হাসিমুখে গ্রহণ করবেন। তার মতে, অন্যায়ভাবে অপবাদ বা গালি দেওয়া হলে সেটি তার জন্য ক্ষতির কারণ নয়; বরং এতে তার গুনাহ মাফ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
জামায়াত আমির আরও বলেন, সমাজে মানুষের জীবন, সম্পদ ও মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাদের নিয়ে কেউ সমালোচনা করলেও দায়িত্বশীল পর্যায় থেকে পাল্টা ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়।
তিনি বলেন, মানুষের চিন্তা ও মেজাজে পার্থক্য থাকতেই পারে। মতের অমিলের কারণে একজন আরেকজনকে শত্রু হিসেবে দেখা ঠিক নয়। কেউ গালি দিলেও তার জবাবে গালি না দিয়ে ধৈর্য ধরতে হবে। সমালোচনায় যুক্তি থাকলে তা গ্রহণ করতে হবে, আর যুক্তি না থাকলেও ভদ্রতা ও বিনয়ের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত।
সম্মেলনে সমাজে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
এর আগে মিন্টো রোডের সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করেন জামায়াত আমির। সেখানে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সংস্কারের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে।
মতামত