বিরোধী দলগুলো আগের মতোই সরকারের সমালোচনা করছে, তবে এখন তাদের বক্তব্যে শেখ হাসিনার ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলগুলো প্রতিটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দাবি করছে। অথচ জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সরকার যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয়, তখন বিরোধীদের সমালোচনা করার সুযোগ আসবে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে সংকট কাটাতে কিছুটা সময় প্রয়োজন। তাই পরিস্থিতি সামাল দিতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। এর আগে ১৭ বছর ধরে দেশে মামলা, গুম ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এসবের প্রভাব কাটিয়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।
এ ছাড়া আমেরিকা-ইরান সংঘাতের কারণে বাংলাদেশের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তার মতে, এসব সংকট একসঙ্গে মোকাবিলা করে দেশকে পুনর্গঠনে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকদের অনেক বিষয় নিয়ে স্বাধীনভাবে লেখার সুযোগ ছিল না। বর্তমানে সংবাদমাধ্যমে সত্য ও মিথ্যা—দুই ধরনের তথ্যই প্রকাশের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মতামত