সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত ইউভি সূচককে উপেক্ষা করে দ্রুত ত্বক তামাটে করার প্রবণতা ইসরায়েলি তরুণদের মধ্যে বাড়ছে। এতে তাদের ত্বক ক্যানসারসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৮ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউভি সূচক ১১ বা তার বেশি থাকা সত্ত্বেও আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে অনেক তরুণ সৈকতে ভিড় করছেন। অতিবেগুনি রশ্মির এমন মাত্রায় দীর্ঘ সময় রোদে অবস্থান ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
চিকিৎসকদের মতে, অতিবেগুনি রশ্মির ইউভিএ অংশের প্রভাবে ত্বক সাময়িকভাবে তামাটে হয়। অন্যদিকে ইউভিবি রশ্মি ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা পরবর্তী সময়ে ক্যানসারের কারণ হতে পারে।
সাধারণ বেসাল সেল ও স্কোয়ামাস সেল ক্যানসার চিকিৎসায় তুলনামূলকভাবে সহজে নিয়ন্ত্রণ করা গেলেও মেলানোমা ক্যানসার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হতে পারে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মেলানোমার উচ্চ ঝুঁকিতে থাকা শীর্ষ ৩০ দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান ২৩তম। তবে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় দেশটিতে মেলানোমায় মৃত্যুর হার তুলনামূলকভাবে কম।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তরুণদের একটি অংশ তাৎক্ষণিক সৌন্দর্যের আকাঙ্ক্ষায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিকে উপেক্ষা করছেন। ইউভি সূচক ৯ বা ১১-এর বেশি থাকলে সানস্ক্রিন, টুপি ও প্রতিরক্ষামূলক পোশাক ছাড়া সরাসরি রোদে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ইসরায়েলের শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ড. এফরাত বার-ইলান এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত সানস্ক্রিন ব্যবহারে ক্ষতির আশঙ্কা নেই। বরং সুরক্ষা ছাড়া অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে অল্প বয়সেই ত্বকে বলিরেখা পড়ার পাশাপাশি ত্বক ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মতামত