আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশি।
কবর জিয়ারত শেষে মাদরাসার প্রিন্সিপাল প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ছিলেন। তিনি একইসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।