বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সৌদিতে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত

সৌদিতে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে বিভিন্ন ফ্লাইটের ৯ হাজার ২৬৯ জন বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে এই হিসাবের মধ্যে রিয়াদ এয়ারওয়েজের যাত্রীর সংখ্যা অন্তর্ভুক্ত নয়। আজ মঙ্গলবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বেবিচক বলছে, রিয়াদ এয়ারওয়েজের তথ্য পাওয়া গেলে মোট ক্ষতিগ্রস্ত যাত্রীর হিসাব হালনাগাদ করা হবে। বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রমে বিধিনিষেধ চলছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে সরাসরি প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। বেবিচক বলছে, গত শনিবার রাত থেকে গতকাল সোমবার মধ্যরাত নাগাদ এসব ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। বেবিচকের তথ্যমতে, ৬১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ২২টি। বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইট ৭টি। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে। বেবিচকের সবশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রমের ওপর বিধিনিষেধের প্রভাব এখন শুধু সরাসরি ফ্লাইটে সীমাবদ্ধ নেই। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও এর আওতায় এসেছে। এতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দফায় দফায় সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলা হয়। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয় গত শনিবার। এসব হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৪ জন নিহত হন। আহত অনেকে। এরপর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। চলমান পরিস্থিতিতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান। অন্যদিকে, ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা পথে ইউএস–বাংলার সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইয়েমেনে বিমান হামলা ও সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদি জোটের

সৌদি আরব–সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে তীব্র লড়াই চলছে। দেশটির সানা ও তেইজে এর মধ্যেই বিমান হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সানার হামদান এলাকায় এবং তাইজের হাইফান এলাকার আল-জুরবি সড়কে গতকাল রোববার বিমান হামলা হয়েছে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরান যুদ্ধের মধ্যেই সৌদি আরব ও হুতিদের মধ্যকার এ লড়াই বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী বলেছেন, আঞ্চলিক উত্তেজনা ও জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যেও বিশ্ববাজারে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত তাঁর দেশ। এ জন্য বিকল্প রপ্তানির পথ হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইনের গুরুত্বও তুলে ধরেছেন তিনি। তাইজে তীব্র লড়াই হাইফান এলাকায় বিমান হামলার পাশাপাশি তাইজের অন্যান্য রণাঙ্গনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। আল–জাজিরার প্রতিবেদক মাহা আলীর তথ্য অনুযায়ী, ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ শহরের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে হুতিদের অবস্থান ও সেনাসমাবেশ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। আল কাসর রণাঙ্গনে তিনটি বিমান হামলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের উসাইফিরাহ এলাকাতেও হামলা চালানো হয়েছে। এসব অবস্থান থেকেই গত শনিবার হুতিরা সরকারি বাহিনীর বিভিন্ন অবস্থানে বড় ধরনের হামলা চালিয়েছিল। কয়েক ঘণ্টা ধরে চলা ওই হামলায় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। হুতিরা তীব্র গোলাবর্ষণও করে। এদিকে আল শাকাব ও আল আকরুদ রণাঙ্গনে সরকারি বাহিনীর জন্য আরও সেনা ও রসদ পৌঁছানোর খবর পাওয়া গেছে। তাইজ শহরের দক্ষিণ, পশ্চিমাঞ্চলসহ আশপাশের বিভিন্ন রণাঙ্গনে লড়াই অব্যাহত রয়েছে। পশ্চিম উপকূল এবং ধুবাব ও আল ওয়াজিয়াহতে সরকারি বাহিনীর অভিযান চলছে। উপকূলীয় এলাকা পেরিয়ে পাহাড়ি অঞ্চলগুলোতেও অভিযান চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, তাইজের সালাহ এলাকায় একটি বাড়িতে হামলায় তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এ হামলার জন্য সৌদি বাহিনীকে দায়ী করেছে তারা। গতকাল সানায় আরেকটি হামলায় এক শিশু নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। হুতিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্র হওয়ার পর ইয়েমেনে অন্তত ২৭২ জন নিহত হয়েছেন। ইয়েমেনে লড়াইয়ের পাশাপাশি হুতিদের অব্যাহত হামলার মুখে আছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা গতকাল হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ছিল সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত। এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ কাছের শহর আভায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল। বিকল্প পথে তেল রপ্তানির বার্তা সৌদির আঞ্চলিক সংঘাতের মধ্যে বিশ্ববাজারে সৌদি আরবের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার সক্ষমতার কথা তুলে ধরেছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ। গতকাল রিয়াদে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা সৌদি আরব প্রমাণ করেছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি বিনিয়োগ ও প্রস্তুতি অব্যাহত রাখবে। জ্বালানিমন্ত্রী বলেন, পরিস্থিতি যা-ই হোক, সৌদি আরব তার অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রসঙ্গে মন্ত্রী দেশটির পূর্ব-পশ্চিম পাইপলাইনের কথা উল্লেখ করেন। প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ বলেন, এই পাইপলাইন জ্বালানিব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়ানোর ক্ষেত্রে সৌদি আরবের দূরদর্শিতার প্রতিফলন। এর মাধ্যমে লোহিত সাগরের তীরে ইয়ানবু বন্দরের পথ ব্যবহার করে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের বিকল্প ব্যবস্থা রয়েছে।

ইয়েমেনে বিমান হামলা ও সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি সৌদি জোটের

মক্কা-মদিনা বাদে সৌদির অন্য বিমানবন্দরে হুতিদের হামলার হুমকি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে নতুন হামলার হুমকি দিয়েছে। বিমানবন্দরগুলো এড়িয়ে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে যাত্রীদেরকে। রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে লিখেছেন, ‘বিমানবন্দর ও আকাশসীমাগুলো এখন আমাদের লক্ষ্যবস্তুর আওতাভুক্ত। এগুলো আমাদের বাহিনীর অভিযানের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।’ শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও কয়েক’শ মানুষ আহত হয়। নিহতদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক আছেন। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবের মাটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর মধ্য দিয়ে ইয়েমেন যুদ্ধে উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়ল। ইরান-সমর্থিত হুতিরা শনিবারের হামলার দায় সরাসরি স্বীকার করেনি। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দায়ী করেছে। চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরটিসহ অন্য গুরুত্ব লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে হুতিরা। গত বৃহস্পতিবার একই বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হন। একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই শনিবারের ওই ঘটনা ঘটে। এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি জোট। রোববার ইয়েমেনের সানা প্রদেশে সৌদি আরবের দুটি পাল্টা হামলার খবর দিয়েছে হুতিদের নিজস্ব গণমাধ্যম। প্রদেশটি বিদ্রোহী গোষ্ঠীরা নিয়ন্ত্রণ করে। রিয়াদ বিমানবন্দরে শনিবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের পাল্টা হামলায় যোগ দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি।’ সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের ঘটনায় শনিবার চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

মক্কা-মদিনা বাদে সৌদির অন্য বিমানবন্দরে হুতিদের হামলার হুমকি

হুতিদের দখলমুক্ত করতে ইয়েমেন সরকারের নতুন অভিযান

সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার হুতিদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। এর মধ্যেই ইরানপন্থী হুতিরা ইয়েমেনে আরও অগ্রসর হয়েছে। তারা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি শহর ঘিরে ফেলেছে বলেও জানা গেছে। ইয়েমেনের প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল–আলিমি গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, ‘আজ আমি দেশের বাকি ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি। পুরো ভূখণ্ডে রাষ্ট্র আর এর প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই এ অভিযানের লক্ষ্য।’ এ অভিযানে মধ্য দিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করেছে। কারণ, সাম্প্রতিক সময়ে হুতিদের আকস্মিক অভিযানে দেশটির লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল–মানদেব প্রণালির আশপাশের কিছু এলাকা হাতছাড়া হয়েছে। এ প্রণালি আন্তর্জাতিক নৌ–চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ। নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সরবরাহ পথ গতকাল বিচ্ছিন্ন করে দিয়েছে হুতিরা। এ পথ তাইজ শহরের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের মধ্যে সংযোগ স্থাপন করেছিল। এর কয়েক ঘণ্টা পর সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়েছে। তাইজ শহর আর এর আশপাশে কয়েক দিন ধরে তুমুল লড়াই চলছিল। এর মধ্যেই হুতিদের এমন অগ্রগতির কথা জানা গেছে। পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ও এর আশপাশে গত ২৪ ঘণ্টার লড়াইয়ে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে উভয় পক্ষের কয়েকটি সূত্র গতকাল জানিয়েছে। পুলিশের স্থানীয় একটি সূত্র জানায়, হুতিরা আল-সাফিয়া এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। প্রধান সড়কটি বন্ধ করে দিয়েছে। থানাও দখল করে নিয়েছে। সেখানে তীব্র লড়াই চলছে। সৌদি আরব সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। এরপরও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় হুতিরা সৌদি আরবকেও একাধিকবার লক্ষ্যবস্তু বানিয়েছে। গতকালও সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে জ্বালানি অবকাঠামোয় হামলার দাবি করেছে হুতিরা। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে রিয়াদের উপকণ্ঠে এবং কুরাইশ এলাকায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এতে ওই অবকাঠামোয় আগুন ধরে যায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের ওপর ৫০টি হামলা চালিয়েছে—এ অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে জ্বালানি অবকাঠামোয় পাল্টাহামলা হবে বলেও জানিয়েছে হুতিরা। সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল রপ্তানি নিয়ে আগে থেকেই চাপে আছে সৌদি আরব। কারণ, যুদ্ধের জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে হুতিদের মোকাবিলা করার চ্যালেঞ্জ।

হুতিদের দখলমুক্ত করতে ইয়েমেন সরকারের নতুন অভিযান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream