ক্লাব কাপ তায়কোয়ানডো সাতক্ষীরার তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়
সাতক্ষীরা প্রতিনিধি:ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। প্রতিযোগিতায় ক্লাবটির চার প্রতিযোগী অংশ নিয়ে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন।শুক্রবার ও শনিবার (২ ও ৩ অক্টোবর) দুই দিনব্যাপী রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় এবং মোহাম্মাদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।প্রতিযোগিতার কিউরুগি (ফাইট) বিভাগে জুনিয়র ৩২ কেজি ওজন শ্রেণিতে শামিম হোসেন, জুনিয়র ৩৯ কেজিতে মো. জুনায়েদ হোসেন এবং সিনিয়র ৬৮ কেজি ওজন শ্রেণিতে সাবিব উজ জামান রাজ স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ইমন গাজী রৌপ্য পদক জয় করে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করেন।চারজন প্রতিযোগী অংশ নিয়ে চারটি পদক অর্জন করায় এবারের আসরে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের শতভাগ সাফল্যকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের এ সাফল্য জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জাতীয় পর্যায়ে সাতক্ষীরার তায়কোয়ানডোর আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের হয়ে প্রতিযোগীদের কোচের দায়িত্ব পালন করেন আল ইমরান।