সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
তরুণদের নিয়ে নতুন যাত্রায় মোশাররফ করিম

তরুণদের নিয়ে নতুন যাত্রায় মোশাররফ করিম

মোশাররফ করিমের পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই। ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেবেন মোশাররফ। ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী অভিনয় কর্মশালা। একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস আয়োজিত এই কর্মশালায় অভিনয়ের পাঠ দেবেন মোশাররফ করিম। তিনি ছাড়াও থাকবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক। কর্মশালাটি ভাগ করা হয়েছে দুই ভাগে। প্রথম ভাগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘থিওরি অব অ্যাকটিং’ সেশনে ইউসুফ হাসান অর্ক তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন। অর্কের আলোচনার বিষয়বস্তু—অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণ (স্তানিস্লাভস্কি), টেম্পো, রিদম ও শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের মাস্টারক্লাস। ‘আর্ট অব অ্যাকটিং’ সেশনে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন তিনি। চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের মধ্যে প্রবেশ করার পদ্ধতি, চরিত্রের আবেগকে সত্যিকারের অভিনয়ে রূপ দেওয়ার কৌশল, পরিচালকের নির্দেশনা বোঝা ও নিজের সঙ্গে সমন্বয় করার নিয়ম এবং একজন পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা নিয়ে কথা বলবেন মোশাররফ করিম। নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ৫০ জন এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আয়োজকেরা মনে করেন, অভিনয়ের সঙ্গে যুক্ত বা আগ্রহ আছে এমন যে কারও জন্য এই ওয়ার্কশপ আজীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে। এর আগে নির্দেশনা, সাউন্ড ডিজাইন, লোকেশন, সিনেমাটোগ্রাফি, প্রযোজনাসহ নানা বিষয়ে কর্মশালার আয়োজন করেছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস। এই উদ্যোগের প্রশংসা করে মোশাররফ করিম বলেন, ‘বাংলাদেশে এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে নাটক, সিনেমায় যাঁরা কাজ করতে চান তাঁদের জন্য নানা কার্যক্রম এখানে আছে। মূলত এক দিনের ক্লাস। এই ক্লাসগুলো করলে নানা জটিল বিষয় সরল হয়ে যাবে।’

‘মহানগর ৩’ কবে তার অপেক্ষায় দর্শক

‘মহানগর’ দেশে ওয়েব সিরিজের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আশফাক নিপুণের। ২০২১ সালে বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি মুক্তির পর ভারতেও দর্শকদের নজর কেড়েছিল সিরিজটি। দ্বিতীয় কিস্তি দুই বছর পর মুক্তি পায়। এরপর দর্শকেরা দ্বিতীয় সিজনের শেষের চমক থেকেই তৃতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন। তিন বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি ‘মহানগর ৩’-এর কাজ। এ নিয়ে দীর্ঘদিন ধরে নির্মাতা আশফাক নিপুণের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মন্তব্যে প্রশ্ন করেছেন ভক্তরা। কখনও কাজ শুরুর খবর এলেও পরে বাজেটসংক্রান্ত জটিলতায় সিরিজটির নির্মাণ আটকে যাওয়ার কথা জানা যায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ ২৬ আগস্ট নিজের জন্মদিনে ‘মহানগর ৩’ নিয়ে সুখবর দিয়েছেন আশফাক নিপুণ। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে সিরিজটির তৃতীয় সিজন আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিডিওতে নিজের জন্মদিনের কথা জানিয়ে নিপুণ বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ তবে কোন স্ক্রিপ্টের কথা বলছেন, সেটি সরাসরি উল্লেখ করেননি তিনি। এরপর নিজের কণ্ঠে গেয়ে শোনান ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক। এতেই স্পষ্ট হয়ে যায়, নির্মাতা ‘মহানগর ৩’-এর চিত্রনাট্য নিয়েই ব্যস্ত। তবে তৃতীয় সিজনের শুটিং কবে শুরু হবে কিংবা কবে নাগাদ এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা। ফলে দর্শকদের আপাতত অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। ‘মহানগর’-এর গল্প, চিত্রনাট্য ও অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় আলাদাভাবে প্রশংসিত হয়। চরিত্রটি তাঁকে নতুন করে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। ‘মহানগর ৩’-এও ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমকে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি তৃতীয় সিজনে বিশেষ চমক হিসেবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। ২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘মহানগর’ বাংলাদেশের ওয়েব কনটেন্টের আলোচনায় নতুন মাত্রা যোগ করে। দুই বছর পর দ্বিতীয় সিজনেও দর্শকদের আগ্রহ ধরে রাখে সিরিজটি। এবার দীর্ঘ অপেক্ষার পর তৃতীয় সিজনের ইঙ্গিত পাওয়ায় নতুন করে উচ্ছ্বসিত দর্শকেরা।

‘মহানগর ৩’ কবে তার অপেক্ষায় দর্শক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream