রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনায় ১১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও টায়ার পোড়ানোর ঘটনায় ১১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেওয়া, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়কে টায়ার পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৯ জনকে আটক করা হয়েছিল। তবে নাশকতার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাঁদের মধ্যে আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর থানার সাবেক ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), ছাত্রলীগ কর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪) এবং সিংগাইর থানার চান্দহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ (২৯)।পুলিশ জানিয়েছে, নাশকতার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন হরিরামপুরের জেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ রিফাত (২১), শিবালয়ের আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫), ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫), ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মণ্ডল (৪৫), পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন (২৬)। পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্স ও ঘিওর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানো হয়। পুলিশের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দেন দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে যাঁদের নাশকতায় সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ সারওয়ার আলম বলেন, সোমবারের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে মানিকগঞ্জ সদর থানায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের ভাষ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই মানিকগঞ্জে এসব নাশকতার ঘটনা ঘটেছে।

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; আরও তিন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ

গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে আগুন দেওয়া বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন (৬০) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে, মানিকগঞ্জে একটি বাসে এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়। এতে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক কালাচাঁন অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কালাচাঁন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুদ্দিন শেখ। পুড়ে যাওয়া বাসটির নাম কিশোর তন্ময়। এটি ফরিদপুর শহরে চলাচল করত। এর মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তাঁরা। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন। তিনি বলেন, তাঁদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন অগ্নিদগ্ধ হননি; ধোয়ায় অসুস্থ হয়েছিলেন। শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। গাজীপুরের কালিয়াকৈরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রার কাজলী ফার্ম এলাকায় ফেলে রাখা আজমেরী পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে ভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রায় ওয়ালটন কারখানার পাশে মহাসড়কের ধারে কাভার্ডভ্যানটি দাঁড় করানো ছিল। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার দিকে আগুন নেভানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম। আগুন দেওয়ার তিনটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রাত সোয়া সাতটার দিকে দাঁড়িয়ে থাকা একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই এলাকার উত্তর পাশে ফ্লাইওভারের কাছে ভ্যানটির কিছু অংশ ও এর ওপর রাখা কয়েকটি চটের খালি বস্তা পুড়ে যায়। শেরপুর থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি ভ্যানটিতে আগুন দিয়ে চলে যান। এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভ্যানে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে রাত নয়টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আগুনে পুড়ে যাওয়া ভ্যান ও চটের খালি বস্তা উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ভ্যানটির মালিকানা দাবি করে কেউ থানায় আসেননি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পরিবহনের একটি বাসে গতকাল রাত সাড়ে ১২টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কেউ হতাহত হননি। বাসটির মালিক মোজাফফর হোসেনের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার দেড়গ্রাম নবগ্রামে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে একই দিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মানিকগঞ্জ শহর ও আশপাশের পাঁচটি স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও শহরের শহীদ রফিক সড়কে এসব বিস্ফোরণ ঘটে। আজ মঙ্গলবার সকালে দেখা যায়, মানিকগঞ্জ বাসটার্মিনালে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি রাখা হয়েছে। তবে বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; আরও তিন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ

জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ, ঢাকা মহানগর এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. শহিদুল হক, সাংগঠনিক কমান্ডার সরফুদ্দিন আহম্মদ নুরু, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। অথচ সেই দেশে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করার শামিল। মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরাই জামায়াত-শিবিরকে এ দেশে বিচরণের সুযোগ দিয়েছি। আজ প্রতিবাদ করছি। এরপর আর শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।’ মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ আরও বলেন, ‘আপনারা পালানোর জায়গাও পাবেন না। পাকিস্তানের দালালি করে পালানোর পথ খুঁজে পাবেন না। বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দিয়েছেন। নিজেদের মুসলমান দাবি করার আগে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।’ বক্তারা আরও বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা তা নীরবে সহ্য করবেন না। ভবিষ্যতে দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream