বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মালয়েশিয়ায় নতুন কর্মসংস্থান, বিনা খরচে যাওয়া ১১২ বাংলাদেশিকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় নতুন কর্মসংস্থান, বিনা খরচে যাওয়া ১১২ বাংলাদেশিকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেয়েছেন ১১২ বাংলাদেশি কর্মী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে তাঁরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।বোয়েসেল সূত্রে জানা গেছে, এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত। চাকরির মেয়াদ তিন বছর, তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে। এ ছাড়া নিয়োগকর্তা তাঁদের থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবা দেবে।আজ বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কর্মীদের বিদায় জানাবেন।এই নিয়োগে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ কর্মীদের বিদেশ যেতে কোনো খরচ করতে হচ্ছে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের খরচ দিচ্ছে নিয়োগকর্তা। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, এ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়। বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন। সরকারি এ কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নাম ব্যবহার করে কেউ অর্থ চাইলে তা প্রতারণা বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সরকারের উদ্যোগে দেশে ফিরলেন লিবিয়ায় থাকা ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে আরও বলা হয়েছে, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের উদ্যোগে দেশে ফিরলেন লিবিয়ায় থাকা ১৭৩ বাংলাদেশি

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি সামনে আনতে চায় সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগেল এইড’-এর হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া। সভা পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল)। সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রী চাহিদা, অর্থনৈতিক সক্ষমতা এবং রুটটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরাসরি ফ্লাইট চালুর দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সম্ভাব্য যাত্রীসংখ্যা, পরিচালন ব্যয়, সম্ভাব্য আয় এবং রুটটির বাণিজ্যিকভাবে টেকসই হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও বিবেচনায় রাখা হবে। সংগঠনটির নেতারা মনে করেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। বিশেষ করে যাত্রার সময় কমানো, ট্রানজিটের ঝামেলা এড়ানো এবং যাতায়াতের ভোগান্তি কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার আগে যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে। সভায় দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও আলোচনায় আসে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা এবং প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ফ্রান্সে সংগঠনটির কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সভায় আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সদস্যদের সঙ্গে সমন্বয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে একটি ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও সভায় উঠে আসে। পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দাবি বাস্তবায়নে শুধু দাবি উত্থাপন করলেই হবে না, প্রয়োজন তথ্যভিত্তিক প্রস্তাব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং কাজের অগ্রগতি পর্যালোচনা। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা। সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ মিয়া (সিলেট); যুগ্ম আহ্বায়ক মনোয়ার হুসেন (মোজাহিদ) (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির সদস্যরা হলেন বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

মালয়েশিয়াগামী কর্মীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়াগামী কর্মীদেরর নভেম্বরের শুরুতেই মেডিক্যাল পরীক্ষা শুরু হবে জানিয়ে বলেছেন, ‘দু-চারদিন পরে মেডিক্যাল করার পরেই কর্মীরা যেতে পারবে। নভেম্বর এক তারিখ বা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা বলতে পারি যে ফ্লাইট উইল স্টার্ট।’ রাজধানীর একটি হোটেলে বুধবার (২৮ অক্টোবর) উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নুরুল হক বলেন, ‘মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ও আমাদের ওয়েবসাইটেও মেডিক্যালগুলোর তালিকা দিয়ে দেবে। তারাও তাদের ওয়েবসাইটে দেবে। মেডিক্যালের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। মেডিক্যাল খরচটা আজকে আমরা বসে নির্ধারণ করে দেবো। আর যাওয়ার ক্ষেত্রে মোটামুটি কত টাকা খরচ হতে পারে, আশা করা যায়, নভেম্বরে এভ্রিথিং উইল বি ওপেন।’  প্রতিমন্ত্রী বলেন, ‘বোয়েসেল থেকে আমরা আলাপ-আলোচনা করে দেখলাম, ১ লাখ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মতো খরচ পারে। আর প্রাইভেটের ক্ষেত্রেও কেমন খরচ হতে পারে আমরা এস্টিমেট করে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্ধারণ করে দেবো।’ 

মালয়েশিয়াগামী কর্মীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দর থেকে কাল ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস। এয়ারলাইনসটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে রিয়াদ বিমানবন্দরে সৌদিয়ার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোয় কার্যক্রম সীমিত থাকায় সম্প্রতি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রিয়াদ বিমানবন্দর থেকে কাল ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

মাদক মামলায় বিদেশিদের মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিভিন্ন দেশের নাগরিকদেরও মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ ধরনের সাজা কার্যকর, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠছে।এ ছাড়া বন্দীদের নির্যাতনের অভিযোগ, আইনজীবী পাওয়ার সীমাবদ্ধতা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়েও উদ্বেগ রয়েছে। এসব কারণে সৌদি আরবের বিচারব্যবস্থা ও মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।২০২৫ সালের সেপ্টেম্বরের ঘটনা। সৌদি আরবের কারাগারে থাকা চার মিসরীয় বন্দীকে জানানো হয়, তাঁদের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কারা কর্তৃপক্ষ জানায়, তাঁদের মামলাগুলো নতুন করে পর্যালোচনা করা হবে।কিন্তু সেই আশ্বাসের কিছুদিন পরই ঘটে ভিন্ন ঘটনা। কোনো আগাম ঘোষণা ছাড়াই চার বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বাংলাদেশের পাঠকের কাছে এ চিত্র এখন ভালোভাবেই পরিচিত হয়ে উঠেছে। পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর)’ হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ দুজন সেই হিসাবের বাইরে। ওই ছয় মাসে কত বাংলাদেশির সাজা কার্যকর হয়েছে, তা জানা যায়নি। সৌদি আরব বহু বছর ধরেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি। সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও দেশটি বৈশ্বিক তালিকার শীর্ষে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কোন আইনে, কার বিবেচনায় আর কেমন আদালতে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড ঠিক হয়? আর যুবরাজের বারবার দেওয়া সংস্কারের আশ্বাসই–বা গেল কোথায়? খোঁজা যাক সে উত্তর: ২০২৫ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে রেকর্ড ৩৫৬টি। এক বছর আগে, ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩৪৫, যা তখন ছিল গত এক দশকের সর্বোচ্চ। ২০১৮ সালে, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পরের বছর, কার্যকর হয়েছিল ১৪৯টি; ২০২৪ সালের সংখ্যা তার দ্বিগুণের বেশি। ২০১৪ সালের ৯০টির তুলনায় এটি প্রায় গুণ। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই ১৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। অ্যামনেস্টি তখনই সতর্ক করেছিল, ওই গতিতে চললে বছরের মোট সংখ্যা ২০২৪ সালের রেকর্ডের কাছাকাছি দাঁড়াতে পারে। বছর শেষে ৩৫৬ সংখ্যাটি সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি আরবে মোট ১ হাজার ৮১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের প্রায় প্রতি তিনজনের একজনের সাজা হয়েছে শুধু মাদকসংক্রান্ত অপরাধে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইএসওএইচআর অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে। সংস্থাটির হিসাবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে মোট কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে। পূর্ববর্তী যেকোনো শাসনামলের তুলনায় এটি রেকর্ড। সৌদি আরবে সব অপরাধ ও শাস্তি নির্ধারণ করে, এমন একটি পূর্ণাঙ্গ দণ্ডবিধি নেই। কোনটি অপরাধ, আর তার শাস্তি কী হবে, তা ঠিক করার ব্যাপক ক্ষমতা পান বিচারকেরা। তাঁরা এটি করেন ইসলামি আইন (শরিয়াহ) ও ফিকহের (শরিয়াহর বিধানগুলোর ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে ইসলামি আইনবিদদের বোঝাপড়া) নিজস্ব ব্যাখ্যায়। দেশটির শাসনব্যবস্থা অনুযায়ী, যেকোনো আইনের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন ও সুন্নাহ। ইসলামি আইনে অপরাধ তিন ভাগে বিভক্ত: হদ, কিসাস ও তাজির। হদ ও কিসাস—এ দুই শ্রেণির অপরাধে শাস্তি নির্ধারিত; এর মধ্যে মৃত্যুদণ্ডও আছে। হদ নির্দিষ্ট কিছু অপরাধের জন্য নির্ধারিত শাস্তি; যেমন কিছু ক্ষেত্রে চুরি, ব্যভিচার ও মদ্যপান। কিসাস প্রযোজ্য হয় প্রধানত খুন বা শারীরিক আঘাতের ক্ষেত্রে, প্রতিশোধমূলক শাস্তি হিসেবে। নির্দিষ্ট শর্তে ভুক্তভোগী বা নিহত ব্যক্তির স্বজনেরা এ ক্ষেত্রে ক্ষমা করতে বা ক্ষতিপূরণ গ্রহণ করতে পারেন। তৃতীয় শ্রেণি তাজির এমন অপরাধ, যার শাস্তি হদ বা কিসাসে নির্ধারিত নেই। জনশৃঙ্খলা ও সমাজের স্বার্থ ক্ষুণ্ন করে, এমন সব কাজ এর আওতায় পড়ে। এখানে শাস্তি কী হবে, তা ঠিক করেন বিচারক নিজে। মৃত্যুদণ্ডের রায়ে শরিয়াহর নির্ধারিত বিধান আর তাজিরের বিবেচনামূলক সিদ্ধান্ত মিলেমিশে থাকে। সবচেয়ে কঠোর ও অপূরণীয় শাস্তি হওয়া সত্ত্বেও মৃত্যুদণ্ড এখানে বিচারকের বিবেচনার ওপরই ছাড়া। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, তাজিরের আওতায় মৃত্যুদণ্ড ‘কদাচিৎ প্রয়োগ হয়’। তবে মানবাধিকার সংস্থার পরিসংখ্যান ভিন্ন ছবি দেখায়। কিছু লিখিত আইনেও নির্দিষ্ট অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যে ২০১৭ সালের সন্ত্রাসবিরোধী আইন এবং ২০০৫ সালের মাদকবিরোধী আইন প্রধান। মাদকবিরোধী আইনে কয়েকটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে মূল শাস্তি হিসেবেই রাখা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের অস্পষ্ট ধারায় ‘জাতীয় ঐক্য বিপন্ন করা’র মতো অভিযোগেও লোকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেসব অপরাধের শাস্তি কোনো আইনে নির্ধারিত নেই, সেখানে বিচারকেরা ফিরে যান শরিয়াহর ব্যাখ্যায়। মৃত্যুদণ্ডের তালিকাও দীর্ঘ। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, শুধু খুন নয়; অস্ত্রের মুখে ডাকাতি, অপহরণ বা ধর্ষণের সঙ্গে জড়িত খুনেও মৃত্যুদণ্ডের বিধান আছে। এর বাইরে রাষ্ট্রদ্রোহ, ধর্ষণ, অপহরণ, ডাকিনীবিদ্যা ও জাদুটোনা, ডাকাতি, নির্যাতন এবং খুনের চেষ্টার মতো অপরাধেও মৃত্যুদণ্ড দেওয়া যায়। মাদকের ক্ষেত্রে পাচার, দখলে রাখা, বিতরণ এমনকি সেবন পর্যন্ত এর আওতায়। তবে আন্তর্জাতিক আইনে মৃত্যুদণ্ড শুধু ‘সবচেয়ে গুরুতর অপরাধ’-এর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ইচ্ছাকৃত হত্যা। সৌদি সরকার জাতিসংঘের সংশ্লিষ্ট দলকে বলেছে, তারা শুধু ‘সবচেয়ে গুরুতর অপরাধে’ই মৃত্যুদণ্ড দেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ ‘বিবেচনামূলক শাস্তির দণ্ডবিধি’ (পেনাল কোড ফর ডিসক্রিশনারি স্যাঙ্কশনস) নামে একটি নতুন আইনের খসড়ার ঘোষণা দেয়, যাতে তাজিরের অপরাধগুলো লিখিত রূপ পাবে। ফাঁস হওয়া খসড়া বিশ্লেষণ করে অ্যামনেস্টি বলছে, এতে মৃত্যুদণ্ড সীমিত হওয়ার বদলে আরও পাকাপোক্ত হচ্ছে। খসড়ায় খুন, ধর্ষণ, ‘ধর্মদ্রোহ’ ও ‘ধর্মত্যাগ’-এর অভিযোগে বিচারকেরা মৃত্যুদণ্ড দিতে পারবেন। এটি আনুষ্ঠানিকভাবে এখনো পাস বা কার্যকর করা হয়নি। দেশের সর্বোচ্চ বিচারিক সংস্থা ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’। এর সদস্য ১১ জন, প্রধান হন বিচারমন্ত্রী। বাদশাহ নবায়নযোগ্য চার বছরের মেয়াদে সদস্য নিয়োগ দেন। ২০০৭ সালের ‘বিচারব্যবস্থা-আইন’ অনুযায়ী এ পর্ষদ আদালত ও বিচারকদের কাজ তদারক করে। আর মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, পাথর ছুড়ে হত্যা কিংবা কিসাসের রায় পর্যালোচনার দায়িত্ব সুপ্রিম কোর্টের। আইনে বিচারকদের স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু অ্যামনেস্টির মূল্যায়নে বিচারকেরা কার্যত নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণেই থাকেন। বিচারক নিয়োগ হন রাজকীয় আদেশে। বিচারক পুরুষ হতে হবে—এমন কথা আইনে স্পষ্ট করে লেখা নেই; তবে দেশের সব বিচারকই পুরুষ। সরকারি কৌঁসুলি দপ্তর ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী—দুটিই সরাসরি বাদশাহ ও যুবরাজের কাছে জবাবদিহি করে। সৌদি গবেষক আবদুল্লাহ আলাউদের ভাষ্য, যুবরাজ বিচারব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়েছেন। এ জন্য প্রসিকিউশনের ক্ষমতা (রাষ্ট্রীয়ভাবে মামলা তদন্ত ও আসামিকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রশাসনিক ও আইনি ক্ষমতা) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়েছেন রাজদরবারে। এ ছাড়া বিচারাঙ্গনে প্রভাব খাটাতে পারে, এমন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সরিয়েছেন, আদালতজুড়ে বসিয়েছেন অনুগতদের। অ্যামনেস্টির মতে, বিচারকদের ব্যাপক বিবেচনাক্ষমতা আর বিচারব্যবস্থার স্বাধীনতার অভাবের সুযোগে কর্তৃপক্ষ আদালতকে ব্যবহার করে সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির সমালোচকদের শাস্তি দিতে পেরেছে। আসামিদের অধিকার অবশ্য কাগজে আছে। ২০১৩ সালের নভেম্বরে রাজকীয় ফরমানে জারি হওয়া ফৌজদারি কার্যবিধি আইনে তদন্ত ও বিচার—দুই পর্যায়েই আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আসামিদের ওপর নির্যাতন ও তাঁদের সঙ্গে অন্যান্য দুর্ব্যবহার করা নিষিদ্ধ, বিচারপূর্ব আটকের সময়সীমা বাঁধা, দীর্ঘ আটকে বিচারিক পর্যালোচনা বাধ্যতামূলক, আর মৃত্যুদণ্ডসহ সব রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। বাস্তবে, অ্যামনেস্টির ভাষ্য, মৃত্যুদণ্ডের মামলাতেও আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা ধারাবাহিকভাবে মানা হয়নি। যেসব মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক অভিযোগ থাকে, সেগুলো যায় বিশেষায়িত ফৌজদারি আদালতে। এ আদালত সম্পর্কে জাতিসংঘের যথেচ্ছ আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপের মত, একে স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনাল বলা যায় না। ২০১৮ সাল থেকে সৌদি কর্তৃপক্ষ একাধিকবার মৃত্যুদণ্ডের ব্যবহার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। অ্যামনেস্টির পর্যবেক্ষণ, প্রতিবারই তারা হয় পিছু হটেছে, নয়তো আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেনি। ২০২২ সালের ৩ মার্চ ‘দ্য আটলান্টিক’কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছিলেন, একটিমাত্র শ্রেণি বাদে মৃত্যুদণ্ডের বাকি সবকিছুই তাঁরা তুলে দিয়েছেন। ওই শ্রেণির কথা পবিত্র কোরআনে লেখা আছে; এ নিয়ে কিছু করার নেই। এ ছাড়া যুবরাজ বারবার প্রকাশ্যে আশ্বাস দিয়েছেন, মৃত্যুদণ্ড শুধু হত্যার ক্ষেত্রে থাকবে এবং শরিয়াহ যেসব অপরাধে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করেনি, যেমন মাদক সংশ্লিষ্ট অপরাধ—সেসব ক্ষেত্রে তা তুলে নেওয়া হবে। অর্থাৎ তাজিরের ভিত্তিতে আর মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না। অথচ সৌদি সরকারি সংবাদ সংস্থার ঘোষণাই বলছে, তাজিরের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে চলেছে। ২০২১ সালের জানুয়ারিতে সৌদি আরবের মানবাধিকার কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক অপরাধে মৃত্যুদণ্ড স্থগিত করার ঘোষণা দেয়। মাদক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরে অলিখিত এ স্থগিতাদেশ ২০২৩ সালে উঠে যায়; তারপর আগে থেমে থাকা মামলাগুলোতেও মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়। অ্যামনেস্টি ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ঘোষিত মৃত্যুদণ্ডের আইনি ভিত্তি বিশ্লেষণ করেছে। দেখা গেছে, ৮৬২টি অর্থাৎ ৪৭ দশমিক ৫ শতাংশ মৃত্যুদণ্ডের ভিত্তি ছিল তাজির। এর মধ্যে ৫৯৭টি (৬৯ দশমিক ৩ শতাংশ) শুধু মাদক অপরাধে আর ১৩৫টি (১৫ দশমিক ৭ শতাংশ) শুধু ‘সন্ত্রাস’-সংক্রান্ত অপরাধে। সময়ের হিসাবে ছবিটা এমন—২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোটামুটি অর্ধেক মৃত্যুদণ্ড হদ বা কিসাসে, বাকি অর্ধেক তাজিরে। ২০১৯ সালে তাজিরের অংশ লাফিয়ে প্রায় ৭১ শতাংশে ওঠে; ওই বছর সরকারি সংবাদ সংস্থা ১৩০ জনের তাজির-মৃত্যুদণ্ডের খবর দেয়, যাঁদের ৮৪ জন শুধু মাদক অপরাধে। ২০২০ থেকে ২০২৩ সালে তাজিরের হার কমে, যার আংশিক কারণ মাদক অপরাধে মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ হতে পারে বলে অ্যামনেস্টি মনে করে। ২০২৪ সালে আবার ৪০ দশমিক ৯ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর হয় তাজিরের ভিত্তিতে; আরও ১১ দশমিক ৩ শতাংশের ভিত্তি অজানা। ওই বছর শুধু মাদক অপরাধে তাজির-মৃত্যুদণ্ড ছিল ১২২টি, যা ২০১৫ সালের প্রায় দ্বিগুণ। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনেই তা হয় ১১৮টি। মাদকের পাশাপাশি দ্বিতীয় বড় ক্ষেত্র ‘সন্ত্রাস’। অ্যামনেস্টির মতে, সৌদি আরব ‘সন্ত্রাস’, ‘সন্ত্রাসী অপরাধ’ ও ‘সন্ত্রাসী সংগঠন’-এর অত্যন্ত অস্পষ্ট সংজ্ঞা ব্যবহার করে এমন মামলায়ও মৃত্যুদণ্ড দেয়; যেখানে ইচ্ছাকৃত হত্যার ঘটনা নেই। উদ্দেশ্য, ভিন্নমত দমন। ২০১৭ সালের সন্ত্রাস দমন আইনের অস্পষ্ট ধারা ব্যবহার করে বিচারকেরা ‘জাতীয় ঐক্য বিপন্ন করা’ কিংবা ‘জনশৃঙ্খলা ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত করা’র মতো অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন। শান্তিপূর্ণ মতভিন্নতা প্রদর্শন, মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সংস্কারের পক্ষে প্রচারও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বা ‘সন্ত্রাস’ হিসেবে গণ্য করা হয়েছে বলে অ্যামনেস্টির দাবি। ২০১১–২০১২ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বৈষম্যবিরোধী বিক্ষোভ তীব্র হলে কর্তৃপক্ষ এতে অংশগ্রহণ বা সমর্থন দেওয়ায় সন্দেহভাজনদের ওপর দমন-পীড়ন চালায়। গ্রেপ্তার হন অনেক বিক্ষোভকারী, তাঁদের মধ্যে ছিল অপ্রাপ্তবয়স্করাও। শাস্তি হিসেবে ব্যবহৃত হয় মৃত্যুদণ্ড। এই ধারার অন্যতম আলোচিত নাম সৌদ আল-ফারাজ। এই ব্যবসায়ীকে ২০১৯ সালের ডিসেম্বরে আল-কাতিফের বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ২০১১–২০১২ সালের ওই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ২০২২ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জুনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ এর আগে তাঁর আটককে বেআইনি ও অযৌক্তিক বলে গণ্য করেছিল। শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করার অভিযোগে দণ্ডিত আরও ৪৯ জন এখন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে আছেন বলে জানিয়েছে ইএসওএইচআর। এঁদের মধ্যে আছেন শেখ সালমান আল-আওদা ও শেখ হাসান আল-মালিকি। ২০১৮ সাল থেকে সরকারি কৌঁসুলিরা তাঁদের মৃত্যুদণ্ড দাবি করে এলেও আজ পর্যন্ত তাঁদের বিচারপ্রক্রিয়া অমীমাংসিত রয়ে গেছে। চলতি ২০২৬ সালে ইএসওএইচআরের নথিবদ্ধ ১০৮টি মৃত্যুদণ্ডের ৮৪টি, অর্থাৎ ৭৭ দশমিক ৭ শতাংশ, তাজিরের ভিত্তিতে কার্যকর হয়েছে। অপরাধের ধরন ধরলে মাদকসংক্রান্ত অপরাধে ৭১টি (৬৫ দশমিক ৭ শতাংশ), হত্যায় ২৫টি (২৩ শতাংশ), রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯টি (প্রায় ৮ শতাংশ) এবং অন্যান্য মামলায় ৩টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ ১০৮টি মৃত্যুদণ্ডের ৮৩টি এমন অপরাধে, যার সঙ্গে হত্যার সম্পর্ক ছিল না। ইএসওএইচআর আরও জানিয়েছে, ১০৮টির ৯১টি (৮৪ দশমিক ২ শতাংশ) মামলা সম্পর্কে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তারা বা অন্য কোনো সংস্থা কোনো তথ্য জানতে বা নথিবদ্ধ করতে পারেনি। মানবাধিকার সংস্থাগুলোর নথিবদ্ধ প্রতিটি মামলায় আসামিরা অভিযোগ করেছেন, স্বীকারোক্তি আদায়ের জন্য জিজ্ঞাসাবাদের সময় তাঁদের নির্যাতন বা দুর্ব্যবহার করা হয়েছে; আর সেই স্বীকারোক্তিই পরে আদালতে অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। সংস্থাগুলোর ভাষ্য, সৌদি আরবে বেশির ভাগ মৃত্যুদণ্ড ও দোষী সাব্যস্তের ভিত্তি শুধুই জবরদস্তিমূলক স্বীকারোক্তি। যাচাই বা পরীক্ষা করা মামলাগুলোতে দেখা গেছে, নির্যাতনের অভিযোগ কোনো অনুসন্ধান ছাড়াই খারিজ হয়ে গেছে। সৌদ আল-ফারাজের অভিযোগ আরও ভয়াবহ। মিথ্যা স্বীকারোক্তি লিখতে রাজি না হওয়ায় তাঁকে বারবার নির্যাতন করা হয়েছে। তাঁকে এমনভাবে মারধর করা হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হয়; তিনি যৌন সহিংসতার শিকার হন; তাঁর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের হুমকিও দেওয়া হয়। শিশুসন্তানকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে স্ত্রীকেও স্বামীর বিরুদ্ধে বিবৃতিতে সই করানো হয়। বিচার চলাকালে তিনি নির্যাতনের বিস্তারিত অভিযোগ তোলেন এবং বিশেষায়িত ফৌজদারি আদালত, সরকারি কৌঁসুলি, সৌদি মানবাধিকার কমিশন ও সরাসরি যুবরাজের কাছে লিখিত অভিযোগ জমা দেন। কোনো তদন্ত শুরু হয়নি; আদালতও তাঁর স্বীকারোক্তি গ্রহণযোগ্য কি না, তা যাচাই করেননি। জালাল আল-লাব্বাদকে অপ্রাপ্তবয়স্ক থাকার সময় আল-কাতিফে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ, মিথ্যা বিবৃতিতে সই করাতে তাঁকে বিদ্যুতের শক, শ্বাসরোধ ও মারধরের মতো নির্যাতন করা হয়েছে, রাখা হয়েছে দীর্ঘ সময় একা। শৈশবে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ তরুণসহ একাধিক মামলায় নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তিই বিচারে দণ্ডের একমাত্র প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। এমন জবরদস্তিমূলক স্বীকারোক্তির পথ সহজ করে একাকী ও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা আটকের ঘটনা। সৌদ আল-ফারাজ ২০১৯ সালের ২ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর ২০ মাসের বেশি একাকী আটক ছিলেন এবং পুরো সময় তাঁর বাইরের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। জালাল আল-লাব্বাদ দুই দফায় মোট ৯ মাস নির্জন কারাবাসে ছিলেন। আবদুল্লাহ আল-দেরাজি তিন মাস বাইরের জগতের সঙ্গে যোগাযোগহীন ছিলেন, পরিবার জানত না তিনি কোথায়। ইউসুফ আল-মানাসিফের পরিবার গ্রেপ্তারের পর পাঁচ মাস তাঁর সঙ্গে দেখা করতে পারেনি। জাওয়াদ কুরেইরিস তদন্তের সময় আইনজীবী ও পরিবার—দুইয়ের সঙ্গেই যোগাযোগের সুযোগ পাননি। হাসান জাকি আল-ফারাজ তিন মাস, ফারহাত আবু আল-সাউদ চার মাস একাকী ছিলেন। নির্জন কারাবাসের সময় মোহাম্মদ লাব্বাদকে একসঙ্গে একাধিক ব্যক্তি ধাতব তার দিয়ে পিটিয়েছেন, যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে লাথি মেরেছেন, গলায় পা দিয়ে চেপে শ্বাস রোধ করেছেন; তাঁর ওপর ওয়াটারবোর্ডিং চালানো হয়েছে এবং দীর্ঘ সময় হাত-পায়ে কড়া পরিয়ে রাখা হয়েছে। জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার বারবার বলেছেন, শুধু স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। ওয়ার্কিং গ্রুপের ভাষ্য, জবরদস্তিমূলক স্বীকারোক্তি গোটা বিচারপ্রক্রিয়াকেই কলুষিত করে এবং ন্যায্য বিচারের মৌলিক নীতিকে গুরুতরভাবে ক্ষুণ্ন করে। এ বিচারব্যবস্থার ভার সবার ওপর সমানভাবে পড়ছে না। সৌদি আরবের প্রায় ৩ কোটি ৫৩ লাখ মানুষের মধ্যে প্রবাসী/বিদেশি প্রায় ১ কোটি ৫৭ লাখ, অর্থাৎ ৪৪ দশমিক ৪ শতাংশ। অথচ ২০২৪ সালে শুধু মাদক অপরাধে কার্যকর ১২২টি মৃত্যুদণ্ডের ৯২টিই (৭৫ দশমিক ৪ শতাংশ) বিদেশির। ২০২৫ সালে মাদক অপরাধে কার্যকর করা ২৪০টি মৃত্যুদণ্ডের অন্তত ১৮৮টি বিদেশির। চলতি বছরের প্রথমার্ধে ১০৮ জনের ৫৯ জন (প্রায় ৫৪ শতাংশ) বিদেশি; বাংলাদেশ, সৌদি আরবসহ ১৭টি দেশের নাগরিক রয়েছেন তাঁদের মধ্যে। জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি ২০২৩ সালের পর মৃত্যুদণ্ড কার্যকরের হারে ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ নিয়ে বিশেষ উদ্বেগ জানিয়ে মৃত্যুদণ্ড স্থগিতাদেশের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের দুই বিশেষ র‍্যাপোর্টিয়ারও সৌদি সরকারকে যৌথ চিঠিতে জানান, বিদেশিদের বিরুদ্ধে মাদক অপরাধে মৃত্যুদণ্ডের বৈষম্যমূলক প্রয়োগের আশঙ্কা তাঁদের আছে। সৌদি আরবের কারাগার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের অবস্থা বিশেষভাবে খারাপ। এর মধ্যে রয়েছে গাদাগাদি করে থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসাসহ প্রশাসনিক অবহেলার মতো বিষয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাবুক কারাগারের বন্দীদের রাখা হয়েছিল ঠাসাঠাসি, নোংরা ও বাতাস চলাচলহীন কক্ষে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি কয়েকজন বন্দী অনশনও শুরু করেন। তাঁদের প্রতিবাদ ছিল পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সময় হাতকড়া পরিয়ে খালি পায়ে হাঁটানোর মতো অবমাননাকর আচরণের বিরুদ্ধে। সৌদি আইনে বন্দী বা তাঁর পরিবারকে মৃত্যুদণ্ড কার্যকরের আগাম খবর দেওয়ার স্পষ্ট বিধান নেই; মরদেহ হস্তান্তরেরও নিশ্চয়তা নেই। বাস্তবে পরিবারগুলো বড়জোর ২৪ ঘণ্টা আগে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা প্রিয়জনের কাছ থেকে এ বিষয়ে জানতে পারে। একই ধরনের অপরাধে দণ্ডিত বিদেশি বন্দীদের একসঙ্গে নির্জন ওয়ার্ডে সরিয়ে নেওয়াকে এই বন্দীরা আসন্ন মৃত্যুদণ্ডের ইঙ্গিত হিসেবে দেখেন। ২০২৫ সালের প্রথমার্ধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজনের ক্ষেত্রে অ্যামনেস্টি দেখেছে, তাঁদের মরদেহ পরিবারকে ফেরত দেওয়া হয়নি, কবর কোথায় তা–ও জানানো হয়নি। যাঁরা মনে করেন তাঁদের মামলা এখনো পর্যালোচনায় রয়েছে, তাঁদের মৃত্যুদণ্ডও কার্যকর হয়েছে। জর্ডানের হুসেইন আবু আল-খায়েরকে সৌদি কারা কর্তৃপক্ষ পুনর্বিচারের প্রস্তুতি হিসেবে আইনজীবী নিয়োগ করতে বলেছিল। এর অল্প পরই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। ২০২১ সালের জুনে আবু আল–খায়ের পরিবারকে জানিয়েছিলেন, তাঁকে বলা হয়েছে ‘সাজা স্থগিত হয়েছে, রাজকীয় নির্দেশে মাদক অপরাধে কিছু বন্দীকে ক্ষমার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা পর্যালোচনা করছে’। তাঁর আশপাশের কয়েকজনের সাজা বদলালেও তিনি আটক থেকে যান। ২০২৩ সালের মার্চে, কোনো আগাম নোটিশ ছাড়াই, তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ রকম আশ্বাস আর আকস্মিক মৃত্যুদণ্ডের পরিণতি যে শুধু বন্দীদের ওপরই পড়ে, তা নয়। লেখার শুরুতে উল্লেখ করা চার মিসরীয়ের ক্ষেত্রেও ঘটেছে এটাই; যুবরাজের স্থগিতাদেশের আশ্বাসের পর হঠাৎ মৃত্যুদণ্ড। এ মিথ্যা আশ্বাস বন্দী ও তাঁদের পরিবারের তীব্র মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। ইএসওএইচআরের সঙ্গে সাক্ষাৎ করা বন্দীরা জানিয়েছেন, তাঁরা প্রতিনিয়ত মৃত্যুদণ্ডের আতঙ্কে বাস করছেন। সাম্প্রতিক মাসগুলোতে তাঁরা দেখেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের কিছুদিনের জন্য সম্পূর্ণ আলাদা রেখে এবং বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে হঠাৎ মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪ সালে জাতিসংঘের এক সর্বজনীন পর্যালোচনায় সৌদি আরবে মৃত্যুদণ্ড নিয়ে অন্তত ৩৫টি সুপারিশ করা হয়। কয়েকটি দেশ আনুষ্ঠানিক স্থগিতাদেশের মাধ্যমে এ দণ্ড বিলোপের পথে এগোনোর আহ্বান জানায়। আর্জেন্টিনা ১৮ বছরের কম বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ড স্পষ্টভাবে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। অ্যামনেস্টি সৌদি আরবকে মৃত্যুদণ্ড প্রয়োগে বৈষম্য নিয়ে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করতে বলেছে। নির্যাতনবিরোধী কনভেনশনের অধীন সৌদি আরব নির্যাতন প্রতিরোধ এবং নির্যাতনে আদায় করা স্বীকারোক্তি আইনি প্রক্রিয়ায় গ্রহণ না করা নিশ্চিত করতে বাধ্য। কিন্তু ২০২৬ সালের প্রথম ছয় মাসের চিত্রে আবারও স্পষ্ট, আন্তর্জাতিক দায়বদ্ধতা বা প্রকাশ্যে ঘোষিত আইনি প্রতিশ্রুতির তোয়াক্কা না করেই সৌদি আরব দ্রুতগতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে চলেছে। এর মধ্যে নির্যাতনবিরোধী কনভেনশন এবং শিশু অধিকার সনদের অধীনে থাকা প্রতিশ্রুতিও আছে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনা এবং অন্যায্য বিচার, নির্যাতন, বৈষম্য ও স্বচ্ছতার অভাব নিয়ে গুরুতর উদ্বেগ থাকা সত্ত্বেও দেশটি বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর তালিকায় নিজের অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। হুসেইন আবু আল-খায়েরের বোন অ্যামনেস্টিকে বলেছিলেন, ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ‘৯ বছরের নির্যাতনের পর’। এই নির্যাতন সইতে হয়েছে তাঁকে (আবু আল–খায়ের), তাঁর স্ত্রী-সন্তানকে আর পুরো পরিবারকে। মরদেহ ফেরত না আসায় পরিবারের হাতে ছিল না শোক করার মতো কিছুই। আইন, আদালত আর ঘোষিত সংস্কারের এ দীর্ঘ হিসাব-নিকাশ শেষে যে প্রশ্ন থেকে যায়, তা আসলে এই—রেকর্ড মৃত্যুদণ্ডের এই দেশে একজন মানুষের শেষ খবরটুকুও কি সময়মতো পৌঁছায় তাঁর পরিবারের কাছে? তথ্যসূত্র: ১.  এমইএনএ (মিনা) রাইটস গ্রুপ, এএলকিউএসটি ফর হিউম্যান রাইটস এবং ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)—তিনটি মানবাধিকার সংস্থার যৌথভাবে তৈরি করা প্রতিবেদন—Death penalty in Saudi Arabia: joint submission to the Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, March 10, 2026; ২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন—Saudi Arabia: “If We Had Money and a Lawyer, Maybe My Brother Would Be Alive”: Saudi Arabia’s Execution Crisis, 7 July 2025 ৩. ইএসওএইচআর–এর প্রতিবেদন—108 Saudi Arabia: Executions in the First Half of 2026. ৪.ডব্লিউআইপিও–এর নিবন্ধ—Law of Criminal Procedure (promulgated by Royal Decree No. M/39 of 28 Rajab 1422 (16 October 2001)), Saudi Arabia;

মাদক মামলায় বিদেশিদের মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব

ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার

গত ১২ অক্টোবর ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে আসা তিনজন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্স কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওমান থেকে আগত উক্ত ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে শনাক্তকৃত যাত্রী জসিমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল। পরবর্তীতে এয়ারপোর্ট (১৩) এপিবিএন বিমানবন্দর থানা ও কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে মামলার আসামি জসিম পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘বিমানবন্দর এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সর্বদা তৎপর এবং সক্রিয় ভূমিকা পালন করে আসছে। যেকোনও ধরনের অপতৎপরতা প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত অপরাধ, জনহয়রানিমূলক কর্মকাণ্ড, চুরি ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।’

ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার

জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ, স্বাক্ষরিত হয়েছে চুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে পূর্ব-এশিয়ার দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। সোমবার (১৯ অক্টোবর) চুক্তি স্বাক্ষর ও কর্মী নিয়োগের বিষয়টি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে রোববার (১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ উভয় দেশের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন। বর্তমান সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ইতিহাসে এটি একটি অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় এই চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে। এই চুক্তির অধীনে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ ৫ বছর। আর মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর। ঐতিহাসিক এই চুক্তির ফলে বাংলাদেশি কর্মীরা জাপানে অভূতপূর্ব সুযোগ ও সুরক্ষা লাভ করবেন। চুক্তির মূল সুবিধাগুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা উন্নয়ন ঘটবে। এর ফলে কর্মীরা উচ্চ বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষাপ্রাপ্ত হবেন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমান সুযোগ পাবেন। বিশেষ করে নারী বিদেশি কর্মীদের প্রতি গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো ধরনের চাকরিচ্যুত বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তাই গর্ভধারণ বা সন্তান প্রসূতির কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যবাধকতামূলক বিধান এই চুক্তিতে রাখা হয়নি। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ, স্বাক্ষরিত হয়েছে চুক্তি

সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা

দীর্ঘদিন সৌদি আরবে থেকেও পরিবারের ভাগ্য ফেরাতে পারেননি আবদুল বাছির। ২০২০ সালে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। সচ্ছলতার আশায় ছয় লাখ টাকা ঋণ করে ২০২২ সালের শেষ দিকে বড় ছেলেকে সৌদি আরবে পাঠান। কিন্তু সেখানে যাওয়ার আট মাসের মাথায় গ্রেপ্তার হন ছেলে। তখনো ঋণের সাড়ে চার লাখ টাকা পরিশোধ বাকি। ছেলে সৌদি আরবে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার প্রায় তিন বছর পর গত বুধবার (১৪ অক্টেবর) ভয়ংকর একটি খবর পান বাবা। জানতে পারেন ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবরটি শোনার পর থেকে তাঁর মনে হচ্ছে, বেঁচে থেকেও যেন তিনি বেঁচে নেই। এখন শুধু একটাই চাওয়া, সৌদি আরব থেকে ছেলের মরদেহ দেশে এনে তাঁকে যেন একটিবার দেখানো হয়। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এ ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করবে। নজরুল ইসলামের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। এই উপজেলার একটি গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের বড় ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নজরুল বড়। নজরুল ২০২০ সালে একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে সদর উপজেলার একটি কলেজে মানবিক বিভাগে ভর্তি হন। নজরুলের বাবা দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে দেশে চলে আসেন। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও পরিবারে সচ্ছলতা আনতে পারেননি। দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। নজরুলের ছোট ভাই (১৪) স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়ে। এক বোন (৯) পড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। ছোট বোনের বয়স চার বছর। খবর শুনে ফুফুর মৃত্যু পরিবারের সদস্যরা জানান, নজরুল ২০২২ সালের নভেম্বরে সৌদি আরবে যান। পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি। সৌদি আরবে যাওয়ার আট মাসের মাথায় সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি দেশটির কারাগারে ছিলেন। গ্রেপ্তারের এক মাস পর বিষয়টি জানতে পারে পরিবার। মাঝেমধ্যে বাবা–মায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পেতেন নজরুল। তাঁদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয় ১১ অক্টোবর। সেদিন দুই থেকে আড়াই মিনিট কথা হয়। এরপর গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৌদি আরব থেকে একজন ফোন করে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি পরিবারকে জানান। পরিবারের সদস্যরা জানান, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর শুনে তাঁর ফুফু আবেদা বেগম (৬৫) মূর্ছা যান। সেদিন (গত বুধবার) রাত দুইটার দিকে মারা যান তিনি। ষড়যন্ত্র দেখছে স্বজন–বন্ধুরা নজরুলকে বিনয়ী ও ভদ্র বলেই জানেন আত্মীয়স্বজন ও বন্ধুরা। সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যায় না বলেও দাবি তাঁদের। এ অভিযোগের পেছনে ষড়যন্ত্র ছিল বলে মনে করেন তাঁরা। নজরুলের দূরসম্পর্কের দুই চাচাতো ভাই মোস্তাকিম ভূঁইয়া ও ইমাম হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজ করার সময় নজরুলের সঙ্গে একজনের বিরোধ তৈরি হয়। বিষয়টি ফোনে চাচা–চাচিকেও (নজরুলের বাবা–মা) বলেছিলেন। ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক, এমন কথা নজরুল জানিয়েছিলেন তাঁদের। ওই লোকের ষড়যন্ত্রের কারণেই নজরুলের এমন পরিণতি হয়েছে বলে তাঁরা মনে করেন। নজরুলের বন্ধু রাহাত ভূঁইয়া বলেন, সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্টের সঙ্গে সাংঘর্ষিক। সে এ ধরনের কাজ করেছে বলে বিশ্বাস হচ্ছে না। স্থানীয় যে দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন নজরুল, সেই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নাঈমুর রহমান বলেন, নজরুলের আচার-আচরণ ও চলাফেরা খুবই ভালো ছিল। কেউ তাঁর বিষয়ে এমন বলতে পারবে না যে ছেলেটা বাজে ছিল বা খারাপ ছিল। তাঁর সম্পর্কে যা বলা হচ্ছে, দেশে থাকতে তাঁর চলাফেরায় কখনো এমন কিছু দেখিনি। ছেলের মরদেহ দেখতে চান বাবা–মা আজ সোমবার সকালে নজরুলদের বাড়িতে যান এই প্রতিবেদক। তাঁর বাবা আবদুল বাছিরের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বারবার কাঁদছিলেন তিনি। আবদুল বাছির প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠান তিনি। প্রথম সাত–আট মাসে ছেলে প্রায় দেড় লাখ টাকা পাঠিয়েছিল। এরপর তিন বছর ধরে ছেলে সে দেশের জেলে। ছেলের এমন মৃত্যুর শুনে বোনও হঠাৎ হৃদ্‌রোগে মারা গেল। এখন শুধু ছেলের মরদেহ দেখার অপেক্ষায় আছেন তিনি। ছেলে হারানোর শোকে গত কয়েক দিন টানা কাঁদছেন মা রহিমা বেগম। তিনি বলেন, ‘ছেলেই এক মাস পরপর ফোন করত। এক থেকে দুই মিনিট কথা বলত। আমার ছেলের বিরুদ্ধে যে অভিযাগ আনা হইছে তা মিথ্যা। আমি শেষবারের মতো ছেলের লাশ দেখতে চাই।’

সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও আইনি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।  রবিবার (১২ অক্টোবর) দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত কোনও তথ্য, ছবি বা ভিডিও ধারণ, মুঠোফোনে সংরক্ষণ, অন্যের সঙ্গে আদান-প্রদান কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই সৌদি আরবের আইন মেনে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রচার এবং আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস। এছাড়া নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে দূতাবাসের বিভিন্ন হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫ নম্বর এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ নম্বরে বিনামূল্যে কল করা যাবে। ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে বিজ্ঞপ্তিতে ৮০০১০০০১২৪ নম্বর উল্লেখ করা হয়েছে।  এ ছাড়া মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream