বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে কপ-৩১ সম্মেলনে হওয়া উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তব কাজ ও কার্যকর সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্য ৪০০ মিলিয়ন পাউন্ড অর্থ দেওয়ার প্রাথমিক উদ্যোগ নিয়েছে। কপ-৩১ সম্মেলন চলাকালে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের নতুন একটি প্রক্রিয়ার আওতায় এই অর্থ দেওয়ার ঘোষণা আসে।এ ছাড়া জলবায়ু বিনিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি অর্থায়ন আনার বিষয়েও আলোচনা করেন তারা।বৈঠকে দুর্যোগের আগাম সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়েও দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান, যেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে। তিনি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনসহ রোহিঙ্গাদের অধিকারের পক্ষে অব্যাহতভাবে সোচ্চার থাকার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এডিনবার্গের ডাচেস সোফির ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য যৌথ উদ্যোগের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ফেনীতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একই জমিতে কৃষিকাজ ও পশুপালনের পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।এ ছাড়া সোনাগাজীর আশপাশের এলাকায় আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র ও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।প্রকল্পের কাজ এগিয়ে নিতে সোমবার ঢাকার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য সরকারের। এ জন্য সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য পূরণে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান, সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনজুর কাদির উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ জন্য গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৭.২ নম্বর লক্ষ্য অর্জনেও সহায়ক হবে প্রকল্পটি। প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি ক্ষমতার পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি উপকেন্দ্র স্থাপন করা হবে। পরামর্শক ও নির্মাণ ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও চলছে।

ফেনীতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর নির্দেশনার পর বিষ বিক্রেতাসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২) ও বিষ বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২। তাঁদের মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলার অভিযোগ রয়েছে। গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে এ হামলার ঘটনা ঘটে। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দেওয়ার সময় খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে একটি নৌকা জব্দ করতে যান। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ও নৌকার চালক মো. এরশাদ আলী আহত হন। এজাহার সূত্রে জানা যায়, সোহেল শেখ ধারালো দা দিয়ে এরশাদ আলীকে কোপ দেওয়ার চেষ্টা করেন। পরে বৈঠা দিয়ে মতিউর রহমানের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি তা প্রতিহত করতে গিয়ে ডান হাতে আঘাত পান। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান বাদী হয়ে সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২), ইউনুস আলী (৩৮) ও নূপুর খীর (৩০)–এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে দাকোপ থানায় মামলা করেন। তাঁদের সবার বাড়ি মোংলার জয়মনি এলাকায়। গত ৪ নভেম্বর মামলাটি নথিভুক্ত হয়। এদিকে শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়মনি এলাকা থেকে সোহেল ও লাইজুকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে মাছ শিকারের জন্য বিষ কেনার তথ্য দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর একই রাতে সেলিম মিয়াকেও গ্রেপ্তার করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বনকর্মীদের ওপর হামলার ঘটনা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি স্থানীয় প্রশাসনকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর পুলিশ ও বন বিভাগ বিষ দিয়ে মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করেছি, আবারও করছি। সুন্দরবনে এ অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এ অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ

দেশের স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতির ফলে মানুষের আয়ু বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতির ফলে মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে। তিনি বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতির ফলে মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে, তবে এর সঙ্গে সঙ্গে অসংক্রামক ব্যাধির প্রকোপও বাড়ছে। ২০২২ সালের জাতীয় জরিপ অনুযায়ী দেশে মোট মৃত্যুর ২১ শতাংশই ঘটছে হৃদরোগজনিত জটিলতায়। বৃহস্পতিবার রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে ‘সাশ্রয়ী হৃদরোগ পুনর্বাসন : সমন্বিত কৌশলগত প্রচার গবেষণা’-শীর্ষক পাঁচ বছর মেয়াদি গবেষণা প্রকল্পের স্টেকহোল্ডার সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহিত বলেন, উন্নত বিশ্বে প্রমাণিত হয়েছে যে ব্যায়ামভিত্তিক কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুলাংশে কমায়, হাসপাতালে পুনঃভর্তির হার হ্রাস করে এবং রোগীর জীবনের মান বাড়ায়। তিনি বলেন, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই ঘটছে অসংক্রামক ব্যাধিতে, যার মধ্যে একক কারণ হিসেবে হৃদরোগ শীর্ষে। কার্ডিয়াক ইভেন্টের পর রোগীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানসম্মত, সাশ্রয়ী ও স্থানীয়ভাবে কার্যকর ‘কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন’ মডেল বাস্তবায়নে সরকার সর্বোচ্চ নীতিগত ও কাঠামোগত সহায়তা দেবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু ক্লিনিক্যাল চিকিৎসা দিলেই চলবে না; কার্ডিয়াক অ্যাটাকের পর রোগীদের মধ্যে যে মানসিক স্বাস্থ্য সংকট, উদ্বেগ ও বিষণ্নতা তৈরি হয়, বিশেষ করে কর্মক্ষম বয়সের মানুষের ক্ষেত্রে-সেটিকে এই গবেষণার অন্তর্ভুক্ত করা অত্যন্ত সময়োপযোগী। গবেষণা এবং স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, গবেষকদের কাজ শুধু ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ রাখলে চলবে না, তা তৃণমূলের নীতিমালায় অনুবাদ করতে হবে। বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে এবং তারই অংশ হিসেবে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। পাঁচ বছর মেয়াদি এই বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের সক্ষমতা তৈরি হবে এবং বাংলাদেশ হৃদরোগ পুনর্বাসনে একটি টেকসই দিশা পাবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণার প্রধান ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রড এস টেলর। আরো বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিউদ্দিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জে এম এ হান্নান। বিডি-প্রতিদিন/বিএম

দেশের স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতির ফলে মানুষের আয়ু বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি

অবৈধ ও বিশৃঙ্খল ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, প্রথমে সিটি করপোরেশন এলাকাগুলোতে নতুন বিধিমালা বাস্তবায়ন করা হবে। এরপর পৌরসভার আইন সংশোধন করে পর্যায়ক্রমে অন্যান্য শহরের জন্যও আলাদা বিধিমালা করা হবে।এ সময় অটোরিকশার মালিক ও চালকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, নতুন নিয়ম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে। ধাপে ধাপে নিবন্ধন দেওয়া হবে এবং অবৈধ ই-রিকশা চলাচল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বিধিমালা প্রকাশের সুযোগ নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে বা চালকদের মধ্যে কৃত্রিম আতঙ্ক তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘আপাতত যে যেভাবে চলছে, নিয়ম মেনে চলতে থাকবে। আমরা পর্যায়ক্রমে সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করব এবং অবৈধ রিকশাগুলো অপসারণের ব্যবস্থা করব।’ সংবাদ সম্মেলনে আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (১৯ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এ কথা লেখেন মাহদী আমিন। ওই পোস্টে মাহদী আমিন লেখেন, ‘এক সপ্তাহের জন্য পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। এখান থেকে জানতে পারলাম, প্রিয় ভাই ও রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।’ তিনি বলেন, ‘ইশরাক হোসেনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। একসঙ্গে অনেক স্মৃতি ও পথচলা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে তার ভূমিকা ও গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্য সম্পর্কে আমরা সবাই জানি। পাশাপাশি বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, ডিপ্লোমেটিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমকে তিনি যেভাবে নিজের বিশ্বাসে ধারণ করেন, তা সত্যিই অনন্য। তার সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও মতভিন্নতা থাকতে পারে। তবে যে উদ্যোগকে কেন্দ্র করে এত আলোচনার সৃষ্টি হয়েছে, সেটির লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার অবকাশ নেই।’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লেখেন, ‘প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় কিংবা আত্মত্যাগকে পরিমাপ করা যায় না। সাময়িক যেকোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তার অবদান এবং আন্তরিক অবস্থান অনেক বেশি অর্থবহ।’ তিনি লেখেন, ‘জনগণের সরকারের বার্তা এখানে অনেকটা স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, ত্যাগী ও জনপ্রিয় একজন তরুণ নেতার সাহসী ও জনবান্ধব উদ্যোগের বাস্তবায়নেও যদি কোনো বিতর্কের অবকাশ থাকে, সেখানেও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র বিনির্মাণের পথযাত্রায় সামনের দিনগুলোতেও, সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতার ধারা বজায় থাকবে।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র লেখেন, ‘ইশরাক হোসেনের এ ঐতিহাসিক, অভূতপূর্ব পদত্যাগ মোটেই কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তার জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে, ইনশাআল্লাহ।’

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নারীর অংশগ্রহণ কর্মসংস্থান ও আয়মূলক কর্মকাণ্ডে তাঁদের পরিবার ও সমাজে অবস্থান শক্তিশালী করতে সহায়তা করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর অধিকার প্রতিষ্ঠার উদ্যোগগুলোকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে সমন্বিত করতে হবে। আজ সোমবার কোইকা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শংকরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজে একজন নারীকে তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন করে বিবেচনা করার সুযোগ নেই। বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নের জন্য তাঁদের পরিবারকে সম্পৃক্ত করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না। ব্যক্তিগত ক্ষমতায়ন, শিক্ষাগত ক্ষমতায়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো আলাদাভাবে চিহ্নিত করে সেগুলোর সমন্বয়ে কার্যকর কর্মসূচি তৈরি করতে হবে। একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আগে তাঁর আত্মবিশ্বাস, নিজের অধিকার সম্পর্কে ধারণা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করাও জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পরিবারের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, সামাজিক চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিবারগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করতে হবে।

নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন: ববি হাজ্জাজ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream