বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কেন দেড় বছরের সন্তানকে বিক্রি করেছিলেন বাবা? জানালেন নিজেই

কেন দেড় বছরের সন্তানকে বিক্রি করেছিলেন বাবা? জানালেন নিজেই

আইফোন কিনতে দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার পর তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত বাবাকে আটক এবং শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ওই বাবার নাম মো. মারুফ মুন্সি। তিনি বড় গোপালদী গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। গত শনিবার (২৯ আগস্ট) সকালে মারুফ তার মা মাহফুজা বেগমের কাছ থেকে দেড় বছরের ছেলে মুসাকে ‘ঘুরতে নিয়ে যাওয়ার’ কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা না ফেরায় স্বজনদের মধ্যে সন্দেহ ও উৎকণ্ঠা তৈরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন জানতে পারেন, মারুফ তার ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন এবং সেই টাকা দিয়ে একটি দামি আইফোন কিনেছেন। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। আলোচিত এই শিশুটির সুরক্ষায় প্রশাসনও তৎপর হয়ে ওঠে। খবর পেয়ে অতি দ্রুত অভিযানে নামে পুলিশ। গত রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় অভিযুক্ত মারুফ মুন্সিকে আটক করা হয় এবং একই দিন রাত ১০টার দিকে শিশু মুসাকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্ত মারুফ মুন্সি সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘আমি আমার সন্তান বিক্রি করিনি। যাদের কাছে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে সন্তান বিক্রির কোনো চুক্তিও হয়নি। সন্তানটিকে শুধু লালন-পালনের জন্যই তাদের কাছে দিয়েছিলাম।’ টাকা নেওয়ার বিষয়ে মারুফ বলেন, ‘আমার কিছু দেনা পরিশোধ করা জরুরি হয়ে পড়েছিল। তাই ভেবেছিলাম কিছুদিন পর সন্তানকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসব। সন্তান বিক্রির কোনো উদ্দেশ্যে আমি তাকে দিইনি। একটি কাগজে স্বাক্ষর করেছিলাম, তবে তা এক লাখ টাকা নয়, মাত্র পাঁচ হাজার টাকা নিয়েছিলাম।’ নিজের ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে চারদিকে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং তিনি এখন বুঝতে পারছেন কাজটি তার চরম ভুল ছিল।

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমিজ মৃধা বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় জিসান মৃধা (২০), কামাল, সাইদ হাওলাদার ও ভুট্টু হাওলাদারসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রমিজ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ মৃধা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে জিসানকে মারধর করেন রমিজ এমন দাবি স্থানীয়দের। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবারের হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘রমিজ মৃধার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream