শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
 চরভদ্রাসনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের শামীম গ্রেপ্তার

চরভদ্রাসনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের শামীম গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. শামীম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একসময় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করা শামীম পরবর্তী সময়ে মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে, বিশ্বস্ততার সুযোগ নিয়ে একটি দোকান থেকেই প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি। এ ছাড়া আরও ৪০ থেকে ৫০ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পর ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।গ্রেপ্তার শামীম বরিশাল জেলার হিজলা থানার চরবিশোর গ্রামের ফারুক মোল্লার ছেলে। গত ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও ত্রিমোহনী টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৮ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে তাকে চরভদ্রাসন থানায় আনা হয়। প্রয়োজনীয় পুলিশি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় দায়ের করা ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৪০৬/৪২০ ধারার মামলায় রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে চরভদ্রাসনের শিকদার ডাঙ্গি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে শামীম আব্দুল শিকদারের ডাঙ্গি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ধর্মীয় পোশাক-পরিচ্ছদ ও আচরণের কারণে অল্প সময়ের মধ্যেই এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।পরবর্তী সময়ে আলহাজ মৃধার ছেলেকে আরবি পড়ানোর সুবাদে ওই পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মসজিদের ইমামতির দায়িত্ব ছেড়ে চরভদ্রাসন বাজারের ‘মক্কা মদিনা’ নামের একটি মুদি দোকানে কাজ শুরু করেন শামীম। ধীরে ধীরে দোকান মালিকের আস্থা অর্জন করেন। একসময় ব্যাংক হিসাবের তথ্য থেকে শুরু করে ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও তার হাতে ন্যস্ত করা হয়।অভিযোগ রয়েছে, এই বিশ্বস্ততার সুযোগ কাজে লাগিয়ে দোকানের বিক্রির টাকা থেকে ধাপে ধাপে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে সরিয়ে নেওয়ার পাশাপাশি সরাসরি ব্যাংক হিসাব থেকেও টাকা উত্তোলন করেন তিনি। একপর্যায়ে ওই দোকান থেকেই প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এরপরই তিনি আত্মগোপনে চলে যান।শুধু ওই দোকানেই নয়, চরভদ্রাসন বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকেও টাকা ধার নেওয়ার অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, প্রায় ৪০ থেকে ৫০ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে তিনি লাপাত্তা হন। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে বলে অভিযোগকারীদের ধারণা।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মসজিদের ইমাম হিসেবে পরিচিতি ও ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেকেই তাকে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন। এমনকি একাধিক মসজিদের ইমামও তাকে সুদের বিনিময়ে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে সামাজিক সম্মান ও লোকলজ্জার কারণে তাঁদের অনেকেই আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি বলে জানা গেছে।অভিযোগ রয়েছে, আত্মগোপনে যাওয়ার পর নিজের পরিচিত পোশাক-পরিচ্ছদ পরিবর্তন করেন শামীম। টুপি-পাঞ্জাবি ছেড়ে দাড়ি কেটে ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। তবে শেষ পর্যন্ত পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে তার অবস্থান শনাক্ত হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, “চরভদ্রাসন থানায় দায়ের করা প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মো. শামীমকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় আরও এক থেকে দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশ জানায়, মামলার তদন্তের স্বার্থে শামীমের সম্ভাব্য সহযোগীদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রকৃত পরিমাণ, অর্থ লেনদেনের পদ্ধতি এবং অন্যদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।এদিকে, প্রতারণার শিকার ব্যক্তিরা আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সৌদি পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীকে হত্যার হুমকি

পটুয়াখালীর বাউফলে সৌদি আরবে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মিজান হাওলাদার (৩৫) ও তাঁর সহযোগী মেরিনা আক্তারের (৩০) বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের প্রতারণায় অন্তত ১৫ থেকে ২০ জন প্রবাসী ও তাঁদের পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভুয়া ভিসায় সৌদি পাঠানো, পাসপোর্ট আটকে রাখা এবং টাকা ফেরত চাইলে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. মনিরুল ইসলাম (২৪)।থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজান হাওলাদার বাউফলের দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউনুছ মাস্টারের ছেলে। অভিযোগে বলা হয়, ২০২৩ সালে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে মনিরুলের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে কোনো বৈধ আকামা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তাঁকে ভুয়া ভিসায় সৌদি পাঠানো হয়। সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ না পেয়ে এবং আকামা-সংক্রান্ত চরম দুর্ভোগের শিকার হয়ে প্রায় দুই মাস পর মনিরুল নিজের খরচে দেশে ফিরতে বাধ্য হন।দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা কালক্ষেপণ করেন এবং একপর্যায়ে এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করে মোবাইল ফোন বন্ধ রাখেন। গত ৭ অক্টোবর দুপুর ১২টার দিকে বাউফলের কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযুক্তদের ভাড়া বাসার সামনে পাওনা টাকা চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় টাকা না দিয়ে মনিরুলকে প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।ভুক্তভোগীদের দাবি, মিজান সৌদি আরবে সাধারণ চাকরি করলেও দেশে এসে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন এবং মাসে তিন থেকে চার লাখ টাকা আয়ের কথা বলে বেকার যুবকদের বিদেশে যাওয়ার প্রলোভন দেখাতেন। মিজানের প্রলোভনে পড়ে সৌদি যাওয়া অনেক প্রবাসী বর্তমানে আকামা ও কাজের সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমনকি কারও কারও পাসপোর্ট নিজের জিম্মায় রেখে মরুভূমিতে ফেলে আসার ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগও রয়েছে।এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. মিজান হাওলাদার দাবি করেছেন যে তিনি কাউকে বিদেশে পাঠাননি এবং কারও কাছ থেকে কোনো টাকাও নেননি। তাঁর মতে, এলাকার একটি পক্ষ সামাজিকভাবে তাঁকে হেয় ও ব্ল্যাকমেইল করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েক বছরে মিজানের সম্পদ বৃদ্ধি পেলেও অভিযোগের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না তা যাচাই করা প্রয়োজন। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা, পাওনা টাকা ফেরত এবং আটকে রাখা পাসপোর্ট উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশের বক্তব্য বা তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করা যায়নি।

সৌদি পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীকে হত্যার হুমকি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream