রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে। সরকারের নিয়মিত কর্মকাণ্ডের তথ্য জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলপিজির মূল্যবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথা বলেন। উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানি বিশেষ করে রান্নার গ্যাস, ‘এলপিজির মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর কতটা চাপ পড়ে, এটা সরকার বোঝে। বুঝতেই হবে। তারপরও সরকার এ কাজটা (মূল্য বৃদ্ধি) করল। এখন আপনি প্রশ্ন করছেন আমরা তো জনগণের কল্যাণের কথা বলি, তারপরও কেন করছি? আমি যদি এভাবে বলি, এই মূল্যবৃদ্ধিও দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে।’ উপদেষ্টা বলেন, ‘কী হতে পারে? এটার মূল্য কমানোর জন্য সরকারকে এখন ভর্তুকি দিতে হতে পারে, তাই তো। যেমন আমরা অনেকেই প্রায়ই ভারতের জ্বালানি খাত, বিশেষ করে রান্নার গ্যাসে ভর্তুকি আছে আমরা অনেকেই জানি না। কিন্তু দাম তুলনা করি যে সেখানে দাম কম। তো সরকারের একটা অপশন হতে পারে ভর্তুকি দিতে পারে, দিয়ে দামটা একটা নাগালের মধ্যে রাখতে পারে।’ জাহেদ উর রহমান বলেন, যে জিনিসগুলো আমদানি করা হয়, সেগুলো আর দেশের প্রস্তুত জিনিসের ভর্তুকি এক রকম নয়। বিদেশ থেকে আমদানি করা জিনিসের মধ্যে পার্থক্য হলো এটার জন্য বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। এখন সরকার ভর্তুকি আসলে কতটা দিতে পারবে। জাহেদ উর রহমান বলেন, ‘একটা জিনিস জানিয়ে রাখি, আগেও বলেছি, আমাদের এই চলতি অর্থবছরে বিদ্যুৎ-জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার একটি পরিকল্পনা। আমি একটা ব্রিফিংয়ে আড়াই মাসের মাথায় জানিয়েছিলাম, ৪৮ হাজার কোটি টাকার অর্ধেক ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমরা এখন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছি প্রতি ইউনিট ৩০ ডলারে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকার পর্যন্ত প্রতি ইউনিটের দাম ছিল ১০ থেকে সর্বোচ্চ ১৪ ডলার।’ জ্বালানির মূল্যবৃদ্ধি ও এ সংকটকে বৈশ্বিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন বিপদ হয়েছে বাংলাদেশের মতো একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দেশে সরকারকে বেছে নিতে হচ্ছে কোথায় কতটুকু ছাড় দেবে, কতটুকু করবে। এর আঁচ কারও না কারও, কোনো না কোনোভাবে নিতে হবে। ঘটনা হচ্ছে এই। জাহেদ উর রহমান বলেন, এরপরও এটা যদি বড় প্রভাব পড়ে থাকে, পড়ছে কোনো সন্দেহ নেই। সরকার যদি অন্য ক্ষেত্রে আরও ভালো কিছু করতে পারে, এ ক্ষেত্রে সরকার বিবেচনা করবে। তিনি বলেন, ‘আবারও বলছি, ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে। এটা মাথায় রাখতে হবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

এলপিজির বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দাবি আদায়ে ধর্মঘটের মাধ্যমে সরবরাহে বিঘ্ন ঘটিয়ে বারবার দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তারা।  বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী এসব কথা বলেন। সারা দেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ কর্মসূচির মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, ‘জ্বালানি খাতে বৈশ্বিক সংকটের কারণে এলপিজি আমদানি ও সরবরাহে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও আমদানির উৎস নিয়ে অনিশ্চয়তার মধ্যেও ভোক্তাদের জন্য সহনীয় দামে এলপিজি সরবরাহের চেষ্টা করছে সরকার।’ যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের বেসরকারি আমদানিকারকদেরও বিকল্প উৎস খুঁজতে হচ্ছে। দীর্ঘ মেয়াদে সরবরাহে ঘাটতি এড়ানো ও আগামী বছর পর্যাপ্ত এলপিজি সরবরাহ নিশ্চিত করার কৌশল নিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে।’ সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের বিষয়েও আলোচনা চলছে। ৩০ অক্টোবর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনা হবে।’ বাজারে ডিলার পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনকে সক্রিয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’  প্রতিবেশী দেশ ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার বিষয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ভারতে সরকার ভর্তুকি দিয়ে এলপিজির দাম কম রাখে। নির্দিষ্ট কর্মসূচির আওতায় সুবিধাভোগী ব্যক্তিরা সেখানে এলপিজি পান। বাংলাদেশে এ ধরনের ভর্তুকি নেই। বেসরকারি আমদানিকারকেরা এলপিজি আমদানি করে উন্মুক্ত বাজারে বিক্রি করেন। ফলে আন্তর্জাতিক বাজারের দামের প্রভাব দেশের বাজারেও পড়ে।’  একই সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এলপিজির সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে সরকার। তবে দাবি আদায়ে ধর্মঘটের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করা হলে তা বরদাশত করা হবে না।’ তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলো এলপিজি আমদানি করে। সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। তবে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে।’ ব্যবসায়ীদের লাভ-লোকসান, কমিশনসহ বিভিন্ন বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কথা শুনতে ও যৌক্তিক সমস্যার সমাধান করতে প্রস্তুত। তবে কেউ নিজের স্বার্থে বাজারব্যবস্থার অপব্যবহার করলে বা জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার তা মেনে নেবে না।’ প্রসঙ্গত, ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। গত সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সেলিম খান এ ঘোষণা দেন। তিনি জানান, দাবি পূরণ না হলে দুই দিনের কর্মসূচির পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এই পরিস্থিতিতে আজ বুধবার এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করে সরকার। 

এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream