শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আটকে গেল ইরানি ফুটবল দলের ইরাক যাত্রা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আটকে গেল ইরানি ফুটবল দলের ইরাক যাত্রা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরাকি বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমান। ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে বিমানটি আবার ইরানে ফিরে যায়।আগামী ১৪ নভেম্বর ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ইরানের। সেই ম্যাচে অংশ নিতে ইরাকি শহর বসরায় যাচ্ছিল দলটি।রয়টার্সকে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল এ ঘটনা ঘটে। বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা জানান, ইরানি বিমানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।পরে বিমানটি ইরানে ফিরে গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করে।তবে বিমানবন্দরে অবতরণ করতে না পারলেও ম্যাচ খেলতে ইরাক যাওয়ার পরিকল্পনা বাতিল করেনি ইরান। বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, এবার বিমান নয়, সড়কপথে বসরায় পৌঁছাবে দেশটির ফুটবল দল। ইরাকের বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের। এই প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিন অংশ নেবে। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনা ইরাকে ইরানি বিমান চলাচলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি আবারও সামনে এনেছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় দফার হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে ইরাক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, সেগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার

ইরানের নারী ফুটবলার ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব পাওয়ার পর দুজনই এটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে কয়েকজন ইরানি ফুটবলার জাতীয় সংগীত পরিবেশন থেকে বিরত থাকেন। পরে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সাতজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় সুরক্ষা চেয়েছিলেন। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ইরানে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে।পরবর্তী সময়ে ওই সাতজনের মধ্যে পাঁচজন ক্ষমা চেয়ে দেশে ফিরে গেলেও ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ অস্ট্রেলিয়ায় থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেন।নাগরিকত্ব পাওয়ার পর আতেফেহ রামাজানিসাদ বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে তিনি গর্বিত এবং এটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। ফাতেমেহ পাসান্দিদেহও একই ধরনের অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ সংগ্রাম ও অনিশ্চয়তার পর এই স্বীকৃতি তার কাছে বিশেষ অর্থ বহন করে।রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার কিছুদিন পরই দুই ফুটবলারকে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ারের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। নাগরিকত্ব পাওয়ার পর এক বিবৃতিতে ক্লাবটি তাদের অভিনন্দন জানায়।ব্রিসবেন রোয়ারের এক কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে দুই ফুটবলার যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তা খুব কম মানুষকেই মোকাবিলা করতে হয়। তিনি বলেন, কুইন্সল্যান্ড এখন তাদের নতুন ঠিকানা। ভবিষ্যতে তারা চাইলে ক্লাবের হয়ে আবারও মাঠে ফেরার সুযোগ থাকবে।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream