বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আবারও এক ম্যাচে ৭ গোল আর্জেন্টিনার

আবারও এক ম্যাচে ৭ গোল আর্জেন্টিনার

প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও প্রতিদিন ৭ গোল করা সহজ নয়। প্রায় তিন বছর পর আবারও কোনো ম্যাচে ৭ গোলের দেখা পেল আর্জেন্টিনা। এবার তাদের সামনে ছিল বুরকিনা ফাসো।বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আফ্রিকার দলটিকে ৭-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসো পূর্ণ শক্তির জাতীয় দল নিয়ে মাঠে না নামলেও আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলাই খেলেছে।এর আগে ২০২৩ সালের ২৮ মার্চ প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর আর কোনো ম্যাচে ৭ গোল করতে পারেনি তারা।স্কালোনির কোচিংয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে পাওয়া জয়টি আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় নয়। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয় এসেছে ৮৪ বছর আগে। ১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে জিতেছিল ১২-০ গোলে। সেই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো একাই করেছিলেন ৫ গোল। প্রতিভায় পেলে, ডি স্টেফানোর মর্যাদায় ওঠা মোরেনো সেদিন কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও করেন। একাই চার গোল করেছিলেন আর্জেন্টাইন ফুটবলে আরেক কিংবদন্তি ‘এল চারো’খ্যাত এরমিনিও মাসানতোনিও। অফিশিয়াল ম্যাচে আর্জেন্টিনা তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় পায় ১৯৭৫ কোপা আমেরিকায়। ভেনেজুয়েলার বিপক্ষে জেতে ১১-০ গোলে। যদি প্রশ্ন তোলা যায়, আর্জেন্টিনা কতগুলো ম্যাচে ন্যূনতম ৭টি করে গোল করেছে? উত্তর হলো ১৬ ম্যাচে। আর্জেন্টিনার এই ৭ গোলের যাত্রার শুরু হয়েছিল ১৯১৬ সালে এই অক্টোবর মাসেরই ১ তারিখে। সে সময়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ ৭-২ গোলে জিতেছিল তখন কোচহীন থাকা আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে ৭ গোল করতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় প্রায় ১০ বছর। ১৯২৬ কোপা আমেরিকায় আর্জেন্টিনা প্যারাগুয়েকে ৮-০ গোলে হারিয়েছিল এ অক্টোবরেই! পরের বছর কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে আকাশি-নীলদের জয়ের ব্যবধান ছিল ৭-১; সেটাও এই অক্টোবরেই! যদি মাসের হিসাব করা হয়, তাহলে বছরে ১২টি মাসের মধ্যে অক্টোবরেই সবচেয়ে বেশি ম্যাচে ৭ গোল করেছে আর্জেন্টিনা। মোট পাঁচবার। বাকি দুবার ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের জয় এবং আজ বুরকিনা ফাসোর বিপক্ষে জয়টি। জানুয়ারি ও ডিসেম্বর মাসে দুবার করে ম্যাচে ৭ গোল করেছে আর্জেন্টিনা। ফেব্রুয়ারি, আগস্ট ও সেপ্টেম্বরে একবার এবং মার্চে ও মে মাসে দুবার করে ম্যাচে ৭ গোল করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ হারের পর নতুন পথে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল হারের পর নতুন অধ্যায়ের পথে এগোচ্ছে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে তারা সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে। এখনো ওই সময়ের প্রীতি ম্যাচগুলোর সূচি চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য দুই বা তিনটি ম্যাচকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক সূচির দল নিয়ে স্কালোনির ভাবনায় বেশ কিছু চমক থাকতে পারে। দীর্ঘদিন পর কয়েকজন খেলোয়াড় আবারও জাতীয় দলে ফিরতে পারেন। তাদের মধ্যে রয়েছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমায় যোগ দেয়া লিওনার্দো বালের্দি। এ ছাড়া রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রোকেও বিবেচনায় রেখেছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়ও এবার জাতীয় দলে ডাক পেতে পারেন। বিশ্বকাপ ফাইনালে ঘটে যাওয়া ঘটনার জেরে ফিফার দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নিয়মিত একাদশের সদস্য থিয়াগো আলমাদা অবশ্য এই দফায় থাকছেন না। এবার আর্জেন্টিনার স্কোয়াড বেশ বড় হতে পারে। বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখতে একাধিক ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশও মাঠে নামাতে পারেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী দলের মধ্যে এমিলিয়ানো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাওয়া যাবে না। পারেদেস ১০ ম্যাচ এবং মোলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ায় নিকোলাস ওতামেন্দিও থাকছেন না। তার অনুপস্থিতিতে ক্রিশ্চিয়ান রোমেরোকে দলের নতুন অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। লিওনেল মেসির অবসরের পর রোমেরোই আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। একই সময়ে স্কালোনির নিজের ভবিষ্যৎও পুরোপুরি নিশ্চিত নয়। তবে এএফএ ইতোমধ্যে আর্জেন্টিনার হয়ে তার দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে।

বিশ্বকাপ হারের পর নতুন পথে আর্জেন্টিনা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream