নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ জনতা বাড়িগুলোতে হামলা চালায়।
এর আগে বুধবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়ায় মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
শুক্রবার নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা চলে যাওয়ার পর সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন, দুই নেতা হত্যার ঘটনায় তখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার মামলা করতে থানায় আসবেন বলে জানিয়েছেন।
মতামত