মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নতুন জেলা কালচারাল অফিসার হিসেবে যোগদান করেছেন অসিত বরণ দাশ গুপ্ত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে একাডেমির বিদায়ী কর্মকর্তা আল মামুন বিন সালেহ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিকেলে জেলা জাসাসের নেতৃবৃন্দ, একাডেমির প্রশিক্ষক,সংস্কৃতিকর্মী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত এই কর্মকর্তা।
মতবিনিময়কালে অসিত বরণ দাশ গুপ্ত মৌলভীবাজারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য জেলার সাংস্কৃতিক সংগঠন,শিল্পী,সংস্কৃতিকর্মী ও সুধীসমাজের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অসিত বরণ দাশ গুপ্ত এর আগে সিলেট, বরিশাল,ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় জেলা কালচারাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ হবিগঞ্জে কর্মরত অবস্থায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহা. হারুন-অর-রশীদের স্বাক্ষরিত ১২ অক্টোবর ২০২৬ তারিখের এক দাপ্তরিক প্রজ্ঞাপনে তাঁকে মৌলভীবাজারে বদলি করা হয়।
সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সম্মাননা অর্জন করেন। ২০১৮ সালে তিনি ‘সৃজনশীল কালচারাল অফিসার’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া ২০১৯-২০২০,২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে সারাদেশের মধ্যে টানা তিনবার প্রথম স্থান অর্জন করেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘লিটল ম্যাগাজিন সম্মাননা’ পান।
কর্মজীবনে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব,লোকজ মেলা,নাট্য আয়োজন এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপনে ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি সংগীত,নৃত্য ও আবৃত্তিচর্চা সম্প্রসারণ এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও কাজ করেছেন।
নবনিযুক্ত জেলা কালচারাল অফিসারের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে মৌলভীবাজারের শিল্প-সংস্কৃতির চর্চা আরও সম্প্রসারিত হবে,এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মতামত