সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে গোলাপগঞ্জের ধারাবহর গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পশ্চিম ধারাবহরকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নিয়েছে পূর্ব ধারাবহর।
গত ৭ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রীতি ম্যাচটি কেন্দ্র করে সকাল থেকেই সমগ্র গ্রামজুড়ে ছিল উৎসবমুখর আমেজ। খেলা শুরুর আগেই বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক কৌশল গ্রহণ করলেও সময়ের সাথে সাথে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় পূর্ব ধারাবহর। একের পর এক আক্রমণ সাজিয়ে দলটির খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে ৩টি গোল প্রদান করে। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ায় ৩–০ ব্যবধানে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পূর্ব ধারাবহরের ফুটবলাররা।
ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মোবাইল ও নানা ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনের পথ দেখায়। আজকের খেলায় জয়-পরাজয়ের চেয়েও বড় বিষয় হলো দুই অংশের খেলোয়াড়দের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতি।” তরুণদের মেধা বিকাশে নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবী খলিলুর রহমান, গৌছ উদ্দিন, কাওছার আহমদ, প্রবাসী ফখর উদ্দিন এবং সমাজসেবী জিয়া উদ্দিন। খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন জুহেল আহমদ (ইঞ্জিনিয়ার), আক্তার হোসেন (ফার্মাসিস্ট), বাবুল আহমদ ও রতন চন্দ্র নাথ।
ম্যাচে পূর্ব ধারাবহরের দলে অংশ নেন ছামি, ইমরান, রাবেল, সুবেল, মুকিত, জুনেদ, উজ্জ্বল, জুবায়ের, ফাহিম, নির্মল, রতন, শাহিন ও তানজিদ। অন্যদিকে পশ্চিম ধারাবহর দলের হয়ে মাঠে নামেন আক্তার, ফজল, মাসুদ, মারুফ, মাহী, সাহান, শাহিম, নেহাল, আদিল, সুবহান, কবির, জয়নাল, রনি, নাইম ও মাহিদ।
আয়োজকরা জানিয়েছেন, তরুণদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে ভবিষ্যতেও ধারাবহর গ্রামে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে।
মতামত