ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে নৌকায় চড়ে তিনি হাট ঘুরে দেখেন এবং স্থানীয় পেয়ারার স্বাদ নেন।
সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।
এ সময় হাটে পেয়ারা কেনাবেচা, নৌকায় পণ্য পরিবহন এবং কৃষক ও ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মচাঞ্চল্য প্রত্যক্ষ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। পাশাপাশি খাল-বিলঘেরা এলাকার সবুজ প্রকৃতি ও পেয়ারা বাগানের সৌন্দর্যও উপভোগ করেন তিনি।
পরিদর্শনের সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। একপর্যায়ে ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদও নেন তিনি।
হাট পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তাঁর সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখতে পেরে তিনি আনন্দিত। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগও তিনি উপভোগ করেছেন।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়।
মতামত