উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে শক্তিশালী হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ও শনিবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অন্যান্য বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুদিনই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এদিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
মতামত