সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অর্থনীতি

যুদ্ধ বন্ধের আশায় ব্যারেলপ্রতি কমল তেলের দাম

যুদ্ধ বন্ধের আশায় ব্যারেলপ্রতি কমল তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এ খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইরান ও কাতারের সরকারি কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে।সোমবার দুপুর ১২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০৯ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম নেমে আসে ১০০ ডলার ৫০ সেন্টে। অয়েলপ্রাইস ডটকম ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত অক্টোবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই মাসের শেষ কার্যদিবস ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে ওঠে। পুরো অক্টোবরে ব্রেন্টের দাম বেড়েছিল ১৩ দশমিক ৬ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ১৫ দশমিক ২ শতাংশ। আগামীকাল ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। আশঙ্কা ছিল, এই নির্বাচন সামনে রেখে ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হবে। ফলে তেলের বাজারে বাড়তি চাপ তৈরি হয়। নির্বাচন শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক পদক্ষেপ আরও জোরালো হতে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে গত সপ্তাহের মূল্যবৃদ্ধির পর কূটনৈতিক আলোচনার খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, গত সপ্তাহে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পর বাজারে কিছুটা সংশোধন হয়েছে। তবে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ও অবস্থান আরও কঠোর হলে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি যেতে পারে বলে সতর্ক করেছেন ওয়াটারার। তবে এবার তেলের দাম এতটা যে বাড়েনি, বিশ্লেষকদের মতে তার মূল কারণ হলো চীনের চাহিদা কমে যাওয়া। চীনের প্রবৃদ্ধির গতি অনেক দিন ধরেই শ্লথ। সেই সঙ্গে তাদের বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়েছে। আরও অনেক দেশের চীনের পথ অনুসরণ করে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াচ্ছে। ফলে বিশ্ববাজারে তেলের চাহিদা অনেকটা কমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার বলেছেন, কাতারের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতেই আলোচনা হচ্ছে। আলোচনায় অগ্রগতিও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ইরান প্রতিরক্ষা ও কূটনীতি—উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বন্ধে কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেলেও যুদ্ধের অবসান নিয়ে এখনো নিশ্চিত সমঝোতা হয়নি। ফলে তেলের বাজার দুটি বিষয়ই বিবেচনা করছে। একদিকে কূটনৈতিক অগ্রগতি হতে পারে, আরেক দিকে সংঘাত বেড়ে যাওয়ারও আশঙ্কা আছে। তেলের দাম বাড়বে না কমবে, সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওপেক ও সহযোগী দেশগুলো। সাধারণত দেখা যায়, এই জোট উৎপাদন বাড়ালে তেলের দাম কমার সম্ভাবনা সৃষ্টি হয়, উৎপাদন কমালে উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়। তবে তেলের দাম শুধু উৎপাদনের ওপর নির্ভর করে না। চাহিদা, মজুত, ভূরাজনৈতিক ঝুঁকি, পরিবহন ব্যয় ও ডলারের বিনিময়মূল্যও গুরুত্বপূর্ণ। চলমান অনিশ্চয়তার মধ্যে ডিসেম্বর মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে ওপেক প্লাস। গতকাল সৌদি আরব, রাশিয়াসহ সাতটি গুরুত্বপূর্ণ সদস্যদেশের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় উৎপাদন হ্রাস–বৃদ্ধির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে এই জোট। ২৯ নভেম্বর ওপেক প্লাসের পরবর্তী বৈঠকে ২০২৭ সালের উৎপাদন নিয়ে আলোচনা হতে পারে।

শীত মৌসুমে মার্কেট বন্ধের সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে আবেদন করেছে সংগঠনটি।রোববার (১ নভেম্বর) সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন জানানো হয়।চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন মার্কেট ও দোকান সন্ধ্যা ৬টা, ৭টা কিংবা রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হচ্ছে। এতে দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। ক্রেতা কমে যাওয়ায় ঢাকার দুটি বড় বিপণিবিতান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আরও অনেক বিপণিবিতান বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। দোকান মালিক সমিতির আবেদনে বলা হয়, বর্তমানে বিদ্যুৎ–সংকট কমে এসেছে এবং শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় ব্যবসা-বাণিজ্য কিছুটা ভালো হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা প্রয়োজন।

শীত মৌসুমে মার্কেট বন্ধের সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শনিবার (৩১ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করেছে বাজুস। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

গ্যাসের দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

বেসরকারি খাতে তেলের বিকল্প হিসেবে ব্যবহৃত এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস)-এর মূল্যবৃদ্ধি এবং এলপিজি ব্যবসায়ী ও বিতরণকারীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই আনুষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়।গণশুনানিতে এলপিজি খাতের আমদানিকারক ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা নিজেদের পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাতে কমিশন বাড়ানোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন।বর্তমানে নির্ধারিত কমিশন বা লভ্যাংশ ২ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।কমিশন বর্তমান হারের তুলনায় প্রায় তিনগুণ বাড়ানোর প্রস্তাব পেশ করা হয়েছে।মূল্য নির্ধারণ কমিটির এই গণশুনানিতে আমদানিকারক, পরিবেশক, ক্যাবের (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধি এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ভোক্তাদের ওপর বাড়তি মূল্যের চাপ এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবির বিষয়গুলো বিবেচনা করে কমিশন পরবর্তীতে তাদের সিদ্ধান্ত ও নতুন মূল্যসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

গ্যাসের দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

সকালে কার্যকর হলো স্বর্ণের নতুন দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এর আগে, সবশেষ গত ২৮ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।

সকালে কার্যকর হলো স্বর্ণের নতুন দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) একই মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এ ছাড়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারিত রয়েছে।

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব ডিম দিবস-২০২৬ ও বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের (বিএসএসএফ) খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাব ইন্টারন্যাশনাল সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করে।  সেমিনারে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।  প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান।

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ মঙ্গলবার বিনিময় হার:  বৈদেশিক মুদ্রা : বাংলাদেশি টাকা ইউএস ডলার : ১২৩ টাকা ৭৫ পয়সা ইউরো : ১৩৮ টাকা ২৫ পয়সা পাউন্ড : ১৬৫ টাকা ০৭ পয়সা কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ৩১ পয়সা অস্ট্রেলিয়ান ডলার : ৮৭ টাকা ৮২ পয়সা চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৫৫ পয়সা সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৫৮ পয়সা ভারতীয় রুপি : ১ টাকা ৩০ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৩৮ পয়সা সৌদি রিয়াল : ৩৩ টাকা ১৬ পয়সা কাতারি রিয়াল : ৩৩ টাকা ৯০ পয়সা কুয়েতি দিনার : ৩৯৯ টাকা ৬১ পয়সা আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৮১ পয়সা সূত্র: গুগল)  যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

তিন মাসে বাংলাদেশের বিদেশি ঋণ-অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা বাংলাদেশকে মোট ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারের ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৯ দশমিক ৮ শতাংশ।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিশ্রুত অর্থের মধ্যে ঋণ রয়েছে ১১৪ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। আর অনুদান হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি এসেছে ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার।বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বাড়ায় আগামী দিনে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অর্থায়নের সুযোগ বাড়তে পারে। তবে প্রতিশ্রুত অর্থ কত দ্রুত পাওয়া যাবে, তা নির্ভর করবে অর্থছাড়ের সময়, প্রকল্পের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট শর্ত পূরণের ওপর। বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বৃদ্ধির পাশাপাশি দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নেও বড় অঙ্কের বৈদেশিক অর্থায়নের উদ্যোগ রয়েছে। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) প্রায় ১০০ কোটি ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ ধরনের অর্থায়ন বাস্তবায়ন হলে দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারের বিদেশি সহায়তা ছাড় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১১৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ডলার। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ছাড় হওয়া সহায়তার মধ্যে প্রকল্প সহায়তা ছিল ৬৫ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। এর মধ্যে ঋণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার এবং অনুদান ছিল ১১ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া খাদ্য সহায়তা হিসেবে ১ কোটি ডলারের অনুদান ছাড় হয়েছে। এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয় হয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৭ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার। সে হিসাবে এক বছরে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। ইআরডির হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশি ঋণের আসল হিসেবে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ বাবদ ব্যয় হয়েছিল ৮১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার থেকে বেড়ে ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে। বিদেশি সহায়তার প্রতিশ্রুতি হচ্ছে উন্নয়ন সহযোগীদের ভবিষ্যৎ অর্থায়নের অঙ্গীকার, আর অর্থছাড় হলো প্রকল্প বা কর্মসূচির বিপরীতে বাস্তবে পাওয়া অর্থ। তাই নতুন প্রতিশ্রুতি বৃদ্ধির পাশাপাশি প্রতিশ্রুত অর্থ সময়মতো ছাড় এবং উন্নয়ন প্রকল্পে তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

তিন মাসে বাংলাদেশের বিদেশি ঋণ-অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে

হারানো ঢাকাই মসলিন আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে

সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা এবং প্রান্তিক নারী কারিগরদের দক্ষতায় আবারও ফিরে এসেছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন। একসময় হারিয়ে যাওয়া এই কাপড় তৈরির পুরোনো প্রযুক্তি ও কাঁচামাল পুনরুদ্ধার করা হয়েছে। এখন বাণিজ্যিকভাবে বিশ্ববাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ঢাকাই মসলিন।সাদা মেঘের মতো স্বচ্ছ, শিশিরের মতো কোমল আর বাতাসের মতো হালকা—এমনই ছিল ঢাকাই মসলিনের বৈশিষ্ট্য। খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ থেকেই রোমান, গ্রিক ও আরব সাম্রাজ্যে এই কাপড়ের ব্যাপক কদর ছিল।মুঘল আমলে মসলিনের জনপ্রিয়তা ও আভিজাত্য আরও বেড়ে যায়। তখন এর সবচেয়ে উন্নত ধরন ‘মলমল খাস’ শুধু সম্রাটদের ব্যবহারের জন্য রাখা হতো।নকশা ও মানের ভিত্তিতে মসলিনের বিভিন্ন নাম ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ‘আবে-রওয়ান’, যার অর্থ প্রবাহিত পানি। আর ‘শবনম’ অর্থ ভোরের শিশির।মসলিনের সূক্ষ্মতা নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। বলা হয়, একটি আস্ত শাড়ি দিয়াশলাইয়ের বাক্সে রাখা যেত। আবার ছোট একটি আংটির ভেতর দিয়েও অনায়াসে পার করা যেত এই কাপড়। এসব গল্প ঢাকাই মসলিনের অসাধারণ সূক্ষ্মতা ও বুননশিল্পের পরিচয় তুলে ধরে।প্রায় ১৭০ বছর আগে ১৮শ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যানচেস্টারের মিলের তৈরি সস্তা কাপড়ের আগ্রাসন, দেশীয় তাঁতিদের ওপর অবর্ণনীয় শারীরিক নির্যাতন (যেমন বৃদ্ধাঙ্গুলি কেটে দেওয়া) ও শাস্তিমূলক উচ্চ শুল্ক আরোপ এই শিল্পের টুঁটি চেপে ধরে।মসলিন তৈরির একমাত্র বিশেষ কাঁচামাল— মেঘনা নদীর অববাহিকায় জন্মানো ‘ফুটি কার্পাস’ তুলা গাছটি একপর্যায়ে প্রকৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, যা এই শিল্পের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। ১৮৫০ সালে লন্ডনের মহাপ্রদর্শনীতে শেষবারের মতো আদি ঢাকাই মসলিন প্রদর্শিত হয়েছিল, এরপর এটি কেবলই ইতিহাস হয়ে যায়।ঢাকাই মসলিন বুনন শুধু একটি সাধারণ কায়িক শ্রম ছিল না, এটি ছিল আবহাওয়ার সাথে জড়িত এক জটিল লোকজ বিজ্ঞান। ফুটি কার্পাসের অতি-মিহি সুতা শুকনো বাতাসে ভেঙে যায়। তাই মসলিনের সুতা কাটার জন্য ভোরের সূর্য ওঠার আগের ও সন্ধ্যার পরের আর্দ্র আবহাওয়া বেছে নেওয়া হতো।বিশেষ করে, শীতলক্ষ্যা নদীর অববাহিকার স্বাভাবিক আর্দ্রতা ও তাপমাত্রা এই সুতা কাটার জন্য প্রকৃতির এক অনন্য আশীর্বাদ ছিল। তুলা মাঠ থেকে সংগ্রহ করা, আঁশ ছাড়ানো, বিশেষ বোয়ালের চোয়ালের হাড় দিয়ে তুলা পরিষ্কার করা, অতি-সূক্ষ্ম তকলি ও চরকায় সুতা কাটা, সুতা ধোয়া ও বিশেষ নকশায় তাঁতে বুনন পর্যন্ত মোট ১৬টি সুনির্দিষ্ট ও কঠোর ধাপ পার করে তবেই একটি আসল ঢাকাই মসলিন তৈরি হতো।২০১৪ সালে বাংলাদেশ তাঁত বোর্ড মসলিন পুনরুদ্ধারে একটি উচ্চপর্যায়ের গবেষক দল গঠন করে। গবেষক দলটির এই দীর্ঘ যাত্রা ছিল কোনো বৈজ্ঞানিক থ্রিলার উপন্যাসের মতোই রোমাঞ্চকর।১৭৮৮ সালে সুইডিশ বিজ্ঞানী কার্ল লিনিয়াসের লেখা বইয়ের স্কেচ ও ঐতিহাসিক সূত্র ধরে গবেষকেরা কাপাসিয়া, গাজীপুর, বাঘাবাড়ী ও রাজশাহী অঞ্চল থেকে ৩৯টি বন্য তুলার জাত সংগ্রহ করেন।লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে সংরক্ষিত আদি মসলিনের সুতার নমুনার সাথে সংগৃহীত তুলার ডিএনএ সিকোয়েন্সিং ও জিনোম ম্যাচিং করে অবশেষে শতভাগ খাঁটি ‘ফুটি কার্পাস’ শনাক্ত ও চাষ করা হয়।মসলিন বোনার জন্য আদি ৫০টিরও বেশি বিশেষ তৈরি যন্ত্রপাতি আবার নতুন করে প্রস্তুত করতে হয়েছে।সাধারণ সুতির কাপড়ের কাউন্ট যেখানে ৪০ থেকে ৮০ হয়, সেখানে পুনরুজ্জীবিত ঢাকাই মসলিনের সুতা ৭৩১ থেকে ৭৫০ মেট্রিক কাউন্ট পর্যন্ত ছাড়িয়ে গেছে, যা কাপড়টিকে শিশিরের মতো স্বচ্ছতা দেয়।২০২০ সালের ডিসেম্বরে ঢাকাই মসলিন বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে, যা আন্তর্জাতিক মহলে এর একক মালিকানা ও স্বত্ব নিশ্চিত করেছে।মসলিন এখন গবেষণাগারের বা প্রদর্শনীর বস্তু থেকে জীবন্ত বাণিজ্যিক শিল্পে রূপ লাভ করছে। প্রথম ধাপের সফলতার পর সরকার বর্তমানে ১৮.৫ কোটি টাকার (১৮৫ মিলিয়ন বিডিটি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন করছে।এই প্রকল্পের সবচেয়ে বড় সামাজিক দিক হলো, মসলিনের এই অতি-সূক্ষ্ম সুতা কাটার জন্য ৩শরও বেশি প্রান্তিক নারীকে সুনিপুণভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ স্পিনারে রূপান্তর করা হয়েছে, যারা গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনছেন।মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের মতো বড় দেশগুলোর লাক্সারি ব্র্যান্ডগুলো এই পুনরুজ্জীবিত ঢাকাই মসলিন ক্রয়ে গভীর আগ্রহ দেখিয়েছে।ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজার থেকে ৫০০ গজ মসলিন কাপড়ের একটি বড় অর্ডারও সফলভাবে সম্পন্ন হয়েছে।নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে নির্মিত ‘ঢাকাই মসলিন হাউস’-কে কেন্দ্র করে বর্তমানে বেসরকারি খাতের উদ্যোক্তাদের কাছে এই প্রযুক্তি হস্তান্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজিত এক সেমিনারে ফুটি কার্পাসের জাত আরও উন্নত করার ঘোষণা দেওয়া হয়েছে। কাঁচামালের ঘাটতি মেটাতে কাপাসিয়া, রাজশাহী ও কুমিল্লার গ্রামীণ চাষিদের সাথে চুক্তিবদ্ধ চাষাবাদের ব্যবস্থা করা হচ্ছে।প্রথম দিকে একটি শাড়ির উৎপাদন খরচ ৩.৬০ লাখ টাকা হলেও ব্যাপকভিত্তিক উৎপাদনের মাধ্যমে তা ১ লাখ থেকে ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। একটি সুনিপুণ মসলিন শাড়ি বুনতে ২ থেকে ৪ জন তাঁতির কয়েক মাস সময় লাগে।তাই এটি মূলত বিশ্ববাজারের উচ্চবিত্তদের জন্য একটি প্রিমিয়াম লাক্সারি ফ্যাশন হিসেবে স্থান করে নেবে। বাণিজ্যিক উৎপাদনের ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী তৈরি পোশাক খাতের বাইরে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উচ্চ-মূল্যের আন্তর্জাতিক লাক্সারি রপ্তানি খাতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।বাণিজ্যিক উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও, বেসরকারি খাতে প্রযুক্তি হস্তান্তরের পর এবং ব্যাপকভিত্তিক চাষাবাদ শুরু হলে শাড়ির বাজারমূল্য সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

হারানো ঢাকাই মসলিন আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে

সিলেটে সবজি, মাছ ও মুরগিসহ নিত্যপণ্যের দাম লাগামহীন

 সিলেটে প্রতিদিন বাড়ছে সবজি মাছ ও মুরগির সহ নিত্যপণ্যের দাম। জিনিসের দাম বাড়লে, বাড়েনি মানুষের আয় বরং খরচে ব্যয়। সিলেটের বাজারে পেপে ও আলু ছাড়া ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। সবজি ছাড়াও মাছ, মুরগি ও ডিম কিনতে গিয়ে বাড়তি টাকা গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপণ্যের বাড়তি দামে স্বস্তি  নেই ক্রেতাদের।  বিশেষ করে সীমিত ও নির্দিষ্ট আয়ের পরিবার গুলোকে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় কেউ কম পরিমাণে কিনছেন, কেউবা খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন মাছ-মাংসের মতো পণ্য। এ অবস্থায় বাজার তদারকি জোরদার ও পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। রোববার  ও সোমবার নগরের লালবাজার, কাজিরবাজার ও রিকাবীবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পেপে ও আলু ঠাড়া ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে তুলনামূলক চড়া দামে। প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গার দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং বাঁধাকপি ৮০ টাকা ও ফুলকপি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগাম শীতকালীন সবজি নতুন শিমের দাম ১৮০ থেকে ২০০ টাকা কেজি। তবে আলু ৩০ টাকা ও পেঁপে ১৫  থেকে ২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।সবজির পাশাপাশি মাছ-মাংসের দামও ক্রেতাদের চাপে ফেলছে। আকার ভেদে বাজারে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৫০০ টাকা এবং মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা এবং তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি শিং, মাগুর ও চিংড়ির মতো মাছের দাম আরও বেশি। মাছের দাম বেশি থাকায় অনেক ক্রেতাকে পছন্দের মাছের বদলে তুলনামূলক কম দামের মাছ কিনতে হচ্ছে।মুরগি ও ডিমের বাজারেও খরচ কমানোর সুযোগ সীমিত। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ২৯০ থেকে ৩২০ টাকা এবং লাল লেয়ার মুরগি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের লাল ডিমের ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা। গরুর মাংস কেজিতে ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।বাজার করতে আসা ক্রেতাদের মন্তব্য, আয়-রোজগার না বাড়লেও নিত্য দিনের ব্যয় বাড়ছে। ফলে একই পরিমাণ টাকা নিয়ে বাজারে গেলেও আগের মতো প্রয়োজনীয় পণ্য কেনা যাচ্ছে না। মাছ কিনলে সবজির পরিমাণ কমাতে হচ্ছে, আবার মাংস কিনতে গেলে অন্য খরচে কাটছাঁট করতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নিলেন্দু ভট্টাচার্য  বলেন, “শীতকালীন সবজির মৌসুম চলছে, এই সময় তো সবজির দাম কম থাকার কথা। অথচ পেঁপে আর আলু ছাড়া ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। বেগুন, টমেটো, শিম কিনতে  গেলে দাম শুনেই মাথা ঘুরে যায়। আমাদের আয় তো বাড়েনি, কিন্তু বাজার খরচ প্রতিদিন বাড়ছে। তাহলে সাধারণ মানুষ চলবে কী ভাবে? বাজারে সিন্ডিকেট থাকলে ভাঙতে হবে, আর যারা অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সিলেটে সবজি, মাছ ও মুরগিসহ নিত্যপণ্যের দাম লাগামহীন

সোনার দামে স্বস্তি, এখনো অপরিবর্তিত

দেশে স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। তবে সর্বশেষ দাম কমানোর পর এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে সোনার দাম।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।রোববার (২৫ অক্টোবর) প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। নতুন এ দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দামে স্বস্তি, এখনো অপরিবর্তিত

আবারও সস্তা হলো সোনা, ভরিপ্রতি যত হলো

সোনার দামে দুদিন পর ফের বড় দরপতন হলো। দেশের বাজারে আজ রোববার (২৫ অক্টোবর) প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৫০৮ টাকা, যা গত শুক্রবার ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা। আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন দামের তালিকায় আরও দেখা গেছে, ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। সোনার দাম কমালেও রুপার গয়নার দামে পরিবর্তন আনেনি বাজুস। মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরির দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম ২ হাজার ৩৯১ টাকা। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, গয়নার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

আবারও সস্তা হলো সোনা, ভরিপ্রতি যত হলো

স্বর্ণের পর কমল রুপার দামও

দেশের বাজারে সবশেষ শুক্রবার আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ শনিবারও একইদামে বিক্রি হবে স্বর্ণ। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।  নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পর কমল রুপার দামও

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে শুক্রবারও (২৩ অক্টোবর) স্বর্ণের দরপতন অব্যাহত ছিল। এভাবে চলতে থাকলে গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়বে মূল্যবান এই ধাতু।শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। দিনের লেনদেনের একপর্যায়ে দাম ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ।অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলারে নেমেছে।ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা বিভাগের প্রধান মন্টে সাফিয়েদ্দিন বলেন, বিনিয়োগকারীরা স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের ওপরে ধরে রাখার চেষ্টা করছেন। এই সীমার নিচে দাম নেমে গেলে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, বন্ডের উচ্চ মুনাফা এবং শক্তিশালী ডলারের প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়া যেতে পারে।সৌদি আরবে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় বেশি রাখবে—এমন ধারণা জোরালো হচ্ছে।স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। এর প্রভাব পড়ছে স্বর্ণের বাজারেও।মন্টে সাফিয়েদ্দিনের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তেলের দাম আরও বাড়তে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে। এমন পরিস্থিতি স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক।বিনিয়োগকারীদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। পাশাপাশি আগামী সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যও গুরুত্বপূর্ণ। দেশটির মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম প্রধান সূচক এটি।বাজারের অধিকাংশ অংশগ্রহণকারী মনে করছেন, আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮০ শতাংশ বলে বাজারের পূর্বাভাসে উঠে এসেছে।এদিকে, বাজার পরিস্থিতির পরিবর্তন ও বিনিয়োগকারীদের সম্পদ বিক্রির প্রবণতার কথা উল্লেখ করে এইচএসবিসি ২০২৬ সালে প্লাটিনাম ও প্যালাডিয়ামের গড় দামের পূর্বাভাস কমিয়েছে।শুক্রবার স্পট মার্কেটে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৫৯ দশমিক ৭৬ ডলার। আর প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৩ দশমিক ৪১ ডলারে রয়েছে।স্বর্ণের পাশাপাশি চলতি সপ্তাহে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমার পথে রয়েছে।

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে স্বর্ণ

এক টাকায় মিলছে চার লাউ!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাজারে দেখা দিয়েছে মারাত্মক দরপতন। বর্তমানে পাইকারি হাটে এক টাকায় মিলছে চার-চারটি লাউ—যা যেন শায়েস্তা খাঁর আমলকেও হার মানায়। উৎপাদন খরচের চরম লোকসান গুনতে না পেরে বাধ্য হয়ে অনেক কৃষক মনের কষ্টে নিজেদের লাউয়ের বাগান কেটে ফেলছেন কিংবা গবাদিপশুকে খাওয়াচ্ছেন।চাষিদের তথ্যমতে, এক কেজি মোটা চাল কিনতে হলে কৃষককে অন্তত ২০০টি লাউ বিক্রি করতে হচ্ছে। আর বাজারে ৭৫০ টাকা দরের এক কেজি গরুর মাংস কিনতে প্রয়োজন হচ্ছে প্রায় ৩ হাজার লাউ! অথচ স্থানীয় খুচরা বাজারে সাধারণ ক্রেতাদের এখনও প্রতি পিস লাউ ২০ থেকে ৩০ টাকায় কিনতে হচ্ছে।দুলাল ইসলাম (মির্জাপুর ইউনিয়ন, তেলিপাড়া): ৪০ শতক জমিতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ করে লাউ চাষ করেছিলেন। তবে পুরো মৌসুমে লাউ বিক্রি করে পান মাত্র ৩ হাজার টাকা, যা দিয়ে ক্ষেতের শ্রমিক খরচও ওঠেনি। তিনি আক্ষেপ করে বলেন, “২ থেকে ৩ হাজার পিস লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনা যায় না। তাই ক্ষোভে-কষ্টে বাগান কেটে ফেলেছি এবং লাউ গরুকে খাওয়াচ্ছি। আমরা দাম না পেলেও বাজারে ঠিকই ২০-৩০ টাকায় লাউ বিক্রি হচ্ছে।”আনসারুল ইসলাম (ঝলঝলি উলারচাপ এলাকা): দিনমজুরের দৈনিক হাজিরা ৬০০-৭০০ টাকা আর সার-কীটনাশকের দাম আকাশচুম্বী হলেও লাউ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ থেকে ৫ টাকায়। লোকসানের মুখে তিনি ১০ দিন ধরে বাগানের পরিচর্যা বন্ধ করে দিয়েছেন। তাঁর মতে, এভাবে লোকসান হতে থাকলে মানুষ কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে।স্থানীয় ব্যবসায়ী সলেমান আলী জানান, চলতি মৌসুমে এলাকায় লাউয়ের বাম্পার ফলন ও ফলন ভালো হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ অতিরিক্ত বেড়ে যাওয়া এবং বহিরাগত পাইকারি বাজারে সঠিক সমন্বয় না থাকায় স্থানীয় পর্যায়ে দরপতন ঘটেছে।উৎপাদন খরচ ও বাজারের পাইকারি-খুচরা মূল্যের বিশাল ফারাক দূর করে প্রান্তিক চাষিদের সুরক্ষায় সরকারের কৃষি বিভাগ ও সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা।

এক টাকায় মিলছে চার লাউ!
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream