সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অর্থনীতি

টানা তিন সপ্তাহ ধরে কমছে তেলের দাম, বাজারে বিরাজ করছে অস্থিরতা

টানা তিন সপ্তাহ ধরে কমছে তেলের দাম, বাজারে বিরাজ করছে অস্থিরতা

বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন ও বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বাড়ায় আন্তর্জাতিক পণ্যবাজারেও এর প্রভাব পড়েছে। এর ফলে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বিভিন্ন নৌযানে একের পর এক হামলার ঘটনা তেলের দামের বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।সোমবার (২৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ১৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।বিশ্লেষকদের মতে, একদিকে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা ও বিক্রির চাপ তেলের দাম কমিয়ে দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।তবে আঞ্চলিক তেল সরবরাহের ওপর নতুন হুমকি এই দাম কমার প্রবণতাকে কিছুটা সামলে রেখেছে।রোববার ইয়েমেনের হুথিরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে, অন্যদিকে সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।সূত্র: আল জাজিরা

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ

এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে কমিশন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ একটি মামলাও করেছেন।এদিকে, দুদকের অনুসন্ধানের মধ্যেই মাসরুর আরেফিনের বিদেশ সফর নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দুদকের অনুসন্ধানের খবর পেয়ে তিনি দেশ ছাড়ছেন।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। তিনি জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। আগামী ৩০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।ইয়াহিয়া মির্জার দাবি, বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে দুদকও অবগত রয়েছে। দুদক সূত্রে জানা গেছে, রবিবারের আগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তাকে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ

টানা ষষ্ঠবার স্বর্ণের দাম কমাল বাজুস

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। ঘোষিত এই দাম বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে।নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

টানা ষষ্ঠবার স্বর্ণের দাম কমাল বাজুস

হঠাৎ তলানিতে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলার। এর আগের দিন সোমবার স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।তবে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।এদিকে মঙ্গলবার মার্কিন ডলারের দাম গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বাড়ায় অন্যান্য দেশের মুদ্রায় স্বর্ণ কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্বর্ণের দাম আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজার বিশ্লেষক কাইল রড্ডার মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং সুদের হার কতটা বাড়তে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাই বর্তমানে স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। এই সম্ভাবনা ৯৫.৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪.৫ শতাংশ। এদিকে মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭.৫৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ৯৭৮ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।

হঠাৎ তলানিতে স্বর্ণের দাম

স্বাস্থ্য খাতে অনিয়মের ভয়াবহ চিত্র তুলে ধরল বাংলাদেশ হেলথ ওয়াচ

সরকারি হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগও উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রোগীদের পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন তারা। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা অনুযায়ী, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা।স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্যও তুলে ধরা হয়েছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা বলা হয়েছে। কিছু চিকিৎসা সরঞ্জাম বাজারদরের চেয়ে ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির সুযোগ তৈরি করছে। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ সমস্যাকে বাড়িয়ে তুলছে। শুধু আইন প্রয়োগ নয়, সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু কোনো ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করা সম্ভব নয়। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। তার মতে, আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ। প্রতিবেদনে সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিতে গিয়ে নানা ধরনের অনিয়মের শিকার হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো। একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়। চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতাও চিহ্নিত করেছে গবেষণাটি। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার চিত্র পাওয়া গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাশিক্ষার সম্প্রসারণের সঙ্গে মান নিয়ন্ত্রণে ঘাটতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থায় একই মাত্রায় উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতের অনিয়ম কমাতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা। এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের জন্য আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

স্বাস্থ্য খাতে অনিয়মের ভয়াবহ চিত্র তুলে ধরল বাংলাদেশ হেলথ ওয়াচ

দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু আজ

দেশে সরকারি ঋণের পরিমাণ বাড়ছে। একই সঙ্গে ঋণের সুদ পরিশোধে বাড়তি চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় নতুন পথ খুঁজতে আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন।কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনার উন্নয়ন, ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। এতে উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।রোববার ও সোমবার (১৫ ও ১৬ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, সরকারি ঋণ ব্যবস্থাপনা সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। এ ক্ষেত্রে ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। এ ধরনের অফিস গঠন করা হলে সরকারি ঋণের তথ্য সংরক্ষণ, ঋণ গ্রহণের পরিকল্পনা, সুদ ও আসল পরিশোধের সময়সূচি নির্ধারণ এবং ঋণসংক্রান্ত ঝুঁকি মূল্যায়নে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। সম্মেলনে আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ডে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়েও আলোচনা হবে। বিশেষজ্ঞদের আলোচনায় বিকল্প অর্থায়নের উৎস তৈরি, ঋণের ব্যয় কমানো এবং বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। সরকারি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সুদ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয় হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের সংস্থান একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ঋণ গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঋণের ব্যয় ও ঝুঁকি বিশ্লেষণ এবং অর্থায়নের উৎস বহুমুখীকরণ জরুরি হয়ে পড়েছে। দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ থেকে বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য কার্যকর কৌশল নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মেলনের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থায়নের নতুন পথ তৈরিতে সহায়ক দিকনির্দেশনা পাওয়া যাবে।

দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু আজ

জুলাই-অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ১১৪৬ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা।রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় সৌদি আরবের পাশাপাশি রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরব থেকে দেশে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। মাসভিত্তিক প্রবাহের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ গত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

জুলাই-অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ১১৪৬ কোটি ডলার

চার দশকেও পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের ওপর নির্ভরতা

চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় কর্মকর্তার পরিশ্রমে এই শিল্প আজ বড় রপ্তানি খাতে পরিণত হয়েছে।তবে এত উন্নতির পরও পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অনেক পদে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা রয়ে গেছে। উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, কাপড় রং করা ও ফিনিশিং, পণ্যের মান যাচাই, কারখানার নিয়ম মেনে চলা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো বিদেশি নাগরিকরা কাজ করছেন।শিল্প উদ্যোক্তাদের একাংশের মতে, আধুনিক প্রযুক্তি পরিচালনা, উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন রয়েছে। তাই এসব কাজে দক্ষ বিদেশি পেশাজীবীদের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, চার দশকের শিল্প বিকাশের পরও কেন এসব পদে পর্যাপ্ত দেশীয় দক্ষ জনবল তৈরি হয়নি? একই ধরনের দায়িত্বে বিদেশি কর্মকর্তারা দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি বেতন পাচ্ছেন—এমন তথ্যও উঠে এসেছে গবেষণায়। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতার অভাব, প্রকৃত বেতন গোপন, কর ফাঁকি এবং অবৈধ পথে অর্থ পাঠানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। ইনভেস্ট বাংলাদেশের উপপরিচালক ফায়জুর রাব্বীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিভিন্ন খাতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা ২৫ হাজার ২৬ জন। এই সংখ্যা শুধু তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের নয়, দেশের সব খাতের। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ জানান, বেপজার ইপিজেডগুলোতে বিদেশি কর্মী রয়েছেন দুই হাজার ৬০ জন। তাঁদের বড় অংশ মার্চেন্ডাইজিং ও কারিগরি কাজে নিয়োজিত। বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের হিসাবেও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের চিত্র পাওয়া যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই অর্থবছরে বিদেশি কর্মীদের জন্য মোট ১৫ হাজার ৮৯৮টি ওয়ার্ক পারমিট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন অনুমোদন পাঁচ হাজার ৪৯১টি এবং নবায়ন ১০ হাজার ৪০৭টি। আগে ২০২৩-২৪ অর্থবছরে নতুন অনুমোদন ছিল পাঁচ হাজার ৭৬১টি এবং নবায়ন হয়েছিল ৯ হাজার ৯৪৭টি। অর্থাৎ নতুন অনুমোদন কমলেও নবায়ন বেড়েছে। তবে এই সংখ্যা অনুমোদিত পারমিটের; এটি দেশে কর্মরত বিদেশি কর্মীর মোট সংখ্যা নয়। একই ব্যক্তির পারমিট নবায়নও এতে অন্তর্ভুক্ত রয়েছে।  বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক এবং লিটল স্টার স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, উৎপাদন ব্যবস্থাপনা, ডায়িং, উৎপাদন তদারকি ও কারিগরি কাজে বিদেশি পেশাজীবীরা কাজ করছেন। তাঁদের মধ্যে শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকের সংখ্যা বেশি। তাঁর মতে, দেশীয় কর্মীদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং আধুনিক যন্ত্র পরিচালনার সক্ষমতায় ঘাটতি থাকায় অনেক প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী হয়। নিজের কারখানার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে যে কারখানায় প্রায় এক হাজার ১০০ শ্রমিক দিয়ে উৎপাদন চালাতে হতো, প্রযুক্তি, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার উন্নতির পর সেখানে কর্মীসংখ্যা কমিয়ে প্রায় ৩৫০ জনে আনা সম্ভব হয়েছে। তাঁর দাবি, চীনের একটি ৫৪ হাজার স্পিন্ডলের কারখানা মাত্র ৮০ জন কর্মী দিয়ে পরিচালনা করা সম্ভব। এসব উদাহরণ দিয়ে তিনি উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি ও দক্ষতার ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দেন। অন্যদিকে নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, নতুন প্রযুক্তি স্থাপন ও পরিচালনা, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে এক থেকে দুই বছর কাজ করে তাঁরা দেশীয় কর্মীদের প্রশিক্ষণ দেন। তাঁর ব্যক্তিগত হিসাব অনুযায়ী, নিট পোশাক শিল্পে বিদেশি কর্মীর সংখ্যা ১০০ জনের কম এবং ওভেন খাতে ১৫০ জনের বেশি। পদ ভেদে তাঁদের মাসিক বেতন দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে এটি সংগঠনের জরিপভিত্তিক সরকারি হিসাব নয়; তাঁর ব্যক্তিগত অনুমান। পোশাক ও বস্ত্র শিল্পে বিদেশি ও দেশীয় কর্মকর্তাদের বেতনবৈষম্য নিয়ে ২০২০ সালে প্রকাশিত ‘এনরোলমেন্ট অব এক্সপ্যাট্রিয়েটস ইন দ্য রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টরস অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সাইফুল ইসলাম ও তাসনিম নাবিলা ইসলাম পরিচালিত গবেষণাটিতে ১০টি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ৩০ জন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা যায়, একই ধরনের পদে বিদেশি কর্মকর্তাদের বেতন দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি হতে পারে। গবেষণায় বিদেশি জেনারেল ম্যানেজারের মাসিক বেতন পাঁচ হাজার থেকে ১০ হাজার ডলার এবং দেশীয় কর্মকর্তার বেতন দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার উদাহরণ দেওয়া হয়। বিদেশি কর্মকর্তাদের বড় অংশ ভারত ও শ্রীলঙ্কার নাগরিক বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, ডায়িং, কাটিং, মান নিয়ন্ত্রণ, শিল্প প্রকৌশল ও উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় তাঁদের নিয়োগের তথ্যও উঠে এসেছে। তবে গবেষকরা বলেন, এটি অনুসন্ধানমূলক গবেষণা এবং নমুনা সীমিত। তাই এর ফলাফল দিয়ে পুরো শিল্পের বর্তমান বেতন বা বিদেশি কর্মীর সংখ্যা নির্ধারণ করা যাবে না। পোশাকশিল্পের মানবসম্পদ বিভাগে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এক কর্মকর্তা (ছদ্মনাম: মো. রফিকুল ইসলাম) বলেন, বিদেশি কর্মী নিয়োগের পেছনে শুধু দক্ষতার ঘাটতি নয়, কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের পছন্দ এবং প্রভাবও কাজ করে। ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বা মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং ক্রয়াদেশ ধরে রাখার স্বার্থে কিছু কারখানা বিদেশি কর্মকর্তাদের নিয়োগ দেয়। এতে যোগ্য দেশীয় কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চ পর্যায়ের দায়িত্ব পাওয়ার সুযোগ সীমিত হতে পারে। তিনি বলেন, কোনো কোনো প্রতিষ্ঠানে একই ধরনের কাজের জন্য দেশীয় কর্মকর্তাকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হলেও বিদেশি কর্মী পান এক লাখ ৫০ হাজার টাকা বা তার বেশি। তাঁর অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বেতনের চেয়ে কম বেতন চুক্তিতে দেখিয়ে বাকি অর্থ নগদে পরিশোধ করা হয়। যেমন—প্রকৃত বেতন দুই লাখ টাকা হলেও কাগজে এক লাখ টাকা দেখানো হতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরো পরিষ্কার হবে। বিদেশি কর্মী নিয়োগে অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচারের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ‘এমপ্লয়মেন্ট অব এক্সপ্যাট্রিয়েটস ইন বাংলাদেশ : গভর্ন্যান্স চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে-আউট’ শীর্ষক গবেষণা প্রকাশ করে। পরে ২০২৪ সালের ৩০ মার্চ ‘এমপ্লয়মেন্ট অব ফরেনার্স ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অব গুড গভর্ন্যান্স অ্যান্ড ওয়েজ অব ওভারকামিং’ শীর্ষক হালনাগাদ নীতিপত্র প্রকাশ করা হয়। টিআইবির গবেষণায় বলা হয়েছে, কিছু বিদেশি নাগরিক পর্যটক, অন অ্যারাইভাল ও ব্যাবসায়িক ভিসায় এসে যথাযথ কর্মানুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। বৈধভাবে নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রকৃত বেতন কম দেখিয়ে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বেতনের এক-তৃতীয়াংশ ব্যাংকের মাধ্যমে পরিশোধ দেখিয়ে বাকি অর্থ নগদে দেওয়া হয়। বিদেশি কর্মী নিয়োগে দেশি ও বিদেশি কর্মীর নির্ধারিত অনুপাত অনুসরণ না করা এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর ঝুঁকির কথাও গবেষণায় উল্লেখ করা হয়েছে। টিআইবির ২০২০ সালের প্রাক্কলন অনুযায়ী, তখন বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ন্যূনতম প্রায় দুই লাখ ৫০ হাজার। তাঁদের মাধ্যমে বছরে ন্যূনতম ৩১৫ কোটি ডলার অবৈধভাবে দেশের বাইরে পাঠানো এবং কর ফাঁকির কারণে সরকারের প্রায় ১৩৫ কোটি ডলার রাজস্ব ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি। ওই সময়ের বিনিময় হার ধরে অর্থের পরিমাণ যথাক্রমে প্রায় ২৬ হাজার ৪০০ কোটি ও ১২ হাজার কোটি টাকা। তবে টিআইবি নিজেই উল্লেখ করেছে, বিদেশি কর্মীর প্রকৃত সংখ্যা এবং অবৈধভাবে পাঠানো অর্থের নির্ভরযোগ্য প্রাতিষ্ঠানিক তথ্য নেই। ফলে এসব প্রাক্কলনকে বর্তমান পরিস্থিতির পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। বিদেশি কর্মীদের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি, খাতভিত্তিক জনবলের প্রয়োজন নির্ধারণ, বেতন ও আয়কর সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয় ও তদারকি জোরদারের সুপারিশ করেছে টিআইবি। বিদেশি কর্মীদের আয় থেকে বৈধ পথে দেশের বাইরে পাঠানো অর্থের একটি সরকারি হিসাব পাওয়া যায় জাতীয় সংসদে দেওয়া সাবেক অর্থমন্ত্রীর বক্তব্যে। ২০২৪ সালের ২৪ জুন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে জানান, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল—প্রথম ১০ মাসে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা নিজ নিজ দেশে ১৩ কোটি পাঁচ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। এর মধ্যে ভারতের নাগরিকরা পাঠিয়েছেন পাঁচ কোটি ৬০ লাখ ডলার, চীনের নাগরিকরা এক কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং শ্রীলঙ্কার নাগরিকরা এক কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নাগরিকরাও অর্থ পাঠিয়েছেন। অন্যান্য দেশের নাগরিকরা পাঠিয়েছেন দুই হাজার ১৯২ লাখ ডলার। অর্থমন্ত্রী সংসদে আরো জানান, বাংলাদেশ ব্যাংকে দেশে বসবাসরত বিদেশি নাগরিকদের বার্ষিক আয়ের তথ্য সংরক্ষিত নেই। এই হিসাব সব খাতের বিদেশি নাগরিকদের বৈধ পথে পাঠানো অর্থের; শুধু পোশাক ও বস্ত্র শিল্পের কর্মীদের নয়। ফলে এ খাত থেকে মোট কত অর্থ বিদেশে যাচ্ছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ২৭ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী, বিদেশি কর্মীরা কর পরিশোধের পর নিট আয়ের সর্বোচ্চ ৮০ শতাংশ যেকোনো সময় নিজ দেশে পাঠাতে পারেন। অবশিষ্ট ২০ শতাংশ কর নির্ধারণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ সাপেক্ষে পাঠানোর সুযোগ রয়েছে। তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এ বিষয়ে তথ্য চেয়ে সদস্য কারখানাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও শিল্পের সার্বিক অস্থিরতা নিয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে দেশীয় কর্মীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। ২০২৬ সালের ২৫ জুন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তিন অর্থবছরে ২২ হাজার ৮১৫ জন কর্মী, কর্মকর্তা ও মধ্যপর্যায়ের ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়ার জন্য পৃথক সমঝোতা স্মারক সই করে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে যন্ত্র পরিচালনা, কমপ্লায়েন্স, উৎপাদন পরিকল্পনা, মজুদ ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা। এ ছাড়া ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, প্রয়োজনীয় দক্ষতা, মানসম্মত শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তৈরি পোশাক শিল্পে শতভাগ দেশীয় জনবল গড়ে তোলা সম্ভব। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। তবে তাঁদের নিয়োগের উদ্দেশ্য হতে হবে প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর, দেশীয় কর্মীদের প্রশিক্ষণ এবং স্থানীয় কর্মকর্তাদের দক্ষ করে তোলা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পদে দেশীয় কর্মকর্তাদের পদোন্নতি ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। চার দশকের শিল্প বিকাশের পরও গুরুত্বপূর্ণ পদে বিদেশিনির্ভরতা কেন রয়ে গেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বিদেশি কর্মী নিয়োগের প্রকৃত প্রয়োজন, তাঁদের দক্ষতা, বেতন, কর পরিশোধ এবং অর্থ পাঠানোর তথ্য এক জায়গায় সংরক্ষণ করতে হবে। কোন কোন পদে দেশীয় কর্মী তৈরি করা সম্ভব, তা চিহ্নিত করে প্রশিক্ষণ ও উত্তরসূরি তৈরির সময়সীমাবদ্ধ পরিকল্পনাও প্রয়োজন। অন্যথায় দেশের অন্যতম বৃহৎ রপ্তানি খাতের বিকাশ ঘটলেও উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দক্ষতায় বিদেশিনির্ভরতা কাটানো কঠিন হবে।

চার দশকেও পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের ওপর নির্ভরতা

জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সুযোগ

জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ থেকে বঞ্চিত ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্বল্প আয়ের প্রান্তিক পেশাজীবীদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এতে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ এবং ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানতের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো ওই নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার ও বিতরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জীবনমান উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নীতিমালা অনুযায়ী, এই তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে, তবে তাদের মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে, যার মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা যাবে। এ ছাড়া ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না। প্রজ্ঞাপনে ঋণের ক্ষেত্রে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক। এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটির ও হস্তশিল্পের মতো উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও ঋণ পাবেন। কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন, তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকেরা যেন বঞ্চিত না হন সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার পাবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের জন্যও এই স্কিমে বিশেষ সুযোগ রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন একক উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করলে দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা (সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা) পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যেখানে সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে। তবে নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না এবং প্রতি তিন মাস পরপর ঋণের তদারকি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

জামানত ছাড়াই ৫ লাখ, সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সুযোগ

সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও

রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করলেও কমছে না দাম। বরং উচ্চমূল্যের কারণে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। শুধু সবজি নয়, মাছ, মাংস ও ডিমের দামও রয়েছে চড়া। এতে বাড়তি চাপ পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচে।শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। পুরোনো আলুর দাম ৩০ টাকা। গাজর ১০০ থেকে ১৪০ টাকা, পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১২০, গোল বেগুন ১০০, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া শিম ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং ফুলকপি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলার কেজি ৬০ টাকা।মাছের বাজারেও দাম রয়েছে চড়া। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা মাছের দাম ৩৮০ থেকে ৪২০ টাকা। অন্যদিকে, ইলিশের কেজি ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকাও ছাড়িয়েছে।ডিম ও মুরগির দামেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা। এ ছাড়া গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পর্যাপ্ত নতুন সবজি আসেনি। সরবরাহ বাড়লে আগামী এক সপ্তাহের মধ্যে কিছুটা দাম কমতে পারে। একই ধরনের সবজির সরবরাহ বাড়লে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।তবে বাজারের এমন পরিস্থিতিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। নাঈম নামে এক ক্রেতা বলেন, সবজির দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। মাছ কিনতে গিয়েও ফিরে আসতে হচ্ছে। আগে যে মাছ ৮০০ টাকায় পাওয়া যেত, এখন সেটি কিনতে ১ হাজার ২০০ টাকা লাগছে। এভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও

আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এতে টানা ৪ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯ হাজার ৮৫৬ টাকা। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

আবারও কমল স্বর্ণের দাম

স্বর্ণ কিনতে খরচ কমল, নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। স্বর্ণের দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণ কিনতে খরচ কমল, নতুন দাম নির্ধারণ

আবাসন খাতে মন্দা, ঝুঁকিতে লাখো মানুষের কর্মসংস্থান

ক্রেতার চাহিদা থাকলেও দেশের আবাসন খাতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। গত এক বছরে ফ্ল্যাট বিক্রি ও বুকিং প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে শুধু আবাসন ব্যবসায় নয়, নির্মাণসংশ্লিষ্ট বিভিন্ন শিল্প ও লাখো মানুষের কর্মসংস্থানেও।ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ঢাকায় প্রায় দুই কোটি মানুষের নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট নেই। এত মানুষের আবাসনের প্রয়োজন থাকলেও ফ্ল্যাট কেনাবেচা কমে যাওয়ায় প্রশ্ন উঠছে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো?সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ি ও জমির দাম অনেক কমে যাওয়ার খবর ছড়ালেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং ফ্ল্যাট বিক্রি কমলেও নির্মাণসামগ্রী ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় আবাসিক ফ্ল্যাটের দাম এখনো বেশি রয়েছে।আবাসন ব্যবসায়ীরা বলছেন, এই মন্দার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। খাবার, চিকিৎসা, শিক্ষা ও বাসাভাড়ার খরচ মেটাতেই অনেক পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। ফলে ফ্ল্যাট কেনার জন্য দীর্ঘদিন ধরে টাকা জমালেও অনেকে এখন সেই পরিকল্পনা বাদ দিচ্ছেন।এ ছাড়া গৃহঋণের সুদের হার বেশি হওয়ায় ফ্ল্যাট কেনার আগ্রহ কমেছে। ঋণের কিস্তি পরিশোধের বাড়তি চাপের কারণে অনেকেই বড় অঙ্কের ঋণ নিতে চাইছেন না। অন্যদিকে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আবাসন প্রকল্পের খরচও আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে সব মিলিয়ে দেশের আবাসন ব্যবসায় এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের হিসাবে, এক বছরে নির্মাণ উপকরণের খরচ বেড়েছে ৩১ শতাংশের বেশি। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের দাবি, সার্বিক নির্মাণ ব্যয় বৃদ্ধির হার প্রায় ৪৩ শতাংশ। কর ও নিবন্ধন ব্যয়ও এ খাতের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্ল্যাটের সরকারি মূল্যের ওপর নতুন করে ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর আরোপ করা হয়েছে। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে নিবন্ধন খরচ মোট মূল্যের ১৩ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। এসব ব্যয় কমানোর দাবি জানিয়ে আসছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। তবে ফ্ল্যাটের দাম কমে যাওয়ার দাবির পক্ষে উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। উদ্যোক্তাদের দেওয়া হিসাব অনুযায়ী, গত তিন বছরে আবাসিক ইউনিটের মূল্য সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। জমি, শ্রমিকের মজুরি, নির্মাণ উপকরণ ও অর্থায়নের ব্যয় না কমায় বিক্রি কমলেও প্রতিষ্ঠানগুলো মূল্য সমন্বয় করতে পারছে না। ফলে বাজারে মূল সমস্যা দাঁড়িয়েছে ক্রেতার আর্থিক সামর্থ্য ও ফ্ল্যাটের দামের মধ্যে ব্যবধান। এ স্থবিরতার প্রভাব ছড়িয়ে পড়েছে নির্মাণসংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ও। রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, কাঠ ও বৈদ্যুতিক সরঞ্জামসহ ২৬৯টি সহযোগী শিল্প আবাসন খাতের ওপর নির্ভরশীল। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রডের বিক্রি সর্বোচ্চ ৪৫ শতাংশ কমেছে। সিরামিক পণ্যের চাহিদা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ। বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে এই পতন ৫০ শতাংশ পর্যন্ত। রিহ্যাবের হিসাব বলছে, আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। ব্যবসার গতি কমে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকঋণ পরিশোধেও দেখা দিয়েছে জটিলতা। সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে আবাসন খাতের খেলাপি ঋণের হার প্রায় ২৭ শতাংশে পৌঁছানোর তথ্য উঠে এসেছে। এদিকে নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেতাদের মধ্যে আস্থার সংকটও তৈরি হয়েছে। ফলে বাজার সচল করতে শুধু ঋণের সুদ কিংবা কর কমানো যথেষ্ট নয়; প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। সংকট উত্তরণে ঢাকার বাইরে সাশ্রয়ী আবাসন গড়ে তোলা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক। অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকীর মতে, দীর্ঘদিন নির্মাণ ও বিক্রয় কার্যক্রম স্থবির থাকলে সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ এবং বিশেষ অর্থায়ন তহবিল গঠনের প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে আবাসন বাজারের বর্তমান সংকটের মূল কারণ মূল্যপতন নয়, বরং ক্রেতার ক্রয়ক্ষমতা হ্রাস এবং বিক্রিতে স্থবিরতা। ঋণের সুদ, নির্মাণব্যয় ও করের চাপ কমানোর পাশাপাশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে এই পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবাসন খাতে মন্দা, ঝুঁকিতে লাখো মানুষের কর্মসংস্থান

মজুরি আলোচনা বর্জনসহ কঠোর সিদ্ধান্তের পথে পোশাক মালিকরা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে মালিকপক্ষ। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনা থেকে সরে থাকার পরিকল্পনাও করছেন তারা।বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের ওই বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনতেই মালিকপক্ষ এমন কঠোর অবস্থান বিবেচনা করছে। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্পষ্ট অবস্থান জানিয়ে বলেন, ‘মজুরির আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে—এ দুটি একসঙ্গে চলতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করব। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সাধারণ সভা থেকে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় আমরা আদৌ অংশ নেব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ আগামী ১৬ নভেম্বর নির্ধারিত মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ কোনো প্রস্তাব দেবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, মালিকপক্ষ তাদের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে ঠিকই, তবে সভায় বসে কোনো আলোচনায় অংশ নেবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।’ বিজিএমইএর এই প্রাথমিক বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘট ডাকা হয়নি এবং কাউকে সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এর মাঝে মালিকপক্ষ যদি বোর্ডের সভায় আলোচনা বর্জন করে, তবে মজুরি চূড়ান্ত করার পুরো বিষয়টি আমরা সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেব।’ বুধবারের সভায় ব্যবসায়ী ও শিল্পনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার এবং নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনসহ আশুলিয়া অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ তৈরি পোশাক কারখানার মালিক। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব দাখিল করেন। তবে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম চলমান থাকলেও শিল্পাঞ্চলের উত্তেজনা পুরোপুরি কমেনি। বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবারও সাভার, আশুলিয়া ও গাজীপুর মিলিয়ে মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে; যার মধ্যে কেবল সাভার–আশুলিয়া এলাকাতেই ১৪০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে সাভার–আশুলিয়ায় বুধবার দিনভর দফায় দফায় বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়া, টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, যা শিল্পাঞ্চলজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

মজুরি আলোচনা বর্জনসহ কঠোর সিদ্ধান্তের পথে পোশাক মালিকরা

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৪ হাজার ১৯৩ টাকা। প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা।এর আগে গত ৬ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯৩৭ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৭৪১ টাকা।বুধবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।সভায় জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্যও সমন্বয় করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।  রুপার দাম অপরিবর্তিত স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৬ নভেম্বরও একই দামে রুপা বিক্রির সিদ্ধান্ত জানিয়েছিল বাজুস। ফলে নতুন ঘোষণায় রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।  এ বছর ১৩৩ বার সমন্বয় স্বর্ণের দাম চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের ঘটনা দাঁড়িয়েছে ১৩৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।  অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দাম সমন্বয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার প্রভাবে দেশের বাজারেও ঘন ঘন দাম পরিবর্তন করতে হচ্ছে। 

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

দীর্ঘ যাচাই শেষে ৯৩টি বিও হিসাব খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

বিএসইসি সূত্র জানায়, গত ৩ নভেম্বর কমিশনের সভায় জব্দ থাকা শতাধিক বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে এক সপ্তাহ ধরে যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় ৯৩টি হিসাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।মুক্তির সিদ্ধান্ত হওয়া ৯৩টি বিও হিসাবের মধ্যে ৭৭টি শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তাঁর পরিবারের সদস্যদের নামে খোলা। এসব হিসাবের মালিকদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতব্বর, বোন কনিকা আফরোজ এবং ভাই সাজেদ মাতবর।অন্যদিকে, বাকি ১৬টি বিও হিসাব বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম ও পরিবারের সদস্যদের নামে খোলা।উল্লেখ্য, শেয়ারবাজারে বিনিয়োগ ও লেনদেন পরিচালনার জন্য বিও হিসাব ব্যবহার করা হয়। বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে এসব হিসাব খুলে থাকেন।উল্লেখ্য, শেয়ারবাজারে শেয়ার কেনাবেচার জন্য বিও হিসাব ব্যবহার করা হয়। সাধারণত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা এসব হিসাব খুলে থাকেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএমবিএর সাবেক সভাপতি ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শিবলী কমিশনের সময় বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে বড় অঙ্কের জরিমানাও হয়েছিল হিরুর। আর ছায়েদুর রহমানের ব্যাপারে অভিযোগ ছিল দুর্বল মানের আইপিও বাজারে তালিকাভুক্তির নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার। বিএসইসি সূত্রে জানা যায়, জব্দ এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর সুবিধা বন্ধ থাকবে। অর্থাৎ বিও হিসাবগুলোতে লেনদেন করা যাবে কিন্তু কোনো অর্থ উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। এমনকি শেয়ারও অন্য কোনো বিওতে স্থানান্তর বন্ধ থাকবে। পাশাপাশি এসব বিও থেকে ব্লক মার্কেটে কোনো লেনদেন করা যাবে না। তবে এসব হিসাবধারীরা লেনদেনের সুবিধার্থে অর্থ জমা করতে পারবেন। এ ছাড়া কোনো হিসাবের বিপরীতে ঋণ সুবিধা থাকলে সময়ে সময়ে ঋণদাতা প্রতিষ্ঠান সেই ঋণ সমন্বয় করতে পারবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেয়ারবাজারের আলোচিত বিভিন্ন বিনিয়োগকারী, বিএসইসির শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির শতাধিক বিও হিসাব নিজ উদ্যোগে জব্দ করে বিএসইসি। এর বাইরে সরকারি অন্যান্য তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও কয়েক শ ব্যক্তির বিও হিসাব জব্দ করা হয়; যাঁদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওই সময়কার সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরাও ছিলেন। বিএসইসির বাইরে সরকারের অন্যান্য সংস্থার নির্দেশে জব্দ করা বিও হিসাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় রাখা হয়নি। যেসব বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দু-এক দিনের মধ্যে নির্দেশনা দেওয়া হবে বলে বিএসইসি সূত্র জানায়। বিএসইসির লিখিত নির্দেশনা পাওয়ার পরই এসব বিও হিসাব সচল করবে শেয়ারবাজারে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল। জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, বিএসইসির পক্ষ থেকে যেসব বিও হিসাব জব্দ করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে ৯৩টির ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। এসব হিসাব থেকে ব্লকে কোনো লেনদেন করা যাবে না। এ ছাড়া অর্থ উত্তোলন ও স্থানান্তর এবং বিও হিসাব থেকে অন্য বিওতে শেয়ার স্থানান্তর করা যাবে না। তবে ঋণ সমন্বয় করা যাবে। বাজারের স্বার্থে সার্বিক বিষয় যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জব্দ বিও হিসাবের লেনদেনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে এসব হিসাবে থাকা ঋণের বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিও হিসাব জব্দ থাকায় একদিকে ঋণের সুদ বাড়ছিল, অন্যদিকে সুদও আদায় করতে পারছিল না ঋণদাতা প্রতিষ্ঠান। এ অবস্থায় বাজারের বাস্তবতায় ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৯৩টি বিও হিসাবের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিএসইসি। তবে সংস্থাটি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের উদ্যোগে ১০৫টি বিও হিসাব জব্দ করেছিল।

দীর্ঘ যাচাই শেষে ৯৩টি বিও হিসাব খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream