বন্যা-খরার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট
‘এল নিনো’র প্রভাবে সৃষ্ট বন্যা ও খরা পরিস্থিতি মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘এল নিনো’র কারণে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। এর প্রভাবে বলিভিয়ার কোথাও বন্যা, আবার কোথাও খরা দেখা দিয়েছে। পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হতে পারে।তিনি জানান, সংকট মোকাবিলায় দ্রুত অর্থ ও প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জরুরি অবস্থার ঘোষণায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও বেশি উদ্ধারকারী দল মোতায়েনের নির্দেশনাও রয়েছে বলেও জানান তিনি।
বিশ্বের আবহাওয়া বদলে দেওয়ার অন্যতম প্রধান কারণ ‘এল নিনো’ গত কয়েক মাস ধরে আরও শক্তিশালী হয়ে উঠছে। দেখা দিচ্ছে ভয়াবহ দাবানল, নজিরবিহীন বন্যা ও অতি তীব্র তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়। এ পরিস্থিতিতে ‘এল নিনো’র প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।