প্রেস সেক্রেটারি পদে নিকি মিনাজকে পছন্দ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে জনপ্রিয় র্যাপার নিকি মিনাজকে নিয়োগ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।‘দ্য বেনি শো’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে উপস্থাপক বেনি জনসন ট্রাম্পের কাছে জানতে চান, নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি করা যায় কি না। জবাবে ট্রাম্প বলেন, ধারণাটি ভালো। বিষয়টি নিয়ে তাঁকে ভাবতে হবে। একই সঙ্গে উপস্থাপক বেনি জনসনকেও এই পদের জন্য যোগ্য প্রার্থী বলে উল্লেখ করেন তিনি।এর আগে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে একটি নির্বাচনী সমাবেশে গিয়েছিলেন নিকি মিনাজ। এরপর তাঁকে প্রেস সেক্রেটারি করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়।গত সপ্তাহান্তে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মনে হচ্ছে, হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারিকে খুঁজে পাওয়া গেছে।পরে ট্রাম্পের উপদেষ্টা অ্যালেক্স ব্রুসেউইৎজও বিষয়টি নিয়ে পোস্ট করেন। নিকি মিনাজের ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, এই প্রস্তাব সম্পর্কে তাঁদের মতামত কী?এদিকে, প্রেস সেক্রেটারি করার আলোচনা শুরুর আগেও নিকি মিনাজকে নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তাঁর শারীরিক সৌন্দর্যের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। নিকি মিনাজের শারীরিক গড়ন নিয়ে প্রকাশ্যে প্রশংসাসূচক মন্তব্য করেন তিনি।
নিকি মিনাজের ট্রাম্প প্রশাসনের অংশ হয়ে হোয়াইট হাউসে যোগ দেওয়ার সম্ভাবনা ২০২৬ সালের আলোচিত সম্ভাব্য ঘটনাগুলোর তালিকায় ছিল না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।