যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান
ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেন, শত্রুপক্ষের হামলার অপেক্ষায় থাকবে না ইরান। বরং নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পাল্টা হামলার সময় ও ধরন ঠিক করবে দেশটি।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আবদোল্লাহি জানান, ইরানের সামরিক বাহিনী গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। শত্রুপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকাও হালনাগাদ করা হচ্ছে।তিনি আরও বলেন, প্রতিপক্ষের যেকোনো বৈরী তৎপরতার আভাস পেলেই ইরান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। এ জন্য শত্রুপক্ষের প্রথম হামলার জন্য অপেক্ষা করা হবে না।আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জবাব হবে তাৎক্ষণিক ও কার্যকর। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখাও মানা হবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের কঠোর নির্দেশনা দেওয়ার পর এসব বক্তব্য দেন তিনি। ওই নির্দেশনাকে বিচক্ষণ, দূরদর্শী ও সিদ্ধান্তমূলক আখ্যা দিয়ে আবদোল্লাহি বলেন, তৃতীয় ‘আরোপিত যুদ্ধের’ সময় যেমন সর্বোচ্চ নেতার নির্দেশনা সামরিক বাহিনীকে পথ দেখিয়েছিল, এবারও তা একইভাবে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
তিনি সর্বোচ্চ নেতা ও ইরানের জনগণকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও মাতৃভূমি রক্ষা করা হবে।
আবদোল্লাহি আরও জানান, কমান্ডার-ইন-চিফের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক বাহিনী দেশ ও জনগণকে রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন ও ইসরায়েলি শত্রুদের মোকাবিলায় তারা উন্নত সামরিক সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। একই সঙ্গে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়ানো হবে।
নতুন করে ইরানে হামলা চালানো হলে এবার সম্পূর্ণ ভিন্ন কৌশলে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। তার দাবি, এই প্রতিক্রিয়া তৃতীয় ‘আরোপিত যুদ্ধের’ সময়ের চেয়েও অনেক বেশি কঠোর ও কার্যকর হবে।
ইরানের সামরিক বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত ইরানই নেবে। প্রতিপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইরান। তথ্যসূত্র: তাসনিম নিউজ