বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
স্বাধীনতা দিবসে তরুণদের ঘিরে মোদির ছয় বড় ঘোষণা

স্বাধীনতা দিবসে তরুণদের ঘিরে মোদির ছয় বড় ঘোষণা

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, বেসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর উৎপাদন ও পারমাণবিক জ্বালানি খাত নিয়ে ছয়টি বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি আগামী এক বছরে দেশের ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগের কথা জানান। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, আধুনিক বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, শিশুদের জন্য দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ, সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেন।দেশের তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বড় কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন মোদি। তিনি বলেন, আগামী এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ে দক্ষ করে তোলার জন্য কাজ করবে সরকার। এর মাধ্যমে ভারতের তরুণরা এআই খাতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং চালুর ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, কোচিংয়ের খরচ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। তাই ডিজিটাল অবকাঠামো, দক্ষ শিক্ষক ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হবে। মোদি বলেন, এর ফলে কোচিংয়ের পেছনে পরিবারের বিপুল অর্থ ব্যয়ের চাপ কমবে এবং অভিভাবকেরা সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।পরিবর্তিত নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আধুনিক বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সঙ্গে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্ত করা হবে। সমসাময়িক সংকট মোকাবিলায় সক্ষম একটি বড় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিকে ভারতের অন্তত তিন-চতুর্থাংশ ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্য রয়েছে। বর্তমানে অলিম্পিকের প্রায় ৪০টি ক্রীড়া বিভাগে প্রায় ৩৫০টি ইভেন্ট থাকলেও ভারত অনেক ইভেন্টে যোগ্যতা অর্জন করতে পারে না।নতুন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় শিশুদের চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠতে পারে। মোদি আরও বলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত শক্তিশালী দাবিদার। এ ছাড়া ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্ব তুলে ধরে এই খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনা জানান মোদি। তিনি বলেন, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম ও পরিবহণ ব্যবস্থাসহ আধুনিক বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে চিপ অপরিহার্য। মোদি জানান, ভারতে ইতোমধ্যে তিনটি বড় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপিত হয়েছে এবং এসব কারখানা থেকে রপ্তানির জন্য উৎপাদনও শুরু হয়েছে বলে তাকে জানানো হয়েছে। আগামী ৭ থেকে ৮ বছরে আরও পাঁচ থেকে আটটি সেমিকন্ডাক্টর কারখানা চালু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছেন মোদি। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।এ ছাড়া চলতি দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এ বছর ভারত দ্রুত প্রজননশীল পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী, যা পারমাণবিক জ্বালানিতে ভারতের স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।সূত্র: এনডিটিভি

জেন-জি প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেওয়া ভাষণের শুরুতেই তিনি বিশ্বজুড়ে থাকা তামিল জনগোষ্ঠী ও জেন-জি প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সব তামিল ভাই-বোন ও জেন-জি বন্ধুদের ভানাক্কম।’উল্লেখ্য, ‘ভানাক্কম’ তামিল ভাষা যার বাংলায় এর অর্থ নমস্কার, প্রণাম বা প্রসঙ্গভেদে শুভেচ্ছা। পতাকা উত্তোলনের আগে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর, মা শোবা চন্দ্রশেখর এবং অভিনেত্রী তৃষা সামনের সারিতে উপস্থিত ছিলেন।বিজয় বলেন, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সরকার সহযোগিতা করবে। তবে রাজ্যের অধিকার ক্ষুণ্ন করে—এমন কোনো নীতির বিরোধিতা সবসময় করা হবে বলেও স্পষ্ট করেন তিনি। তিনি জানান, দুর্নীতি দূর করাও এক ধরনের স্বাধীনতা। তার সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। সরকারি রাজস্ব যাতে ব্যক্তিবিশেষের হাতে চলে না যায়, তা ঠেকানো হয়েছে এবং সব বিভাগ থেকে দুর্নীতি নির্মূলে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, তার সরকারের বিরুদ্ধে কাজ করা শক্তিগুলোকে পরাজিত করা হবে এবং সরকারকে ঘিরে যেকোনো ষড়যন্ত্রও ব্যর্থ করে দেওয়া হবে।জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে বিজয় জানান, আগের সরকারগুলোর চালু করা জনগণের উপকারী প্রকল্পগুলোও তার সরকার অব্যাহত রাখবে। এর মধ্যে এআইএডিএমকের ‘আম্মা ক্যান্টিন’ এবং ডিএমকের স্কুলশিক্ষার্থীদের জন্য সকালের নাশতার প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।আগামী ১৫ সেপ্টেম্বর দ্রাবিড় আন্দোলনের নেতা সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম’ নামে স্বর্ণের আংটি দেওয়ার প্রকল্প চালু করা হবে বলেও জানান বিজয়। এ প্রকল্পে ব্যয় হবে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।বিজয় জানান, জনগণ জাতপাত ও ধর্মের বিভেদ এবং অর্থ ও পেশিশক্তির রাজনীতি প্রত্যাখ্যান করে তার সরকারকে সমর্থন করেছে। তিনি দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে কাজ করার এবং জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।এ ছাড়া সাবেক সেনাসদস্যদের মেয়েদের বিয়েতে দেওয়া আর্থিক সহায়তা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবন্ধী সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তাও ৫ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার রুপি করা হবে।একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের পেনশন ২৩ হাজার রুপি এবং পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি নির্ধারণের ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

জেন-জি প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু মুখ্যমন্ত্রী বিজয়ের
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream