মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, সচল হলো মেট্রোরেল
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা মেট্রোরেল স্টেশনগুলো আবার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সব স্টেশন চালু রয়েছে এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।রোববার (১ নভেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।এর আগে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে দুপুরে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এসময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পুলিশের কোনো সদস্য আহত হননি।বর্তমানে সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ১০ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিতভাবে কিছু যানবাহন চলাচল শুরু হয়েছে।