শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শ্যামলীতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা চালক ও সহকারী

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা চালক ও সহকারী

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ‘ঠিকানা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে বাসে কোনো সাধারণ যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বাসটি খালি অবস্থায় আসাদ গেটের দিকে যাচ্ছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।এ সময় বাসে শুধু চালক ও তার সহকারী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বাস থেকে নেমে আসায় দুজনই নিরাপদে রয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও নাশকতা প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে। এদিকে দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড মারাত্মক রূপ নিয়েছে। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশের ১১টি জেলায় মোট ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কেবল রাজধানীরই ১৯টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এসব নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাইরেও নাশকতার বিস্তার ঘটেছে ব্যাপকভাবে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরসহ বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশজুড়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম

দিনাজপুরের ফুলবাড়ীতে হাত ও পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বিরল এই শারীরিক বৈশিষ্ট্যকে ‘পলিড্যাক্টিলি’ বলা হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি ঘিরে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। নবজাতকটিকে একনজর দেখতে প্রতিদিন তাদের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। তবে অতিরিক্ত আঙুলের পাশাপাশি শিশুটির ঠোঁট কাটা থাকায় তার ভবিষ্যৎ ও চিকিৎসা ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন দিনমজুর বাবা-মা। উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের ভ্যানচালক আসাদুল ইসলাম আরিফ ও লিজা আক্তার দম্পতির ঘরে গত ১৩ সেপ্টেম্বর এই শিশুটির জন্ম হয়। ফুলবাড়ী সদরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া এই নবজাতকের প্রতিটি হাত ও পায়ে সাতটি করে মোট ২৮টি আঙুল ছিল এবং প্রতিটি আঙুলেই নখ ছিল। তবে জন্মের দুইদিন পর বাম হাতের একটি বাড়তি আঙুল নিজে থেকেই ঝরে পড়ে। অতিরিক্ত আঙুল ছাড়াও শিশুটির ঠোঁটে জন্মগত ত্রুটি রয়েছে। প্রথম সন্তানের এমন শারীরিক অবস্থা ও নিজের আর্থিক সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাবা আসাদুল ইসলাম। ভ্যান চালিয়ে পাওয়া সীমিত আয়ে কোনোমতে সংসার চালানো এই বাবা জানান, মেয়ের ঠোঁটের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের খরচ বহনের সামর্থ্য তার নেই। তবে মেয়ের সুস্থতার জন্য তিনি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবেন। শিশুটির দাদা আমজাদ হোসেন ও দাদি আয়েশা আক্তারও নাতনির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। লিজা আক্তারের অস্ত্রোপচার সম্পন্নকারী চিকিৎসক ডা. এম এ এন নূরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শিশুটির হাত ও পায়ের অতিরিক্ত আঙুল নিয়ে আপাতত তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তবে ঠোঁট ও তালুর জন্মগত ত্রুটি দূর করতে পরবর্তীতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে। এদিকে, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এস কে সাদেক আলী এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ‘পলিড্যাক্টিলি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এটি কোনো রোগ নয়, বরং একটি জন্মগত শারীরিক গঠনগত বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। তবে শিশুটির শরীরের ভেতরে অন্য কোনো জটিলতা আছে কি না, তা নিশ্চিত করতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা ইয়াসমিন। আজ মঙ্গলবার  বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না। জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে এমপি ফরিদা বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিরোধী ও সরকারি দল মিলেমিশে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে ফরিদা বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে। এ সময় নিজের দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে তিনি জানান, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে। এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠন। মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভেড়ামারা শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এসময় সমাবেশ বক্তব্য রাখেন- ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম, আবুল কালাম আজাদ প্রমুখ। দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  এর আগে, সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছে, যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা। তাদের বাদ দিয়ে কমিটিবহির্ভূত ব্যক্তিদের নিয়ে প্রশাসন মিটিং করে, এটি দুঃখজনক। তারা বলছেন, সরকারি দলের ছাড়া আর কাউকে সারের ডিলারশিপ দেওয়া যাবে না। এটা কখনোই মানা যায় না।’    

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, ঝিনাইদহে সড়ক অবরোধ-ভাঙচুর

ঝিনাইদহে সড়কে বাস ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সড়ক অবরোধ ও ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় ইজিবাইক ও বাসচালকদের মধ্যে সড়কে চলাচল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন বাসশ্রমিকরা। এ সময় কয়েকটি ইজিবাইক ভাঙচুর করা হয়। ইজিবাইকচালক রাসেল অভিযোগ করে বলেন, ‘আমরা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু বাস মালিক সমিতি আমাদের চলতে দিচ্ছে না। এর আগেও সড়কে ইজিবাইক চালানোর জন্য বাস মালিকদের টাকা দিতে হয়েছে। এরপরও আমাদের সড়কে চলাচলে বাধা দেওয়া হচ্ছে।’ তবে জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক ওহিদুল আলম থোকন বলেন, ‘ইতোপূর্বে সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে ইজিবাইক সমিতি ও বাস মালিক সমিতির মধ্যে সমঝোতা হয়েছিল। সে অনুযায়ী আঠারো মাইল পর্যন্ত ইজিবাইক চলাচলের বিষয়ে সম্মতি ছিল। সেই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় বিষয়টি দেখতে গেলে হঠাৎ ইজিবাইকচালকেরা অতর্কিত হামলা চালান। পরে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।’ ইজিবাইক ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘উত্তেজিত শ্রমিকেরা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেছেন।’ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। যান চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এদিকে সড়ক অবরোধের কারণে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, ঝিনাইদহে সড়ক অবরোধ-ভাঙচুর

ফেনীতে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬

ফেনীর দাগনভূঞায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে দাগনভূঞা থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা মো. মাসুদ ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া চট্টগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাতে সুবর্ণচরে ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁরা ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় পৌঁছালে অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়। পরে চার্জ দেওয়ার জন্য তাঁরা ফাজিলের ঘাট রোডের ‘জুয়েলের গ্যারেজে’ অটোরিকশাটি রাখেন। এ সময় একদল স্থানীয় যুবক তাঁদের ঘিরে ধরে নানাভাবে হয়রানি করতে থাকে বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ওই দম্পতিকে জিম্মি করে জগতপুরের ফাতেমা মঞ্জিলের বিপরীতে ‘পরেশ স্টোরে’ নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামী মাসুদকে বেঁধে রাখা হয়। পরে তাঁর স্ত্রীকে পাশের আবুল কালামের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় অভিযুক্তদের একজনের মুঠোফোনে রিং বেজে উঠলে সে ওই নারীর ওপর থেকে সরে দাঁড়ায়। এই সুযোগে ভুক্তভোগী নারী দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে ভোররাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মি অবস্থায় থাকা মাসুদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলা দায়েরের পর এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জগতপুর ভূঞা বাড়ির মো. সিরাজের ছেলে মো. রাশেদ প্রকাশ রাজ (১৯), বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), কামাল উদ্দিনের ছেলে মো. শাহেদুল ইসলাম শাহিন (১৯), উত্তর করিমপুরের গোলাম মাওলা মাসুদের ছেলে মো. শাহরিয়ার নোমান (১৯), আমানউল্লাহপুরের জাবেদ উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২১) এবং মো. হারুনের ছেলে শাহিন উদ্দিন মুন্না (২৯)। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ফেনীতে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।মাদ্রাসায় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর হাটহাজারী যাওয়ার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তার কবর অবস্থিত।এদিন প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কর্মসূচিতে আরও ছিল বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া। এর আগে সকালে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ঘিরে সকাল থেকেই পাইন্দং ও বাবুনগর এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ জড়ো হন।

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream