শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিয়ের পিঁড়িতে বসছেন অনিরুদ্ধ ও কাব্য মারান

বিয়ের পিঁড়িতে বসছেন অনিরুদ্ধ ও কাব্য মারান

অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালক। এখন একের পর এক বড় বাজেটের সিনেমায় ‘কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী কাজ করছেন। ‘জেলার ২’সহ কয়েকটি ছবি নিয়ে আলোচনার মধ্যেই এবার তাঁর ব্যক্তিগত জীবনও সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্য মারানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনিরুদ্ধ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী নভেম্বরে তাঁদের বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের খবরটি নতুন করে আলোচনায় এসেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির একটি প্রকাশ্য পোস্টের পর। ১৭ অক্টোবর কালানিধি মারান ও তাঁর স্ত্রী কাবেরী মারানের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মেয়ের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ পাওয়ার কথাও জানান তিনি। চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। মূল বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান ও তারিখ নিয়ে বিস্তারিত তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। কে এই কাব্য মারান  কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী কালানিধি মারানের মেয়ে। তাঁর বাবা সান টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। টেলিভিশন সম্প্রচার, বিনোদন, সংবাদমাধ্যমসহ বিভিন্ন ব্যবসায় বিস্তৃত এই প্রতিষ্ঠানের কার্যক্রম। কাব্যর মা কাবেরী মারানও সান টিভি নেটওয়ার্কের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেটের মাঠে ও খেলোয়াড় নিলামে কাব্যর উপস্থিতি নিয়মিতই আলোচনায় আসে। দল পরিচালনা, খেলোয়াড় নির্বাচন এবং ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকায় ক্রিকেটপ্রেমীদের কাছেও তিনি পরিচিত মুখ। ফলে তাঁর পরিচয় শুধু ধনকুবেরের মেয়ে হিসেবে সীমাবদ্ধ নয়, ব্যবসা পরিচালনায়ও রয়েছে তাঁর ভূমিকা। ২৫ হাজার কোটি টাকার সম্পদভারতের হুরুন রিচ লিস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ফোর্বসের হিসাবে, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।  কালানিধি মারানের সম্পদের বড় উৎস সান টিভি নেটওয়ার্ক। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দক্ষিণ ভারতের অন্যতম বড় গণমাধ্যম গোষ্ঠীতে পরিণত হয়েছে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি রেডিও, সংবাদপত্র, সরাসরি সম্প্রচার সেবা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যবসায়ও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, সান টিভির চ্যানেলগুলো ভারতের ১৪ কোটির বেশি পরিবারের কাছে পৌঁছায়। এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে ক্রিকেটও। সান টিভি নেটওয়ার্কের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের পরিচিত দলগুলোর একটি। ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেওয়ার পর ২০১৩ সালে আইপিএলে যাত্রা শুরু করে দলটি। ক্রিকেটের জনপ্রিয়তা ও সম্প্রচার ব্যবসার সংযোগ মারান পরিবারের ব্যবসায়িক পরিচিতিকে আরও বিস্তৃত করেছে। তবে ২৫ হাজার কোটি টাকার সম্পদটি কালানিধি মারানের আনুমানিক ব্যক্তিগত সম্পদ হিসেবে উল্লেখ করা হয়। পুরো অর্থকে কাব্যর নিজস্ব সম্পদ বা তাঁর হাতে থাকা উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ হিসেবে দেখানো ঠিক হবে না। কাব্যর ব্যক্তিগত সম্পদ নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে অনুমানভিত্তিক হিসাব প্রকাশিত হয়েছে, কিন্তু সেগুলোকে নিরীক্ষিত আর্থিক তথ্য হিসেবে ধরা যায় না।ক্রিকেটের গ্যালারি থেকে আলোচনার কেন্দ্রে সানরাইজার্স হায়দরাবাদের খেলা চলাকালে গ্যালারিতে কাব্যর উপস্থিতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। দলের প্রতি তাঁর আগ্রহ, খেলোয়াড় নিলামে সক্রিয় অংশগ্রহণ এবং ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনায় ভূমিকা তাঁকে ক্রিকেটের জগতেও পরিচিত করেছে। ক্রিকেটের মাঠে তাঁর উপস্থিতি নিয়ে ভক্তদের আগ্রহের পাশাপাশি তাঁর পোশাক ও অভিব্যক্তিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়। আইপিএলের দল পরিচালনা করা নিছক পারিবারিক পরিচয়ের বিষয় নয়; এর সঙ্গে খেলোয়াড় নির্বাচন, দল গঠন, অর্থনৈতিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার মতো নানা দায়িত্ব জড়িত। কাব্যর ক্ষেত্রে তাই ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি পরিচয়ের পাশাপাশি একজন ক্রীড়া ব্যবস্থাপক হিসেবেও পরিচিতি তৈরি হয়েছে। ‘কোলাভেরি ডি’ থেকে দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালকঅনিরুদ্ধ রবিচন্দরের উত্থানের গল্পটিও কম আকর্ষণীয় নয়। ২০১২ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। ধানুশের গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। তখন থেকেই চলচ্চিত্রের সংগীতে নতুন প্রজন্মের অন্যতম পরিচিত নাম হয়ে ওঠেন অনিরুদ্ধ। এরপর ‘কাইথি’, ‘বেদালাম’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে তেলেগু ও হিন্দি চলচ্চিত্রেও তাঁর কাজের পরিধি বেড়েছে। বড় তারকাদের সিনেমায় তাঁর সংগীত পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গান জনপ্রিয় হওয়ার কারণে নির্মাতাদের কাছেও তিনি চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

দেড় দশক পর একসঙ্গে অর্থহীনের সেই চার তারকা

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে হোটেলে ঢাকা ব্রডকাস্ট গত শুক্রবার রাতে অ্যাভয়েড রাফার এত বোকা কেন তুমি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান ও শোর আয়োজন করে। প্রায় দেড় দশক পর সেই শোতেই একসঙ্গে পারফর্ম করলেন ২০০৮ সালে ঝড় তোলা অর্থহীনের অসমাপ্ত ১ অ্যালবামের লাইনআপের চার প্রাণভোমরা—সাইদুস সালেহীন খালেদ সুমন, ইব্রাহিম আহমেদ কমল, শিশির আহমেদ ও রাফা। ২০০৩ সালে ধ্রুবক অ্যালবাম প্রকাশের পর দীর্ঘ বিরতি নিয়েছিল অর্থহীন। পাঁচ বছর পর ২০০৮ সালে পঞ্চম অ্যালবাম অসমাপ্ত ১ নিয়ে ফিরে আসে তারা। এরপরে অসমাপ্ত ২ প্রকাশ করে অর্থহীন। সুমন থেকে গেলেও তত দিনে অর্থহীন ছেড়েছেন কমল ও রাফা। অবশ্য শিশির ২০২৩ সালে ছাড়ার পর আবার এ বছর অর্থহীনে ফিরেছেন। কমল বর্তমানে ওয়ারফেজে আছেন। আর রাফা নিজেই অ্যাভয়েড রাফা নামে ব্যান্ড গড়েছেন। ব্যান্ড ছাড়ার আগে ২০১২ সালের শুরুর দিকে শেষবারের মতো চারজনকে এক মঞ্চে দেখা গিয়েছিল। এত বছর পরের পুনর্মিলনটা রাঙিয়ে তুললেন কমল, সুমনরা। এক ঘণ্টার বেশি সময় ধরে মঞ্চে ছিলেন তাঁরা, ‘অসমাপ্ত’, ‘আনমনে’ থেকে ‘অদ্ভুত সেই ছেলেটি’—একের পর এক গানে উন্মাদনা ছড়িয়েছেন সুমন। সুমন প্রায়ই বলেন, তাঁকে গান গাইতে হয় না। শ্রোতারাই অর্থহীনের গান গেয়ে ফেলেন, সেদিনই তার প্রমাণ পাওয়া গেল। সুমনদের প্রায় সব গানেই শোতে হাজির শ্রোতাদের কণ্ঠ মেলাতে দেখা গেছে।পরিকল্পনা করেন রাফা ‘অসমাপ্ত’ লাইনআপকে ফেরানোর মূল পরিকল্পনা করেন রাফা। কেন?—জানতে চাইলে প্রথম আলোকে বলেন, ‘আসলে এই শো করার পেছনে অনেক দিনের একটা স্বপ্ন ছিল। অর্থহীন ছাড়ার পরই আমার মনে হয়েছিল, আমি একটা অ্যালবাম করব। একই সঙ্গে একটা ইচ্ছাও ছিল—একদিন যেন আমরা আবার একসঙ্গে একটা মঞ্চে দাঁড়াতে পারি। পিংক ফ্লয়েডের ডেভিড গিলমোর আর রজার ওয়াটার্সের মতো শিল্পীদের আমরা দেখেছি। তাঁরা অনেক আগে ব্যান্ড থেকে আলাদা হয়ে গেছেন। কিন্তু তাঁদের ভক্তরা সারা জীবন অপেক্ষা করেছে, কবে তাঁরা আবার একসঙ্গে মঞ্চে উঠবেন। আমারও সব সময় মনে হয়েছে, আমাদের ক্ষেত্রেও এমন কিছু হলে কেমন হয়।’ ২০১৫ সালে অর্থহীন ছাড়েন রাফা, ‘তারপর দেখতে দেখতে অনেক বছর চলে গেছে। আমরা সবাই আলাদা পথে কাজ করেছি; কিন্তু একটা সময় মনে হলো, সময় তো থেমে থাকবে না। আমরা যারা একসঙ্গে ছিলাম, আমাদের বয়সও হচ্ছে। তাই আর অপেক্ষা না করে মনে হলো, এবার কাজটা করেই ফেলি। বিশেষ করে ২০২৩ সালের পর থেকে বিষয়টা নিয়ে সিরিয়াসভাবে ভাবতে শুরু করি। বাবাকে হারানোর পর জীবন নিয়ে আমার ভাবনাতেও অনেক পরিবর্তন আসে। তখন মনে হয়েছে, কিছু স্বপ্ন পরে করব বলে রেখে দিলে হয়তো আর করা হবে না।’ তরুণ শ্রোতাদের সামনে অর্থহীনের পুরোনো গানগুলো নিয়ে আসারও পরিকল্পনা ছিল। রাফা বলেন, ‘আমরা যখন তরুণ ছিলাম, তখন এই গানগুলো করতাম। এখন তো দর্শকেরা আমাদের “আঙ্কেল” বলে ফেলেছে। তাই ভাবলাম, তাদের সামনে আবার সেই গানগুলো করা উচিত। না হলে একসময় হয়তো তাদের বাবার কাছে গিয়ে শুনে আসতে হবে—“তোমরা এমন একটা ব্যান্ড ছিলে, যারা এভাবে মিউজিক করত।” আমাদের ইচ্ছা ছিল, এই প্রজন্মের দর্শকদের সামনে সেই সময়ের গানগুলো আবার নিয়ে আসা। নতুন প্রজন্মের মানুষ যেন বুঝতে পারে, একটা সময় আমরা কী ধরনের মিউজিক করতাম।’ অর্থহীনের বর্তমান সদস্য শিশির আহমেদ শ্রোতাদের ভালোবাসায় আপ্লুত। তিনি প্রথম আলোকে বলেন, ‘“অসমাপ্ত”র পুরোনো লাইনআপ নিয়ে যখন আমরা চারজন আবার স্টেজে উঠলাম, সেটা আমার জন্য ভীষণ আবেগের একটা মুহূর্ত ছিল। এত বছর পর আমরা আবার একসঙ্গে মঞ্চে উঠব, সত্যি বলতে কখনো ভাবিনি। আমরা যেমন আবেগাপ্লুত ছিলাম, দর্শকদের মধ্যেও একই আবেগ দেখেছি। পুরোনো গানগুলো আবার একসঙ্গে করা, সেই স্মৃতিগুলোকে নতুন করে ফিরে পাওয়া—এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। একজন মিউজিশিয়ান হিসেবে এটা আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এত বছর পর আবার একসঙ্গে স্টেজে উঠতে পারা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আবার কখনো একসঙ্গে স্টেজে ওঠা হবে কি না, জানি না। তবে এই মুহূর্তটা আমাদের কাছে সব সময়ই বিশেষ হয়ে থাকবে। আর আমাদের সব দর্শক ও ভক্তকে ধন্যবাদ—এত বছর ধরে আমাদের পাশে থাকার জন্য। তাঁদের জন্যই তো আমাদের মিউজিক করা।’ সামনে ‘অসমাপ্ত’ লাইনআপকে আবার একসঙ্গে দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে রাফা বলেন, ‘কোনো কিছু বেশি করে ফেললে তার মূল্য কমে যেতে পারে। একটা চাহিদা থাকা দরকার। এখন যেহেতু একটা চাহিদা তৈরি হয়েছে, ভবিষ্যতে আমরা আরও বড় করে করতে পারি। দেখা যাক, কী হয়; ইচ্ছা অবশ্যই আছে।’শোতে ‘চলো আরেকবার উড়ি’ গানটি রাফার সঙ্গে পরিবেশন করেন প্রীতম হাসান। ‘আমি আকাশ পাঠাব’ গানে যোগ দেন রাফার বড় ভাই সাদী মুক্তাফি।

দেড় দশক পর একসঙ্গে অর্থহীনের সেই চার তারকা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream