শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
‘ঝুমকা’র পর এবার ‘একা একা’ নিয়ে মুজা-সঞ্জয়

‘ঝুমকা’র পর এবার ‘একা একা’ নিয়ে মুজা-সঞ্জয়

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই সংগীতশিল্পী মুজা ও সঞ্জয় একসঙ্গে অনেক গান করেছেন। ‘ঝুমকা’, ‘সেই আশাতে’ ও ‘কয়নারে’র মতো জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কখনো গানের কথা লিখেছেন, কখনো কণ্ঠ দিয়েছেন, আবার কখনো সংগীত প্রযোজনায় একে অপরকে সহযোগিতা করেছেন।এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই দুই শিল্পী। গত শুক্রবার প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘একা একা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মুজা। এর কথা লিখেছেন মুজা ও সঞ্জয় যৌথভাবে। আর গানটির সংগীত পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সঞ্জয়।গানটির ভিডিও পরিচালনা করেছেন হেকটর টোরো। কোরিওগ্রাফি করেছেন মেঘনা চক্রবর্তী, সেলেনা রাজন ও হৃদি শেখ। ভিডিওতে মুজা ও সঞ্জয় দুজনকেই দেখা গেছে। কাইনেটিক মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। নতুন সংগীতায়োজনে ‘নয়া দামান’ গানটি দিয়ে দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন মুজা। অন্যদিকে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন সঞ্জয় দেব। তাঁর প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ অনেকে। গত জুনে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বের আয়োজনে মঞ্চে পারফর্ম করেন তিনি। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে।

নিজেকে গড়ার গল্পে সালমার দুই দশক

সালমা এক-পা দু-পা করে সুরের ভুবনে দুই দশকের পথ অতিক্রম করে ফেলেছেন। রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০০৬ সালে যে যাত্রা শুরু, তা আজও অব্যাহত রয়েছে। ‘নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়তে হবে। একদিন তোমার পাশের মানুষটাও যেন চমকে যায়’– এ কথাগুলো সালমা তাঁর উত্তরসূরিদের জন্য বলেছেন এমন নয়। সুরের ভুবনে পা রাখার পর এটাই ছিল তাঁর ব্রত। দুই দশকের পথ পাড়ি দিয়েও এ কথাগুলো নিজেকেই নিজে শোনান। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে প্রতিনিয়ত নিজেকে বদলাতে হয়। কারণ সময়ের সঙ্গে মানুষের চিন্তা-চেতনা, ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই বদলে যায়। তাই তো সালমা কখনও নির্দিষ্ট গণ্ডির ভেতর নিজেকে আটকে রাখতে চাননি। যদিও তিনি স্বীকার করেন, কণ্ঠ বা গায়কিতে নিজস্ব একটা ছাপ সব সময় থেকে যায়। তা মেনে নিয়েই সৃষ্টিতে নতুন কিছু সংযোজন ঘটাতে হয়। জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকার লক্ষ্যে নয়, যে প্রত্যাশা শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে, তা পূরণ করার দায় থেকে মেতে উঠতে হয় নতুন ও অভিনব সব আয়োজনে। এভাবেই গানের ভুবনে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে।  দুই দশকের সংগীত যাত্রা নিয়ে সালমার কথার সঙ্গে একমত হবেন সংগীতপ্রেমীর অনেকে। কারণ সালমার কথার সত্যতা খুঁজতে খুব একটা পেছন ফিরে তাকাতে হবে না। সাম্প্রতিক সময়ের প্রকাশিত তাঁর গানগুলোর দিকে নজর দিলেও তা স্পষ্ট হয়ে যায়। চলতি সপ্তাহে প্রকাশ পাওয়া ‘প্রেম লীলা’ গানের সূত্র ধরেই যদি আলোচনা শুরু করা যায় তাহলে আমরা দেখি, বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানে সালমা নিজেকে আরও একবার ভিন্নরূপে উপস্থাপন করেছেন। এর আগে প্রকাশিত ‘এমন ভালোবাসা চাই না’, ‘দিল দিওয়ানা’, ‘ওরে আমার জান’, ‘ভাবের কথা’, ‘দেখলে তারে মন’, ‘সানাই’, ‘একমাত্র ঠিকানা’, ‘মানুষ ক্যান বেইমান’, ‘মনের গহিনে’, ‘বন্ধু মায়ার জাদু জানে’, ‘ভালোবাসার তৃষ্ণা’, ‘পিরিতের ঘর’ থেকে শুরু করে গায়কিতে নিজস্বয়তা ধরে প্রতিটি গানে নতুন কিছু উপকরণ যোগ করার চেষ্টা করেছেন। তাঁর এ প্রচেষ্টা গত দুই দশকের প্রতিটি আয়োজনে ছিল। এও স্পষ্ট হয়েছে, কীভাবে গানের ভুবনে এই দীর্ঘ পথ পেরিয়ে নিজেকে নিয়ে গেছেন শীর্ষ তারকাদের কাতারে। তাই শুরুতে সালমার কাছে এ প্রশ্নটি এসে যায়– তাহলো পেছন ফিরে তাকালে সংগীতের এই দীর্ঘ সফর কীভাবে মনের পর্দায় ভেসে ওঠে? এর জাবাব দিতে গিয়ে অনেকের মতো সালমাও কিছু সময়ের জন্য ডুবে গিয়েছিলেন স্মৃতি রোমন্থনে। খানিক পর স্মৃতির অতল থেকে উঠে এসে বলেন, ‘ঠিক বিশ্বাস হয় না এতটা সময় কীভাবে পেছন ফেলে এলাম। পেছনের দিনগুলোর দিকে তাকালে সবই চলচ্চিত্রের মতো মনের পর্দায় ভেসে ওঠে। কৈশোরের খোলস ছেড়ে বেরুতে না বেরুতে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিলাম। গানে গানে একেকটি ধাপ পেরিয়ে পৌঁছে গেলাম প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। মাথায় উঠল বিজয়ের মুকুট। এরপর থেকে আর থাকার অবকাশ হয়নি। প্রথম অ্যালবামের রেকর্ডিং অ্যালবাম প্রকাশ আর সেই অ্যালবামের গান নিয়ে শ্রোতা হৃদয়ে কড়া নাড়া; ভালোবাসা কুড়ানো সবই স্বপ্নের মতো। সেই যে শুরু হলো একের পর এক গান গেয়ে যাওয়া, অ্যালবাম, একক ও দ্বৈত গান, প্লেব্যাক, দেশ-বিদেশের মঞ্চে ছুটে যাওয়া আর কত না ব্যস্ততা– এর হিসাব কষাও কঠিন। এভাবে এক সময় গানই হয়ে উঠল নেশা থেকে পেশা। ব্যক্তিজীবনের কতই গল্প রচনা হয়ে গেল এ সময়ে। মাতৃত্বের স্বাদ পেলাম। শুরু হলো জীবনের আরেক অধ্যায়। কত স্মৃতি, কত ঘটনা, প্রাপ্তি-অপ্রাপ্তির মিশেলে হয়ে উঠল সালাম নামের এক শিল্পীর জীবনের গল্প।  সালমার এ কথাগুলো শুনতে গিয়ে আমাদের চোখে নানা দৃশ্য ভেসে উঠল। দেখা হলো পেছনের অধ্যায়গুলোর দৃশ্যপট। তবে শুরু থেকে শেষ পর্যন্ত মৌসুমী আক্তার সালমার অবয়বটা রয়ে গেল কেবলই একজন শিল্পীর। যার কাছে সংগীত ধ্যান ও জ্ঞান। এখন প্রশ্ন হলো, যিনি সবকিছুর আগে গানকে প্রাধান্য দিয়ে আসছেন, সেই সালমা গানের ভুবন থেকে কী পেলেন, তার কখনও হিসাব-নিকাশ করেছেন? প্রশ্ন সামনে রাখতেই সালমা বলেন, ‘আমি সব সময় শ্রোতাদের প্রত্যাশা পূরণের জন্যই গান করে যাওয়ার কথা ভেবেছি। গান প্রকাশ করে কত আয় হবে, না হবে তার হিশাব-নিকাশ কষতে বসিনি। তাছাড়া এ দেশে কেউ সঠিক উপায়ে রয়্যালিটি পেয়েছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সে কারণেই বছরের পর বছর রয়্যালিটি নিয়ে আন্দোলন, শিল্পী-প্রকাশকদের তর্ক-বিতর্ক চলছে তো চলছেই। তাই এত কিছু নিয়ে মাথা না ঘামিয়ে প্রকাশকদের কাছে যা পাই, তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করে যাচ্ছি। আমার কথা না হয় বাদ দিন, অন্যদের দিকে তাকান, দেখবেন গানের রয়্যালিটির ওপর নির্ভর করে চলার মতো শিল্পী এ দেশে হাতেগোনা কয়েকজন। দেশের পেশাদার শিল্পীর ৯০ শতাংশই স্টেজনির্ভর। তাদের জীবনযাপন হুমকির মুখে তখনই পড়ে যখন স্টেজ শো বন্ধ থাকে; অনেকটা এ সময়ের মতো।’ সালমার এ কথা থেকে বোঝা যায়, গান গেয়ে অঢেল অর্থ-বিত্তের মালকিন বনে যাওয়ার স্বপ্ন না দেখলেও জীবিকার প্রয়োজনে যতটুকু দরকার, সেটি পাওয়ার বিষয়ে কোনো ব্যাঘাত যাতে না ঘটে– সেটি তাঁর চাওয়া। হয়তো এ কারণে তিনি তারকা শিল্পী হয়েও নতুনদের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেন না। এ অনুমান সঠিক কিনা– তা জানতে চাইলে সালমা বলেন, নতুনদের জন্য কাউকে না কাউকে সুযোগ দিতে হবে। আমিও একসময় নতুন ছিলাম। গুণী শিল্পীদের সহযোগিতায় পেয়েছি বলেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। তাই শিল্পীর দায়বদ্ধতা থেকেই নতুনদের পাশে থাকি। নতুনদের কেউ যখন আমার সঙ্গে কাজ করতে চায়, তখন কোনোভাবেই তাকে নিরাশ করতে চাই না। বিশেষ করে যারা নিয়মিত সংগীতচর্চা করে যাচ্ছে কিন্তু গানের জন্য প্রতিষ্ঠিত কাউকে সহশিল্পী হিসেবে পাশে পাচ্ছে না। ভালো লাগা এখানেই যে এখন পর্যন্ত যাদের সঙ্গে দ্বৈত গান করেছি, সেই নতুনদের অনেকে গানের ভুবনে সম্ভাবনার ছাপ রাখতে পেরেছেন। একসঙ্গে গান গাওয়া ছাড়া হয়তো তাদের জন্য বেশি কিছু করতে পারিনি। তারপরও যখন তারা জানায়, আমার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা অন্যরকম আনন্দের ছিল, তখন নিজের মনটাও এক ধরনের ভালো লাগায় সিক্ত হয়।’ সালমার মুখে এমন কথা শুনে বোঝা যায়, তিনি এককভাবে সুদূরের যাত্রী হতে চান না, সঙ্গী করে নিতে চান তাদেরও, যারা সত্যিকার অর্থে তাঁর মতো গানকে হৃদয়ে ধারণ করেন।

নিজেকে গড়ার গল্পে সালমার দুই দশক

ফেসবুক থেকে চলে গেলেন সংগীতশিল্পী আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ব্যক্তিগত জীবন কিংবা সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিতই ফেসবুকে সরব ছিলেন তিনি। তবে হঠাৎ করেই সেই প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই শিল্পী। ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান আসিফ আকবর। একইসঙ্গে কেন ফেসবুক থেকে দূরে সরে গেলেন, সেটিও খোলাসা করেছেন তিনি। ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’ তিনি বলেন, বর্তমানে ফেসবুকে কোন তথ্য সত্য আর কোনটি গুজব- তা আলাদা করাই কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই নানা খবর ছড়িয়ে পড়ায় অনেক সময় তারকাদেরও বিড়ম্বনায় পড়তে হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল তথ্যের কারণে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আসিফ। তার দাবি, অনেক সময় তার নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়ে, যা তিনি কখনোই দেননি। আসিফ আকবর বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’ পরে সংশ্লিষ্টরা বিষয়টি যাচাই করে দেখেন এবং সত্যতা প্রকাশ করতে হয়। তার মতে, এ ধরনের পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত। আসিফ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য কিংবা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তার মতে, তথ্য যাচাইয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না হলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভ্রান্তির মধ্যে পড়বেন। আর সেই বিভ্রান্তির দায় অনেক সময় এসে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই। ফেসবুকের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ আকবর। এরই মধ্যে ডিঅ্যাক্টিভ করা হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে গেলেও সংগীত থেকে দূরে যাচ্ছেন না এই শিল্পী। গান নিয়ে বরাবরের মতোই ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শোতেও অংশ নিচ্ছেন আসিফ।

ফেসবুক থেকে চলে গেলেন সংগীতশিল্পী আসিফ

আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: তাসরিফ খান

 নেপালে গিয়ে বিপাকে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। বন্যা ও পাহাড়ধসে ফেরার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই দিন ধরে দেশটির পর্যটন এলাকা ঘান্দ্রুকে আটকা রয়েছেন তিনি ও তার সফরসঙ্গীরা। ২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান তাসরিফ। মঙ্গলবার ঘান্দ্রুকে পৌঁছান তারা। পরদিন ফিরে আসার পরিকল্পনা থাকলেও মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাসরিফ জানান, তাদের অবস্থান নেপালের গণ্ডকী প্রদেশের কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে। অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতার এই পর্যটন এলাকায় বড় ধরনের প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ তারা দেখেননি। তবে বন্যা ও ভূমিধসে ফেরার সড়কের একাধিক অংশ ধসে গেছে। কোথাও কোথাও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন ওই পথে চলাচল বন্ধ রেখেছে। তার ভাষ্য, বুধবারই তাদের ঘান্দ্রুক থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু কিছুটা দেরি হওয়ায় গাইড তাদের সতর্ক করে বলেন, ওই দিন আর যাওয়া নিরাপদ নয়। পরে তারা জানতে পারেন, যে পথ দিয়ে ফেরার কথা ছিল, তার বেশ কিছু অংশ ধসে গেছে। তাসরিফ বলেন, ‘আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে। সময়মতো বের হলে হয়তো আমরাও বিপদের মধ্যে পড়তাম। দেরি হওয়াটাই আমাদের রক্ষা করেছে।’ jwARI.fetch( $( "#ari-image-jw6a9122b88631e" ) ); বর্তমানে তাদের গাইড বিকল্প পথের সন্ধান করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। গাইড ফিরে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই সংগীতশিল্পী। পরিস্থিতি বিবেচনায় আরও দুই থেকে তিন দিন ঘান্দ্রুকে অবস্থান করতে হতে পারে বলেও জানান তিনি। দেশে ফেরার পথ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি অর্থসংকটের কথাও জানিয়েছেন তাসরিফ। তার কাছে অল্প কিছু নেপালি রুপি ও প্রায় ১০০ মার্কিন ডলার রয়েছে। কার্ড বা ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুযোগ সীমিত হওয়ায় নগদ অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। এদিকে নতুন করে দেশে ফেরার টিকিটও পাওয়া যাচ্ছে না। সড়কপথ পুরোপুরি ব্যবহার করা সম্ভব না হলে নদীর পাশ দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা হেঁটে যাওয়ার বিকল্প রয়েছে। তবে বন্যা ও ভূমিধসের মধ্যে পাহাড়ি পথে এমন যাত্রাকেও ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চান না তাসরিফ। তাসরিফ জানান, টানা কাজের পর কয়েক দিনের অবসর কাটাতেই নেপালে গিয়েছিলেন। সম্প্রতি তার রোমান্টিক ঘরানার গান ‘বৃষ্টি’ প্রকাশ পেয়েছে। দেশে ফিরে রক ঘরানার নতুন গান ‘জীবনের চাকা’র মিউজিক ভিডিও ধারণের পরিকল্পনাও ছিল। গানটিতে জীবন, প্রেম ও রাজনৈতিক অস্থিরতার বিষয় তুলে ধরার কথা রয়েছে। তবে নেপালে আটকে পড়ার পর আপাতত এসব পরিকল্পনা নিয়ে ভাবছেন না তিনি। তার একমাত্র চাওয়া নিরাপদে দেশে ফেরা। তাসরিফ বলেন, ‘শুধু নিরাপদে দেশে ফিরতে চাই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে প্রিয়জনদের কাছে ফিরতে পারি।’

আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: তাসরিফ খান

সংস্কৃতির মঞ্চে অনিশ্চয়তার ছায়া

একটি সাংস্কৃতিক আয়োজনের স্বাভাবিক চিত্র গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা উপভোগ করবেন–এটাই ছিল । বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে সেই স্বাভাবিকতার জায়গা দখল করে নিচ্ছে অনিশ্চয়তা। অনুষ্ঠান আয়োজনের আগে ভাবতে হচ্ছে কেউ আপত্তি তুলবে কিনা, কোনো পক্ষ বিক্ষোভ করবে কিনা, শেষ মুহূর্তে প্রশাসন অনুমতি বাতিল করবে কিনা। বিশেষ করে ‘তৌহিদী জনতা’, ‘ইমাম-ওলামা পরিষদ’ কিংবা ধর্মীয় অনুভূতির কথা উল্লেখ করে বিভিন্ন আয়োজন বন্ধের দাবি জানানোর ঘটনা সংস্কৃতি অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। কোথাও কনসার্ট বাতিল হচ্ছে, কোথাও বাউলগানের আসর ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও সিনেমা প্রদর্শনী বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শিল্পী ও আয়োজকদের মধ্যে তৈরি হচ্ছে এক ধরনের আতঙ্ক। গত ১৯ আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ব্যান্ড অ্যাশেজ ও গায়ক নোবেলের কনসার্ট হওয়ার কথা ছিল। স্থানীয় ইমাম-ওলামা পরিষদের আপত্তির পর জেলা প্রশাসন অনুষ্ঠানটির অনুমতি বাতিল করে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য ধর্মীয় আপত্তির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আয়োজক প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে প্রশ্নের কথাও বলা হয়েছে। এর ঠিক আগের দিন, ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এবার কোনো বেসরকারি আয়োজক নয়, পুলিশের নিজস্ব আয়োজনই নিরাপত্তাহীনতার মুখে পড়ে। বাউল গান থেকে নৌকাবাইচ নিয়ে আপত্তি কনসার্টের বাইরেও গ্রামবাংলার লোকসংস্কৃতি দীর্ঘদিন ধরেই নানা চাপের মুখে। সিলেটের বিশ্বনাথে ইব্রাহিম শাহের মাজারসংলগ্ন বাউলগানের আসরে হামলা ও ভাঙচুরের ঘটনা তার বড় উদাহরণ। বাদ্যযন্ত্র, শব্দযন্ত্র ও চেয়ার ভাঙচুরের পর পণ্ড হয়ে যায় ঐতিহ্যবাহী সেই আয়োজন। নেত্রকোনার মদনেও বাউলগানের একটি আয়োজন বন্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  দেশের জাতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মাসে শুধু ‘তৌহিদী জনতা’র ব্যানারে অন্তত ১১টি সাংস্কৃতিক আয়োজনে বাধার তথ্য রয়েছে। ধর্মীয় কটূক্তির অভিযোগে বাধার মুখে পড়েছে আরও ৩৬টি আয়োজন। এই বাধার মুখে পড়ার ধারাবাহিকতায় এবার নৌকাবাইচ নিয়েও আপত্তি উঠেছে। সিলেটের বিয়ানীবাজারে ২৮ আগস্টের নির্ধারিত নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি পক্ষ। আয়োজনে জুয়া ও বিশৃঙ্খলার আশঙ্কার কথা বলা হয়েছে।  এদিকে দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ শর্তসাপেক্ষে চালু করার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে বাইচ আয়োজনে উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম চালাতে পারবে না। বাদ্যযন্ত্র চালিয়ে নাচানাচিও করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।  আপত্তি উঠলেই কেন সব বন্ধ করা হচ্ছে? কনসার্ট, মঞ্চনাটক, বাউল গানের আয়োজন কিংবা নৌকাবাইচ–সবই কেন আপত্তি ওঠামাত্রই স্থগিত করে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে  উদ্বিগ্ন শিল্পীরা।  নাট্যজন মামুনুর রশীদ বলেন, সংস্কৃতি অঙ্গনের কোনো আয়োজন নিয়ে আপত্তি থাকলে অনুষ্ঠান বন্ধ না করে সমাধানের পথ খুঁজতে হবে। যে কোনো আয়োজন নিয়ে আপত্তি উঠলেই বন্ধ করতে হবে কেন। আমাদের সংস্কৃতিচর্চা তো আবহমানকাল ধরেই চলে আসছে। সেটি কেন এখন বাধার মুখে পড়বে। সংস্কৃতিচর্চা বন্ধ হলে তো দেশের যুবসমাজ বিপথে যাবে। দেশও পিছিয়ে পড়বে।  বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, সংস্কৃতিচর্চায় বাধা আমরা কোনো সময়ই কামনা করি না। এসব বাধা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমরা চাই, সবাই যাতে নিরবচ্ছিন্নভাবে নিজ নিজ সংস্কৃতিচর্চা করতে পারে, সে সুযোগ যেন অবারিত থাকে। গেল বছর নানা বাধার মুখে মহানগর নাট্যোৎসব বন্ধ করে দেওয়া হয়েছিল। বিষয়টি সামনে এনে ডিরেক্টরস গিল্ডের সাবেক সভাপতি নির্মাতা অনন্ত হীরা বলেন, আমরা মুক্ত পরিবেশে থিয়েটার করতে অভ্যস্ত। গেল বছর বাধার মুখে আমরা মহানগর নাট্যোৎসব বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। সে সময় সরকারের সাহায্য চেয়েও পাইনি। এ রকম ঘটনা সারাদেশেই ঘটছে। যেখানে কালচারাল অ্যাক্টিভিটিজ করার চেষ্টা করা হচ্ছে, সেখানে একটি গোষ্ঠী সংস্কৃতিচর্চাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে; যা আর বাড়তে দেওয়া ঠিক হবে না। আশা করি, বর্তমান সরকার এর একটা সুন্দর সমাধান দেবে। ব্যান্ডশিল্পী হামিন আহমেদ মনে করেন, কোনো গোষ্ঠী আপত্তি করলেই প্রশাসনের দায়িত্ব অনুষ্ঠান বাতিল করা নয়; বরং শিল্পী, আয়োজক ও দর্শকের নিরাপত্তা নিশ্চিত করে অনুষ্ঠান সম্পন্ন করাই প্রশাসনের কাজ।  আসিফ আকবর সরকারের কাছে বিষয়টি দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়ে বলেন, দেশে গান-বাজনা হবে কিনা, তা সরকারকে স্পষ্ট করতে হবে। সংবিধানে নিষেধ থাকলে শিল্পীরা বিদেশ চলে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ‘যে সরকারই থাকুক, আমার মুখ কখনও বন্ধ হবে না।’ ভয় থেকে আত্মসংকোচন সংস্কৃতির ওপর সবচেয়ে বড় আঘাত সবসময় হামলা দিয়ে আসে না। অনেক সময় হামলার ভয়ই যথেষ্ট। একজন আয়োজক ভাবেন, অনুষ্ঠান করলে সমস্যা হতে পারে। শিল্পী ভাবেন, দূরের জেলায় গিয়ে মঞ্চে ওঠা নিরাপদ তো? হলমালিক ভাবেন, অনুষ্ঠান বন্ধ হয়ে গেলে ক্ষতির দায় কে নেবে? প্রশাসনও কখনও সংঘাতের আশঙ্কায় পিছু হটে। এভাবেই আত্মসংকোচনের পথে হাঁটছে সংস্কৃতি অঙ্গন। আগামীতে তাই মঞ্চ না ভাঙলেও,  পোস্টার না ছিঁড়লেও অজানা এক আতঙ্কে ক্রমাগত সংকোচন হচ্ছে সংস্কৃতিবিষয়ক আয়োজন।  সংস্কৃতি কারও একার নয় বাংলাদেশের সংস্কৃতি কোনো একক ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের সম্পত্তি নয়। এই ভূখণ্ডের সংস্কৃতি তৈরি হয়েছে বহু শতাব্দীর সামাজিক মেলবন্ধনে। বাউল, ভাটিয়ালি, জারি-সারি, মুর্শিদি, মারফতি, কীর্তন, গম্ভীরা, যাত্রা, পালাগান, কবিগান–সব মিলিয়েই বাংলার সাংস্কৃতিক পরিচয়। ইউনেস্কো ২০০৮ সালে বাংলাদেশের বাউলগানকে মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অথচ সেই বাউলগানের আসরেই যদি শিল্পীকে ভয় নিয়ে গান গাইতে হয়, সেটি শুধু একজন শিল্পীর সংকট নয়– বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের সংকট। একইভাবে একটি সিনেমা ভালো না লাগলে সেটি না দেখার অধিকার যেমন একজন দর্শকের আছে, তেমনি অন্য একজনের সেই সিনেমা দেখার অধিকারও রয়েছে। কোনো গান পছন্দ না হলে তা না শোনার স্বাধীনতা যেমন আছে, তেমনি অন্যের গান শোনার স্বাধীনতাও থাকতে হবে। বিষয়টি নিয়ে আসকও বলেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ভিন্নমত বা সমালোচনা করার অধিকার সবার রয়েছে। কিন্তু ভয়ভীতি, জবরদস্তি, প্রচারণা কিংবা বেআইনি চাপ প্রয়োগ করে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করা গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সব ধরনের সাংস্কৃতিক আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন অক্ষুণ্ন রাখা। মতপার্থক্য থাকতেই পারে। আপত্তিও থাকতে পারে। কিন্তু আইন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং একটি সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দেওয়া–দুটি এক বিষয় নয়। রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত আইন মেনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা।

সংস্কৃতির মঞ্চে অনিশ্চয়তার ছায়া

‘মনসুন বিটস’-এ মাতাবেন প্রীতম হাসান ও আর্টসেল

প্রীতম হাসানকেসিনেমায় প্লেব্যাক, একক ও দ্বৈত গানের আয়োজন ও অভিনয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। এই তারকা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসব ব্যস্ততার মাঝেও মঞ্চে সময় দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সেই ভাবনা থেকে এবার ‘মনসুন বিটস’ কনসার্টে অংশ নিচ্ছেন। রাজধানীর মাদানী অ্যাভিনিউর আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে কোর্টসাইডে ‘মনসুন বিটস’ নামে এই সংগীত উৎসব। প্রীতম হাসানের সঙ্গে এ আয়োজনে একই মঞ্চে পারফর্ম করবে দেশের শীর্ষ রক-মেটাল ঘরানার ব্যান্ড আর্টসেল। আর থাকছে ব্যান্ড অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু ও ডিজে শিমারাইয়ের পরিবেশনা।  এনভায়ারো ইভেন্টস এই কনসার্টের আয়োজন করছে। আয়োজকরা জানান সংগীতপিপাসুদের প্রত্যাশার কথা মাথায় রেখে ভিন্ন ধাঁচের এই কনসার্টের আয়োজন। যেখানে তারকাশিল্পী ও ব্যান্ডের পাশাপাশি থাকছে এ সময়ের আলোচিত কয়েকটি ব্যান্ড, শিল্পী ও মিউজিশিয়ানের পারফরম্যান্স। এ আয়োজন ১৬ বা তার বেশি বয়সী দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে উপভোগ করতে পারবেন। কনসার্ট খরার এই মৌসুমে ‘মনসুন বিটস’ অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এদিকে সিনেমার গানগুলোর পাশাপাশি প্রীতম হাসান দর্শকের মাঝে সাড়া ফেলেছেন একক আয়োজন ‘সেকেন্ড নায়ক’ নিয়ে। তাঁর এই গানের ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন দুই অভিনয় তারকা মীর রাব্বি ও মালাইকা চৌধুরী।

‘মনসুন বিটস’-এ মাতাবেন প্রীতম হাসান ও আর্টসেল
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream