বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে আগামী বছরের শুরুর দিকে ঢাকায় আসবেন। কলম্বো সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন তিনি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এ বৈঠক কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট দিসানায়েকের হাতে তুলে দেন হুমায়ুন কবির। প্রেসিডেন্ট দিসানায়েকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েও মতবিনিময় হয়। এর আগে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গত ১৫ নভেম্বর মতবিনিময় করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়। বৈঠকে আলোচনার দ্রুত অগ্রগতির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগসহ চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে। উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে দেখার বিষয়ে পারস্পরিক আগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপক্ষীয় অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে তার পূর্ববর্তী আলোচনার কথাও স্মরণ করেন। ২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের (পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক) সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। পরবর্তী কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream