রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
৫৬ শতাংশ কাজ শেষ ২০২৯ সালের মধ্যে ছয় লেন হবে ঢাকা-সিলেট মহাসড়ক

৫৬ শতাংশ কাজ শেষ ২০২৯ সালের মধ্যে ছয় লেন হবে ঢাকা-সিলেট মহাসড়ক

মুহাম্মদ মহসিন, আলী ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত নিরসন করে কাজের গতি আরও বাড়ানো হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের যোগাযোগব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কপথ। এই মহাসড়কের উন্নয়ন প্রকল্প অনেক আগে গ্রহণ করা হলেও বিভিন্ন কারণে দীর্ঘদিন কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, বর্তমানে প্রকল্পের প্রায় ৫৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে ভূমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে কোথাও কোথাও কাজের গতি বাধাগ্রস্ত হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এসব জটিলতা নিরসনের মাধ্যমে প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে।শেখ রবিউল আলম বলেন, ‘জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে যেখানে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশোধন করা হচ্ছে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনে সময় কমার পাশাপাশি মহাসড়কটির সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।মন্ত্রী আশা প্রকাশ করেন, ভূমি সংক্রান্ত জটিলতাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত দূর করা গেলে প্রকল্পের কাজ আরও গতিশীল হবে এবং ২০২৯ সালের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।মহাসড়ক পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream