শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার

ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার

গত ১২ অক্টোবর ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে আসা তিনজন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্স কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওমান থেকে আগত উক্ত ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে শনাক্তকৃত যাত্রী জসিমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল। পরবর্তীতে এয়ারপোর্ট (১৩) এপিবিএন বিমানবন্দর থানা ও কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে মামলার আসামি জসিম পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘বিমানবন্দর এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সর্বদা তৎপর এবং সক্রিয় ভূমিকা পালন করে আসছে। যেকোনও ধরনের অপতৎপরতা প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত অপরাধ, জনহয়রানিমূলক কর্মকাণ্ড, চুরি ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।’

শাহজালালে যাত্রীরা ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন: বিমানমন্ত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে চালু করা ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।  সরকারের এই পদক্ষেপের কারণে এখন ১৫-২০ মিনিটের মধ্যেই নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন যাত্রীরা।  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন। এ সময় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী।  মন্ত্রী বলেন, যাত্রীরা এ সেবার মান ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। যাত্রীসেবার এ মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবার উন্নতি হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন। সেবার মান নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান। তবে এ মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ উক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তা বাস্তবায়িত হয়েছে। যাত্রীরা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। রিয়াদগামী ফ্লাইট স্থগিত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।  সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসীরা সমস্যায় পড়েছেন। পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস। 

শাহজালালে যাত্রীরা ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন: বিমানমন্ত্রী

শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষন ও রাজস্ব ফাঁকির প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস হাউস, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়েছে। এনবিআর জানায়, গত ১১ থেকে ১৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার গোল্ডবার/স্বর্ণালংকার, ৫৮৯ লিটার লিকার, ২ হাজার ৯২৩ কার্টুন সিগারেট, ৩৫০ পিস ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২ টি মোবাইল ফোন, ঔষধ ৩১৫ কেজিসহ বাণিজ্যিক বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। তাছাড়া, যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য হতে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬  টাকা শুল্ক-করাদি আদায় করা হয়েছে। কাস্টমসের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস

সৌদিগামী ও সৌদি থেকে আসা ফ্লাইট নিয়ে সতর্কতা

সৌদি আরবের যেকোনও বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার (১২ অক্টোবর) রাতে এক চিঠিতে সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে সতর্কতাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।  চিঠিতে তিনি জানান, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।  নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটের বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের বিষয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ই-মেইল, এয়ারলাইনসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রার সময়, পুনরায় বুকিং, টিকিটের অর্থ ফেরত এবং অন্যান্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।  ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসন-সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস এবং অন্যান্য উপযুক্ত সংস্থার সঙ্গে যোগাযোগে সহায়তা করতে বলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কিংবা পরিস্থিতি সম্পর্কে না জানার কারণে সেখানে আসা ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে হবে। তাদের বসার ব্যবস্থা, পানীয় জল, নাশতা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যাত্রীদের প্রতি বিশেষ নজর দিতে বলা হয়েছে। ফ্লাইট পরিচালনায় বিঘ্নের বিষয়ে সমন্বয়ের জন্য প্রতিটি সংশ্লিষ্ট এয়ারলাইনসকে অবিলম্বে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দিতে হবে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি চলাকালে তাঁকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।  নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও ক্ষতিগ্রস্ত যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না। প্রত্যেক যাত্রীর সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মদিনা বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

সৌদিগামী ও সৌদি থেকে আসা ফ্লাইট নিয়ে সতর্কতা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream