বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরও এক মামলায় গ্রেপ্তার

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরও এক মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা এ সংক্রান্ত আবেদন করেন। কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বলেন, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন তার মক্কেল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান তিনি। আইনজীবী জানান, এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলাতেও জামিন পান তিনি। পরে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার ওই মামলায় তার নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল। তিনি আরও বলেন, বুধবার নতুন আরেকটি মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরদিন আদালতে হাজির হলে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে রয়েছেন বলে জানান তার আইনজীবী।

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। আজ সোমবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মালেক মোড়লের ছেলে ট্রাকের সহকারী আরিফ হোসেন (৩২)। পুলিশের দাবি, রমজান আলী এই মাদক চালানের মূল কারবারি। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, সহকারী ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকের চালকের পেছনের বক্সে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা। অভিযানে ট্রাকটি ছাড়াও দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। ট্রাকচালক ও তাঁর সহকারীর সহযোগিতায় সেগুলো যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা, থানায় সাধারণ মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এ সময় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে পুলিশের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।এ সময় পুলিশ সুপার বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধের ধরন ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধসহ যেসব বিষয় জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ, সেগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করা হবে। কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং থানায় গিয়ে সেবা নিতে গিয়ে সমস্যায় না পড়েন, সেদিকেও নজর দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।পুলিশ সুপার বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বিভিন্ন অসংগতি ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশকে প্রয়োজনীয় ধারণা পেতে সহায়তা করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য পুলিশকে জানালে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।তিনি দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কাজ করবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহসহ রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। 

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream