বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাঁরা ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপর ব্যক্তি বাসের সহকারী (হেলপার)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন যাত্রী হলেন মোজাফফর রহমান (৪০), গোলাপি (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। তাঁরা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। নিহত বাসসহকারীর নাম আপেল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার আব্দুল জলিল বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর তাঁদের মধ্যে তিনজন মারা যান।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream