মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
গাড়ি-সাইনবোর্ড সবখানে মৌমাছির বাসা, নতুন সংকটে নিউজিল্যান্ড

গাড়ি-সাইনবোর্ড সবখানে মৌমাছির বাসা, নতুন সংকটে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে ইতিহাসের অন্যতম উষ্ণ শীতকাল পার হওয়ার পর দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে দেখা দিয়েছে মৌমাছির অস্বাভাবিক বিস্তার। পার্কিংয়ে রাখা ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ব্যস্ত সড়কের সাইনবোর্ড—সব জায়গাতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি বাসা বাঁধছে। বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে শীতের তীব্রতা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মৌমাছির এই ঝাঁক সামলাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় মৌচাষিরা। অকল্যান্ড বিকিপার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মৌমাছির ঝাঁক সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে প্রতিদিন রেকর্ডসংখ্যক ফোন আসছে তাদের কাছে। সংগঠনটির সোয়ার্ম কন্ট্রোল কোঅর্ডিনেটর ব্রায়ান ল্যাং জানান, আগে প্রতিদিন গড়ে পাঁচটিরও কম ফোন আসত। কিন্তু বর্তমানে প্রতিদিন ৫ থেকে ১০টি ফোন পাচ্ছেন তারা। এখন পর্যন্ত অন্তত ১০০টি সহায়তার আবেদন সামাল দিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে বেশ কিছু অদ্ভুত ও আতঙ্কজনক ঘটনা ঘটেছে। গত অক্টোবরে বার্কেনহেডে প্রায় দুই ঘণ্টার জন্য একটি পার্ক করা গাড়ির পেছনে পুরো মৌমাছির দল আস্তানা গড়ে তোলে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির ভেতরে সে সময় এক নারী ঘুমিয়ে ছিলেন। ল্যাং বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি কীভাবে টের পেলেন না আমি বুঝতে পারছি না, কারণ হাজার হাজার মৌমাছির সম্মিলিত ডানা ঝাপটানোর শব্দ বেশ জোরালো ছিল। এর এক মাস আগে, শহরের প্রধান বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটের একটি ব্যস্ত ইন্টারসেকশনের মোড়ের সাইনবোর্ডে মৌমাছির দল এসে বসে, যার ফলে সাধারণ পথচারীরা বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন। মৌমাছির এই আচরণের কারণ ব্যাখ্যা করে গবেষক ও মৌচাষিরা জানান, বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে মৌমাছির এমন ঝাঁক বাঁধার ঘটনাটি তাদের একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত কোনো মৌচাকে জনসংখ্যা অত্যাধিক বেড়ে গেলে কলোনির একটি অংশ পুরনো চাক ছেড়ে নতুন আবাসের খোঁজে বা অতিরিক্ত খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্থায়ী আবাস খোঁজার আগে স্কাউট মৌমাছিরা উপযুক্ত স্থান সন্ধান করার সময় সাময়িকভাবে তারা যেকোনো স্থানে বিশ্রাম নেয়। তবে মৌচাষিদের জন্য এই সময়টা বেশ ক্ষতির। ব্রায়ান ল্যাং বলেন, একজন মৌচাষি হিসেবে আপনি কখনই চাইবেন না যে আপনার মৌমাছিগুলো এভাবে চলে যাক। কারণ এতে আপনি এক ধাক্কায় আপনার দুই-তৃতীয়াংশ মৌমাছি হারিয়ে ফেলেন, তা-ও ঠিক এমন সময়ে যখন তাদের মধু সংগ্রহ করার কথা। তাছাড়া সাধারণ প্রতিবেশীদের জন্যও এটি বেশ অস্বস্তিকর। অকল্যান্ড বিকিপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেন ব্রাউন জানান, গ্রামীণ এলাকায় মৌমাছি ঝাঁক বাঁধলে মানুষ তেমন একটা খেয়াল করে না কিন্তু শহরের বাসিন্দারা এই ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। তিনি বলেন, আপনি যদি মৌমাছির স্বভাব না জানেন; তারা যে প্রধানত প্রতিরক্ষামূলক আচরণ করে তা না বোঝেন, তবে হাজার হাজার বিষাক্ত পোকা মাথার ওপর উড়তে দেখলে যে কেউ আতঙ্কিত হতে পারেন। তবে একই সঙ্গে তিনি এটিও মনে করিয়ে দেন যে, মৌমাছির কলোনি যখন ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়, তখনই তারা সবচেয়ে শান্ত ও অহিংস অবস্থায় থাকে। জলবায়ুর পরিবর্তনের দিকে ইঙ্গিত করে কেন ব্রাউন জানান, নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ড-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালটি ছিল রেকর্ড করা তৃতীয় উষ্ণতম শীতকাল। শীতের এই অস্বাভাবিক উষ্ণতা এবং বসন্তের দ্রুত আগমন মৌমাছিদের কয়েক সপ্তাহ আগেই স্বতঃস্ফূর্ত করে তুলেছে এবং তাদের দল বিভক্ত হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। কেবল নিউজিল্যান্ডই নয়, উত্তর আমেরিকাসহ পৃথিবীর অন্যান্য অংশেও জলবায়ুর তীব্র পরিবর্তনের ফলে মৌমাছির স্বাভাবিক আচরণে একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্রাউন আরও যোগ করেন, আজকাল মৌমাছি পালন বেশ অনিশ্চিত হয়ে পড়েছে কারণ আমাদের আবহাওয়া চরম ভাবাপন্ন রূপ নিচ্ছে এবং প্রতিনিয়ত ধরন পাল্টাচ্ছে। প্রতি বছরই কিছুটা পরিবর্তন দেখা গেলেও সাম্প্রতিক সময়গুলোতে এই পার্থক্যের মাত্রা অনেক বেড়ে গেছে। শীতের দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে মৌমাছির চাকে ডিম, লার্ভা ও পিউপাকুড়ির উৎপাদন বেড়ে যায়। যদি এগুলো 'ভারোয়া মাইট' নামক ক্ষতিকারক পরজীবীর আক্রমণের শিকার না হয়, তবে টিকে থাকা মৌমাছিগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং স্বাভাবিক সময়ের আগেই ঝাঁক বাঁধার জন্য প্রস্তুত হয়। ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও পরিবেশবিদ অধ্যাপক ফিল লেস্টার জানান, অকল্যান্ড ছাড়াও ওয়েলিংটনসহ দেশের অন্যান্য প্রান্তেও মৌচাষিরা সক্রিয়ভাবে এই মৌমাছির ঝাঁকগুলো উদ্ধার করছেন। তিনি সতর্ক করে বলেন, অসংরক্ষিত মৌমাছির এই অনিয়ন্ত্রিত ঝাঁক যদি ক্ষতিকর পরজীবী বহন করে, তবে তা স্থানীয় বা বুনো মৌমাছির প্রজাতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া মধু সংগ্রহের ঠিক আগমুহূর্তে মৌমাছি হারিয়ে যাওয়া চাষিদের জন্যও আর্থিক ক্ষতির কারণ। তবে সার্বিক চিত্র বিবেচনা করে এই অস্বাভাবিকতাকে একদম নেতিবাচক হিসেবে দেখতে নারাজ অধ্যাপক লেস্টার। তার মতে, এর একটি ইতিবাচক দিকও রয়েছে। তিনি মনে করেন, এর অর্থ হলো মৌমাছিরা বিগত বছরগুলোর তুলনায় অনেক দ্রুত নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। জলবায়ুর এই রূপান্তর হয়তো সঙ্কেত দিচ্ছে যে, মৌমাছির বংশবৃদ্ধির জন্য এটি একটি অত্যন্ত অনুকূল বছর হতে চলেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream