বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আইপিএল নিলামে একসঙ্গে নাম লেখালেন বাবা-ছেলে

আইপিএল নিলামে একসঙ্গে নাম লেখালেন বাবা-ছেলে

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিল নাম লিখিয়েছেন আইপিএল ২০২৭-এর নিলামে। শেষ পর্যন্ত দুজনই যদি নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান, তাহলে আইপিএলের ইতিহাসে প্রথমবার একই নিলামে দেখা যাবে বাবা-ছেলেকে।তবে বাবা ও ছেলের ভিত্তিমূল্য আলাদা। ৪১ বছর বয়সী মোহাম্মদ নবীর ভিত্তিমূল্য ১ কোটি রুপি। অন্যদিকে, ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে বাবা-ছেলের একসঙ্গে নাম নিবন্ধনের খবর ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।আইপিএলে অবশ্য নতুন নন মোহাম্মদ নবী। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাঁর আইপিএল যাত্রা শুরু হয়। পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। এখন পর্যন্ত আইপিএলে ২৪টি ম্যাচ খেলে ২১৫ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। অভিজ্ঞ এই স্পিন অলরাউন্ডারকে এবারও দলে নিতে আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্যদিকে ছেলে হাসানের সামনে আইপিএলে পা রাখার প্রথম সুযোগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। এবার বিশ্বের সবচেয়ে বড় টি-টুয়েন্টি লিগের নিলামে নাম লিখিয়ে বাবার পথেই হাঁটার স্বপ্ন দেখছেন তরুণ এই ক্রিকেটার। তবে বাবা-ছেলের একসঙ্গে খেলার অভিজ্ঞতা অবশ্য এরই মধ্যে হয়ে গেছে। ২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই দলে খেলেছেন তাঁরা। ১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাবা-ছেলে দুজনই ছিলেন একাদশে। সেদিন হাসান খেলেন ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস। নবী করেছিলেন ১৩ বলে ১৭ রান। চতুর্থ উইকেটে দুজন মিলে ৩০ বলে যোগ করেছিলেন ৫৩ রান। ছেলের হাতে নোয়াখালী এক্সপ্রেসের অভিষেক ক্যাপও তুলে দিয়েছিলেন বাবা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলের হয়ে খেলা প্রথম বাবা-ছেলে জুটি হিসেবে তাঁদের নামও উঠে এসেছে। এবার অবশ্য সামনে নতুন চ্যালেঞ্জ। আইপিএল ২০২৭-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন, বিদেশি ২৮১ জন। অথচ ১০টি দলের সব মিলিয়ে খেলোয়াড় নেওয়ার সুযোগ মাত্র ৬৬টি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা। মিনি নিলামের আগে দলগুলো ধরে রেখেছে মোট ১৮৪ জন ক্রিকেটারকে। নিবন্ধিত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাইয়ের পর প্রকাশ করা হবে চূড়ান্ত নিলাম তালিকা। সেই তালিকায় বাবা ও ছেলের দুজনের নাম থাকবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream