শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজ উদ্দিনের মেয়ে। তিনি খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দুবার পরাজিত হয়ে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। পরে ২০২১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুর পর আলতা বেগমের মানসিক সমস্যা বেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আলতা বেগম। আজ সকালে তাঁকে ডাকলে শরীর খারাপের কথা বলে আবারও শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি প্রায়ই বিষণ্ণতায় থাকতেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream