বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আবারও হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের

আবারও হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।বুধবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্বদিকে একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনটি ধ্বংস করা হয়।তবে কীভাবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, এর ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা এটি কী ধরনের সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান।এদিকে, ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক চালকবিহীন বিমান। এটি দীর্ঘ সময় আকাশে উড়তে পারে। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে হামলাও চালাতে সক্ষম এই ড্রোন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে এটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যে ড্রোন ভূপাতিতের এই দাবি দুই দেশের চলমান সংঘাতের উত্তেজনা আরও বাড়াতে পারে। সূত্র: আল-জাজিরা

ইরানে নতুন হামলার সম্ভাবনা, গোপন তথ্য শেয়ার নেতানিয়াহুর

ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট।বৃহস্পতিবারের ওই বৈঠকে ইরান সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে শেয়ার করেন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইরান নিয়ে বেশ কিছু গোয়েন্দা তথ্য তুলে ধরেন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, এসব তথ্য ইরানে নতুন করে হামলার বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনা সম্পর্কে আইজেনকোটের ধারণা বদলে দিতে পারে।তবে ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়ে আইজেনকোট আগে থেকে কিছু জানতেন না বলে জানিয়েছে চ্যানেল ১২। এদিকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির ইরানে সামরিক অভিযানের পক্ষে থাকলেও বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান। তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত সময় ও পরিস্থিতিতে অভিযান চালানোর পক্ষে জামির। ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়ন, ইরান থেকে তাৎক্ষণিক এমন কোনও হুমকি নেই, যার জন্য নতুন করে হামলা প্রয়োজন। দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধেও জড়াতে চায় না তারা। অন্যদিকে, সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ওয়াশিংটনে গিয়ে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন মোসাদপ্রধান গফম্যান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত তথ্য তুলে ধরার কথা রয়েছে তার। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনও সমঝোতা হতে পারে, যাতে তেহরানের ওপর চাপ কমবে, অথচ দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অমীমাংসিত থেকে যাবে- এমন আশঙ্কাও রয়েছে নেতানিয়াহু সরকারের। সূত্র: আনাদোলু এজেন্সি

ইরানে নতুন হামলার সম্ভাবনা, গোপন তথ্য শেয়ার নেতানিয়াহুর

১০ মিনিটেই ইরানের বাকি স্থাপনা ধ্বংস করা সম্ভব: ট্রাম্প

ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আরও এক বা দুটি স্থাপনায় হামলা চালানো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব স্থাপনার মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাও রয়েছে।ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে ইরানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তার দাবি, দেশটির সামরিক বাহিনী ও পারমাণবিক কর্মসূচির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তাই এখনই নতুন করে হামলা চালানোর কোনো তাড়া নেই যুক্তরাষ্ট্রের।তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলো ধ্বংস করা সম্ভব। এ সময় পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই স্থাপনাটির বিষয়েও ব্যবস্থা নিতে হবে। তার ভাষায়, “আমরা খুব দ্রুতই এসব কাজ করতে পারি।” পিকঅ্যাক্স মাউন্টেনকে ইরানের একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা হিসেবে উল্লেখ করা হয়। তবে সেখানে কোনও ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে- এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলার কথা বলা হচ্ছে। একদিকে আলোচনায় অগ্রগতির কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে ইরানের আরও কিছু স্থাপনায় হামলার সম্ভাবনার কথাও তুলে ধরছেন তিনি। সূত্র: ডন নিউজ

১০ মিনিটেই ইরানের বাকি স্থাপনা ধ্বংস করা সম্ভব: ট্রাম্প

আলোচনা ও হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে এবং হরমুজ প্রণালি আবার খুলে দিতে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত পূরণ না হলে আলোচনায় বসা এবং প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান রাজি নয়।ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি কমানো, জব্দ করা ইরানি অর্থ ফেরত দেওয়া এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্ত তুলে ধরেছিল তেহরান। তবে তখন সব শর্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি।সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শর্তগুলোর বিস্তারিত তুলে ধরেছেন। সেগুলো হলো—1. মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার: গত জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা দিয়েছিল, তা তুলে নিতে হবে।2. মার্কিন সেনা উপস্থিতি কমানো: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমাতে হবে।3. তেল রপ্তানির সুবিধা ফিরিয়ে দেওয়া: জুনে ইসলামাবাদ সমঝোতার আওতায় ইরানকে তেল রপ্তানিতে যে ছাড় দেওয়া হয়েছিল, তা আবার চালু করতে হবে।4. জব্দ করা অর্থ ফেরত: কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের অর্থ ও সম্পদ ফেরত দিতে হবে।5. হরমুজ প্রণালির নতুন নৌপথের স্বীকৃতি: ইরান ও ওমানের নির্ধারণ করা নতুন জাহাজ চলাচলের পথ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে অন্য পথগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে ইরান।6. সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ: লেবাননে ইসরায়েলের হামলাসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে সেপ্টেম্বরে রেজায়ি আরও দুটি দাবির কথা জানিয়েছিলেন। সেগুলো হলো- ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করা। এর মধ্যে ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের এসব শর্ত পূরণ না হলে শান্তি আলোচনা শুরু হবে না এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার পথও তৈরি হবে না- তেহরানের অবস্থান থেকে এমনটাই স্পষ্ট হয়েছে। সূত্র: আল-জাজিরা

আলোচনা ও হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত

বারবার পতনের শঙ্কা, তবুও যেভাবে টিকে আছেন নেতানিয়াহু

ইসরায়েলের রাজনীতিতে তিন দশকেরও বেশি সময় ধরে নানা সংকট মোকাবিলা করে ক্ষমতায় টিকে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনেকবার তার রাজনৈতিক জীবনের অবসানের আশঙ্কা তৈরি হলেও প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন তিনি।তবে এবারের নির্বাচনের ফল তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি টানার সম্ভাবনা তৈরি করেছে। যদিও ইসরায়েলের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এখনই তার বিদায় নিশ্চিত করে বলা যাচ্ছে না।বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রায় ২৬টি আসন নিয়ে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে। কিন্তু তার নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে আনুমানিক ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে চাপে পড়েছেন নেতানিয়াহু।অন্যদিকে, বিরোধী দলগুলো সম্মিলিতভাবে প্রায় ৬৭টি আসন পেতে পারে। এতে তাদের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দলগুলোর মধ্যে আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য থাকায় তাদের ঐক্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ।নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল পেয়েছে ২১টি আসন। তবে আরব দলগুলোকে বাদ দিলে ইহুদি বিরোধী দলগুলোর আসনসংখ্যা মাত্র ৪৮। তাই সরকার গঠন করতে হলে আরব দলগুলোর সমর্থন প্রয়োজন হবে তাদের। ফলে নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা নির্ভর করছে জোটের সমীকরণের ওপর। ইসরায়েলের আরব ভোটারদের প্রতিনিধিত্বকারী রা’আম ও জয়েন্ট লিস্ট দল দুটি মিলে রেকর্ড ১৯টি আসন পেতে পারে। তবে আইজেনকটের ডানপন্থী মিত্র নাফতালি বেনেট ও আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের বিরোধিতা করেছেন। অন্যদিকে জয়েন্ট লিস্ট জানিয়েছে, নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে তারা রাজনৈতিক সহযোগিতায় প্রস্তুত। বিরোধীদের ঠেকাতে নতুন কৌশল? নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরব ও ইহুদি দলগুলোর সহযোগিতায় বিরোধীদের সরকার গঠনের সম্ভাবনা নস্যাৎ করাই এখন তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে বিরোধী আইনপ্রণেতাদের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনাও রয়েছে তার। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে লিকুদ পার্টি আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছে। তবে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীদের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ কোনও নিরাপত্তা সংকট তৈরি বা উসকে দেওয়ার চেষ্টা করতে পারেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানে যৌথ হামলার পক্ষে চাপ দিয়েছিলেন। তবে ইসরায়েলি সেনাপ্রধানের আপত্তিসহ বিভিন্ন কারণে ওয়াশিংটন তখন সিদ্ধান্তটি স্থগিত রাখে। সরকার গঠনের পরবর্তী ধাপ ভোট গণনা শেষ হলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচিত দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী মনোনীত করবেন। সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাই যে মনোনয়ন পাবেন, এমন নয়; বরং যার সরকার গঠনের সম্ভাবনা বেশি, তাকেই বেছে নেওয়া হবে। আরব দলগুলোর সমর্থন পাওয়ায় আইজেনকট এগিয়ে থাকতে পারেন। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। তিনি ব্যর্থ হলে অন্য প্রার্থীকে সুযোগ দেওয়া হবে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে আবার নির্বাচন হতে পারে। এদিকে সরকার গঠন করতে না পারলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিরোধীরা নেসেটের স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনতে এবং আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে। তবে তাদের মধ্যে মতপার্থক্য থাকায় এই ঐক্য ধরে রাখা কঠিন হতে পারে। হারজগ বুধবার নতুন নির্বাচন এড়াতে দলগুলোর প্রতি ‘খোলা মন’ নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক অচলাবস্থায় তার মধ্যস্থতাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন নেতানিয়াহু। সূত্র: সিএনএন

বারবার পতনের শঙ্কা, তবুও যেভাবে টিকে আছেন নেতানিয়াহু

প্রকাশ্যে না এলেও বিচার বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকে মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বিরল বৈঠক করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এজেইর সঙ্গে তার বৈঠকটি কখন ও কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানিয়েছে।ইরানের বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে জনসাধারণের অধিকার রক্ষা, দুর্নীতি দমন এবং এসব ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।এ ছাড়া ‘আমেরিকান-জায়নবাদী অপরাধীদের’ কর্মকাণ্ডের ফলে সৃষ্ট আর্থিক ও নৈতিক ক্ষতির ক্ষতিপূরণ আদায় এবং ক্ষতিগ্রস্তদের অধিকার পুনরুদ্ধারে চলমান উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বৈঠকটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানায়নি বিচার বিভাগের সংবাদমাধ্যমটি। এর আগে মোজতবা খামেনির সঙ্গে অন্য ব্যক্তিদের বৈঠকের খবর প্রকাশিত হলেও সেসব বৈঠকের সময় ও স্থানও জানানো হয়নি। জনসমক্ষে অনুপস্থিত মোজতবা ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে মোজতবা খামেনি মূলত লিখিত বার্তার মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করছেন। এসব বার্তার কয়েকটি তার হাতের লেখা বলে দাবি করে প্রকাশ করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনও ভিডিওবার্তা প্রকাশ করা হয়নি। জনসমক্ষে তার অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হলেও এ বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। বিচার বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকের খবর প্রকাশের মধ্য দিয়ে মোজতবার সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়ে নতুন তথ্য সামনে এল। তবে বৈঠকটি সরাসরি অনুষ্ঠিত হয়েছে কি না, কিংবা এর কোনও ছবি বা ভিডিও রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। গালিবাফের সঙ্গেও বৈঠকের খবর এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে মোজতবা খামেনির বৈঠকের খবর প্রকাশিত হয়। ওই বৈঠকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছিল। বিচার বিভাগের প্রধান এবং প্রধান আলোচকের সঙ্গে এসব বৈঠকের খবর এমন এক সময়ে সামনে এল, যখন ইরান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিংবা যুদ্ধ পরিচালনা ও আলোচনার বিষয়ে কোনও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে কি না, তা প্রকাশ করা হয়নি। ইরানের সর্বোচ্চ নেতার জনসমক্ষে অনুপস্থিতি এবং তার কার্যক্রম সম্পর্কে সীমিত তথ্যের কারণে দেশটির নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট বৈঠকগুলোর খবর বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: ডন নিউজ

প্রকাশ্যে না এলেও বিচার বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকে মোজতবা খামেনি

উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, কোনও পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের সামরিক অবস্থান তুলে ধরে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে আবদোল্লাহি দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর কার্যক্ষমতা কার্যত অকার্যকর করে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনী এখন পারস্য উপসাগরসংলগ্ন জলসীমা কিংবা ইরানের আঞ্চলিক জলসীমার কাছাকাছি আসতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি নিয়েও প্রশ্ন তোলেন এই ইরানি জেনারেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে থাকে, তাহলে একই দাবি বারবার করার প্রয়োজন কেন? আবদোল্লাহি আরও প্রশ্ন তোলেন, ইরানের সামরিক স্থাপনা ও সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে থাকলে মার্কিন যুদ্ধজাহাজগুলো কেন হরমুজ প্রণালির কাছাকাছি যাওয়ার সাহস দেখাচ্ছে না। তিনি বলেন, সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের তৈরি সংকটের আরও গভীরে ঠেলে দেওয়াই ইরানের কৌশল। আবদোল্লাহি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের বারবার দেওয়া বক্তব্য পরস্পরবিরোধী। তার মতে, এসব বক্তব্যের মাধ্যমে বিশ্বজুড়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এগুলো তার নিজস্ব অভিযোগ; ইরানের সামরিক সক্ষমতা কিংবা মার্কিন নৌবাহিনীর কার্যক্ষমতা নিয়ে তার দাবির স্বাধীন যাচাই পাওয়া যায়নি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ, জাহাজ চলাচল এবং বিশ্ববাজারে জ্বালানির দামের ওপর প্রভাব পড়তে পারে। আবদোল্লাহির বক্তব্য এমন এক সময়ে এল, যখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এবং কূটনৈতিক সমাধানের শর্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। ফলে উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে তেহরানের এই হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে এসেছে। সূত্র: আল-জাজিরা

উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সূত্রে দেশটির সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। এ ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।ফার্সের প্রতিবেদনে বলা হয়, মাইনে আঘাত লাগার পর ট্যাংকার দুটি আগুনে জ্বলতে শুরু করে। তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আইআরজিসির বরাতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বড় মূল্য দিতে হবে। আইআরজিসি বলেছে, “যুক্তরাষ্ট্রের এই ঔদ্ধত্যপূর্ণ শাসনের দুষ্টামি অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বেশি মূল্য দিতে হবে।” এদিকে, হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। বাহিনীটির দাবি, সোমবার ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রধান পথ এটি। এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজ চলাচলের ব্যয় এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায়। তবে ট্যাংকারে আগুন লাগা ও মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনাগুলো সম্পর্কে আইআরজিসির দাবির স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। সূত্র: আল-জাজিরা

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড

ইরানের সহায়তায় শক্তিশালী হয়েছে হুতিদের হামলা

ইরানের সহযোগিতায় সৌদি আরব ও ইয়েমেনে তাদের মিত্রদের লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সৌদি আরব ও ইয়েমেনে হুতিবিরোধী জোটের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের সামরিক শক্তি বৃদ্ধিতে ইরানের সহায়তা বড় ভূমিকা রাখছে। এই সহযোগিতার ফলে লোহিত সাগর উপকূলে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা বাড়ানোর পাশাপাশি সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরেও হামলা চালাতে সক্ষম হচ্ছে গোষ্ঠীটি। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে চালানো একটি হামলায় ১৩ জন নিহত হয়। ওই হামলাসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের সাম্প্রতিক আক্রমণগুলো তাদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। এসব হামলার পেছনে ইরানের গোয়েন্দা সহায়তা রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের সহায়তায় হুতিরা শুধু হামলার সক্ষমতাই বাড়াচ্ছে না, ইয়েমেনের সংঘাতপূর্ণ এলাকাগুলোতেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। বিশেষ করে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে তাদের সাম্প্রতিক ভূখণ্ডগত অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে ইয়েমেনের হুতিদের সঙ্গে ইরানের সম্পর্ক ও তাদের সামরিক সহায়তার বিষয়ে তেহরান বরাবরই হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের দাবি, ইয়েমেনের হুতিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নেয় এবং তারা ‘সম্পূর্ণ স্বাধীন সত্তা’ হিসেবে কাজ করে। ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতের অন্যতম পক্ষ হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতিবিরোধী পক্ষকে সমর্থন দিয়ে আসছে। ফলে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত ইয়েমেনের অভ্যন্তরীণ লড়াইয়ের বাইরেও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, হুতিদের সামরিক অভিযানে ইরানের সহায়তার অভিযোগ নতুন করে সামনে আসায় সৌদি আরবের নিরাপত্তা এবং ইয়েমেনের সংঘাত ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে নতুন কোনও বক্তব্য দিয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি। সূত্র: আল-জাজিরা

ইরানের সহায়তায় শক্তিশালী হয়েছে হুতিদের হামলা

আন্তর্জাতিক বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি আরও সংকুচিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।  শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা গত ১৯ মে-এর পর সর্বোচ্চ। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়ে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ৩ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে স্থির হয়। এর আগে গত ১৯ মে ব্রেন্টের দাম সর্বশেষ এতটা উঁচুতে উঠেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ৪৪ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ সেপ্টেম্বরের পর এটিই ছিল ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ দর। চলতি সপ্তাহে রিপোর্ট লেখা পর্যন্ত ব্রেন্টের দাম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বৃদ্ধির হার ব্রেন্টের তুলনায় বেশি ছিল। জ্বালানি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে আগের দরপতন কাটিয়ে আবারও বাড়তে শুরু করে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে। বিশেষ করে সৌদি আরবের মতো বড় উৎপাদক দেশের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়বে। এমন আশঙ্কা থেকেই বাজারে দাম বাড়ার চাপ তৈরি হয়েছে। তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়িয়ে দেয়। আর তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকলে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশের মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনীতিতে। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। ফলে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়লেই তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কার খবরও বাজারে সেই অনিশ্চয়তা বাড়িয়েছে। তবে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরটি প্রতিবেদনে গুঞ্জন হিসেবে উল্লেখ করা হয়েছে; হামলার ঘটনা নিশ্চিত হওয়ার তথ্য দেওয়া হয়নি। তেলের দামের পরবর্তী গতিপথ নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সম্ভাব্য সরবরাহ বিঘ্ন এবং বাজারে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার ওপর। সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে লাগাম টানতে জি৭-এর বড় উদ্যোগ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর জোটটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে চার মাসে প্রায় ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে। পাশাপাশি প্রথম ২০ দিনেই বড় পরিমাণ ডিজেল সরবরাহ করা হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে স্বল্পমেয়াদে তেল ও বিশেষ করে ডিজেলের দাম কিছুটা কমতে পারে। তবে এতে বিশ্ববাজারের সরবরাহ ঘাটতির মূল সমস্যা পুরোপুরি সমাধান হবে না। তাই দীর্ঘমেয়াদে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে আরও বড় ও কার্যকর পদক্ষেপ নিতে হতে পারে। কেন এত বাড়ছে তেল ও ডিজেলের দাম? বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পেছনে মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের দুটি যুদ্ধ বড় ভূমিকা রাখছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। একই সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনা ও শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ আরও কমেছে। ফলে অপরিশোধিত তেলের পাশাপাশি ডিজেলের বাজারেও তৈরি হয়েছে বড় ধরনের চাপ। ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজার অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, জি৭-এর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত বিশেষ করে আন্তর্জাতিক ডিজেলের দামে কিছুটা নিম্নমুখী চাপ তৈরি করতে পারে। তবে এটি সাময়িক সমাধান হওয়ায় সরবরাহ সংকটের কারণে সৃষ্ট সমস্যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে না। গত বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়ে যায়। এর আগেই ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রে গত শুক্রবার এক গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম দাঁড়ায় ৬ দশমিক ৫০ ডলার। এক মাস আগে যা ছিল ৫ দশমিক ৬১ ডলার। কী ঘোষণা দিয়েছে জি৭? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে জি৭ নেতাদের ভিডিও বৈঠকের পর জোটটি জানায়, আইইএ’র মাধ্যমে সমন্বিতভাবে ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। এর আগে আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছিলেন, ৪০ কোটি ব্যারেল জরুরি মজুত ছাড়ার যে সমঝোতা হয়েছিল, তার প্রায় দুই-তৃতীয়াংশ ইতোমধ্যে সদস্য দেশগুলো বাজারে ছেড়েছে। নতুন কর্মসূচির আওতায় জি৭-এর তেল মজুত ছাড়ার প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে এবং চার মাস চলবে। এর মধ্যে প্রথম ২০ দিনেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। তবে কোন দেশ কত পরিমাণ অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়বে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। জি৭ জানিয়েছে, প্রয়োজন হলে আরও ডিজেল মজুত ছাড়ার বিষয়েও আইইএ’র মাধ্যমে আলোচনা হবে। এছাড়া জোটভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানি পণ্য রফতানিতে বিধিনিষেধ না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জি৭ দেশগুলোর তেল শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে, যাতে একই সময়ে একাধিক শোধনাগার বন্ধ হয়ে বাজারে সরবরাহ আরও কমে না যায়। ডিজেলের সংকট কেন এত তীব্র? বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে তিনটি প্রধান কারণের কথা জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তেল শিল্প ও বাজার বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসন। প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ইউরোপ আগে সৌদি আরব ও কুয়েত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করত। দ্বিতীয়ত, ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়া ডিজেল রফতানি বন্ধ করে দিয়েছে। তৃতীয়ত, চীনও ডিজেল রফতানি কমিয়ে দিয়েছে। অন্যদিকে ডিজেলের চাহিদা এখনও তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে কৃষিপণ্যের মৌসুমি সংগ্রহ বা ফসল কাটার সময় ডিজেলের চাহিদা আরও বেড়ে যায়। তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ডিজেল উৎপাদক ও রফতানিকারক। দেশটি বছরে প্রায় ২৪ কোটি ৫ লাখ টন ডিজেল উৎপাদন করে এবং প্রতিদিন প্রায় ১২ লাখ ৬০ হাজার ব্যারেল ডিজেল রফতানি করে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রফতানিকারক। দেশটি প্রতিদিন প্রায় ৭ লাখ ৮৩ হাজার ৪০০ ব্যারেল ডিজেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে। অন্যদিকে সৌদি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল উৎপাদক হলেও দেশটির উৎপাদনের বড় অংশ অভ্যন্তরীণ বাজারেই ব্যবহৃত হয়। জি৭-এর উদ্যোগে কি দাম কমবে? জি৭-এর ঘোষণা আসার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়। পরে আবার তা প্রায় ১০২ ডলারে উঠে আসে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জরুরি মজুত থেকে তেল ছাড়ার ফলে বিশেষ করে ডিজেলসহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের দাম কমতে পারে। জায়ে ক্যাপিটাল মার্কেটসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাইম আসলামও মনে করেন, জি৭-এর উদ্যোগটি বাজারের ওপর তৈরি চাপ কমাতে প্রয়োজনীয় ছিল। তবে তার মতে, কোন দেশ কত মজুত ছাড়বে এবং কোথায় রফতানি নিষেধাজ্ঞা শিথিল করা হবে- এসব বিষয়ে বিস্তারিত কাঠামো বাজারের প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তার ধারণা, সপ্তাহের শেষ দিকে জ্বালানি বাজারের ওপর চাপ কিছুটা কমতে পারে। তবে পরবর্তী কর্মদিবসে বাজার আবার বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাতে পারে। নিল অ্যাটকিনসনের মতে, জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার উদ্যোগ স্বাগত জানানোর মতো হলেও এতে বিশ্ববাজারের মৌলিক সমস্যা সমাধান হচ্ছে না। কারণ যুদ্ধ শুরুর কয়েক মাস পরও বৈশ্বিক অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ডিজেলের দাম বাড়লে কেন সবকিছুর দাম বাড়ে? ডিজেলের দাম বাড়ার প্রভাব শুধু পরিবহন খাতে সীমাবদ্ধ থাকে না। কারণ বিশ্বের অর্থনীতির বড় একটি অংশ সরাসরি ডিজেলনির্ভর। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক কাউন্সিলের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক শ্নাইডারের মতে, পেট্রল মূলত ব্যক্তিগত গাড়িতে ব্যবহৃত হলেও ডিজেল ব্যবহার হয় ট্রাক, মালবাহী ট্রেন, জাহাজ, ট্রাক্টর, ফসল কাটার যন্ত্র, নির্মাণ ও খনিশিল্পের যন্ত্রপাতি এবং জরুরি বিদ্যুৎ উৎপাদনের জেনারেটরে। ফলে ডিজেলের দাম বেড়ে গেলে পরিবহন ও উৎপাদন ব্যয় একসঙ্গে বাড়ে। এর প্রভাব পড়ে খাদ্য, নির্মাণসামগ্রী এবং ট্রাকে পরিবহন করা প্রায় সব ধরনের পণ্যের দামে। কৃষকেরা এ ক্ষেত্রে দ্বিগুণ চাপের মুখে পড়ছেন। একদিকে ডিজেলের দাম বাড়ছে, অন্যদিকে সারও ব্যয়বহুল হয়ে উঠছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে উভয় পণ্যের সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, ডিজেলের উচ্চ দাম কার্যত উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত করের মতো কাজ করে। এতে একদিকে মূল্যস্ফীতি বাড়ে, অন্যদিকে পরিবহন ও কৃষিখাতের মুনাফা কমে যায়। ফলে অর্থনীতিতে ‘স্ট্যাগফ্লেশন’ বা একই সঙ্গে মূল্যস্ফীতি ও দুর্বল প্রবৃদ্ধির ঝুঁকিও বাড়তে পারে। ট্রাম্পের ওপরও বাড়ছে চাপ যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে যাওয়া ট্রাম্প প্রশাসনের জন্যও রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করেছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় জ্বালানির বাড়তি দাম ভোটারদের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রিপাবলিকানদের মধ্যেও উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার ডিজেল ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানান। এরপর বৃহস্পতিবার তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার আহ্বান জানাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইউরোপকে দ্রুত জরুরি মজুত ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। এমনকি ইউরোপ মজুত না ছাড়লে যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি নিষিদ্ধ করতে পারে বলেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন। তবে শুক্রবার তিনি জানান, যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করবে না। তার ভাষ্য, এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবে কখনোই চূড়ান্ত পরিকল্পনার অংশ ছিল না। জি৭-এর ঘোষণার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইউরোপ বিপুল পরিমাণ মজুত ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে এবং প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চ ডিজেলের দাম মোকাবিলায় ট্রাম্প প্রশাসন একটি নির্বাহী আদেশ জারির প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। সামনে কী হতে পারে? বিশ্লেষকদের মতে, জি৭-এর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাজারে কিছুটা স্বস্তি দিতে পারে। বিশেষ করে ডিজেলের সরবরাহ বাড়লে পরিবহন, কৃষি ও শিল্প খাতে তাৎক্ষণিক চাপ কিছুটা কমতে পারে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকা, হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি পরিবহনে বাধা, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা এবং চীনের ডিজেল রফতানি কমে যাওয়ার মতো বিষয়গুলো অব্যাহত থাকলে বাজারের মৌলিক সরবরাহ সংকট থেকেই যাবে। অর্থাৎ জরুরি মজুত থেকে তেল ছাড়ার ফলে বাজারে সাময়িক স্বস্তি এলেও বিশ্বজুড়ে জ্বালানির দাম স্থায়ীভাবে কমানোর জন্য যুদ্ধজনিত সরবরাহ সংকটের সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সূত্র: আল-জাজিরা

বিশ্ববাজারে তেলের দামে লাগাম টানতে জি৭-এর বড় উদ্যোগ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream