শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের পুরাণবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির দায়ে মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় হোটেলে সংরক্ষিত পচা ও বাসি খাবার ধ্বংস করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream