বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
উদ্যোক্তা দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আইএসইউতে ‘বিজভেঞ্চার ২০২৬’

উদ্যোক্তা দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আইএসইউতে ‘বিজভেঞ্চার ২০২৬’

মোহাম্মদ মাসুদ মজুমদার:‎‎শিক্ষার্থীদের ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার ধারণাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘বিজভেঞ্চার ২০২৬’। আইএসইউ বিজনেস ক্লাব আয়োজিত ‘লার্ন- কানেক্ট- লিড’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ফেস্টে শিক্ষার্থীরা বিভিন্ন খাবার, পোশাক ও বাহারি পণ্যের স্টল পরিচালনা করেন।‎‎বুধবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউ বিজনেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। এতে শিক্ষার্থীরা পণ্য নির্বাচন, মূল্য নির্ধারণ, বিপণন, বিক্রয় ও গ্রাহকসেবাসহ ব্যবসায় পরিচালনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করে।‎‎স্টল পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, দায়িত্ব বণ্টন, গ্রাহকের চাহিদা বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা চর্চা করে। ফলে আয়োজনটি শ্রেণিকক্ষে শিক্ষার পাশাপাশি বাস্তব জগতে ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ তৈরি করেছে।‎‎উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে উঠবে। ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে আইএসইউ বিজনেস ক্লাব ‘উদ্যোক্তা তৈরির পাওয়ার হাউজ’ হিসেবে কাজ করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।‎বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচটিএম কাদের নেওয়াজ বলেন, নতুন নতুন ব্যবসায়িক ধারণা ও উদ্যোগ আজকের আয়োজনের মাধ্যমে উঠে আসবে। পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার কীভাবে ব্যবসায়কে আরও সমৃদ্ধ ও আধুনিক করা যায়, সে বিষয়েও শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।‎‎আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক বলেন, চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা গড়ে তোলাই বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ এবং কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা তৈরি করবে।‎‎আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিজভেঞ্চার ২০২৬-এর মাধ্যমে সেলস স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং ও কাস্টমার রিলেশনশিপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। ক্লাসে শেখা বিষয়গুলো স্টলে প্রয়োগ করে কাস্টমারের চাহিদা বোঝা, পণ্য উপস্থাপন ও বিক্রয়ের কৌশল সম্পর্কে নতুন অভিজ্ঞতা পেয়েছে তারা। তাদের মতে, এ ধরনের আয়োজন ভবিষ্যতে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে কাজ করার আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‎‎শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের ব্যবসায়িক চিন্তা, নতুন উদ্যোগ ও দক্ষতা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে বিজভেঞ্চার ২০২৬ শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।‎‎উৎসবমূখর এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream