বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল। জবাবদিহিতা থাকায় বর্তমান সরকারের আমলে সেই সুযোগ নেই। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আবার অনেক দরিদ্র পরিবার বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। তাই শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে আয়োজকদের গবেষণা গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন উঠে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য ধরে না নিয়ে তা যাচাই-বাছাই করা জরুরি। ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী। নিজেদের চাহিদা মেটানোর পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তাই হতাশ হওয়ার কিছু নেই। দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে। এ ধরনের বক্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। রিজভী বলেন, দেশে আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের কোনো প্রয়োজন নেই। প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেই বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মত দেন। অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকা নিয়েও রুহুল কবির রিজভী বলেন, যুবকদের সুসংগঠিত থাকতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা কোনো ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়াবে না। একই সঙ্গে যুবকরা যেন মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। রিজভী বলেন, যুবদল এই ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যুবসমাজের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream