ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট নিম্ন আদালতের দেয়া ১৬ জনের মৃত্যুদণ্ডের রায় সংশোধন করে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এছাড়া ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীম।চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরাধে সরাসরি সম্পৃক্ততার চূড়ান্ত প্রমাণ না পাওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।২০১৯ সালের ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা কর্তৃক শ্লীলতাহানির শিকার হন নুসরাত। এ নিয়ে মামলা হলে সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে ব্যর্থ হয়ে ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযুক্ত ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির পর হাইকোর্ট আজ এই চূড়ান্ত রায় দিলেন।